img

২০ হাজার টাকায় সৌদি প্রবাসীদের দেশে ফেরার সুযোগ

প্রকাশিত :  ১১:৪৮, ৩০ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:১৫, ৩০ জানুয়ারী ২০২৬

২০ হাজার টাকায় সৌদি প্রবাসীদের দেশে ফেরার সুযোগ

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য স্বল্পমূল্যে বিমান টিকিট প্রদানের বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ উদ্যোগের আওতায় প্রবাসীরা মাত্র ২০ হাজার ৫০০ টাকায় সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার সুযোগ পাবেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় প্রবাসীবান্ধব এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে যে, মূলত প্রবাসী শ্রমিকদের যাতায়াত খরচ কমিয়ে স্বস্তি প্রদান এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই বিশেষ প্রকল্পের বিস্তারিত তুলে ধরে জানান, সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট এই সুলভ মূল্যে বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সাধারণত হজ ফ্লাইট পরিচালনার সময় ফিরতি বা যাওয়ার পথে বিমানকে একমুখী ফাঁকা ফ্লাইট চালাতে হয়, যা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 

নতুন এই পরিকল্পনার মাধ্যমে সেই ফাঁকা আসনগুলোকে কাজে লাগানো হবে, যার ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকারও বেশি নিট মুনাফা অর্জনের এক বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। এতে একদিকে যেমন প্রবাসীরা উপকৃত হবেন, অন্যদিকে জাতীয় পতাকাবাহী বিমানটিও আর্থিকভাবে শক্তিশালী হবে।

মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে ওয়ান ওয়ে বা একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। এছাড়া যারা আসা-যাওয়া বা রিটার্ন টিকিট সংগ্রহ করতে চান, তাদের জন্য মদিনা-ঢাকা-মদিনা এবং জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে সর্বনিম্ন ভাড়া পড়বে ৪২ হাজার টাকা। 

সৌদি আরব থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে এই বিশেষ ভাড়ার সুবিধা ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। অন্যদিকে, বাংলাদেশ থেকে সৌদি আরবে পুনরায় ফিরে যাওয়ার ক্ষেত্রে প্রবাসীরা এই সুবিধা ভোগ করতে পারবেন ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। নির্দিষ্ট এই সময়ের বাইরে সাধারণ ভাড়ার হার কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এই যুগান্তকারী উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর সঠিক তদারকির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, অতীতে অনেক ভালো উদ্যোগ কেবল সঠিক ব্যবস্থাপনার অভাবে ব্যর্থ হয়েছে, তাই এবার যেন সাধারণ প্রবাসীরা এই সুবিধাটি শতভাগ ভোগ করতে পারেন তা নিশ্চিত করতে হবে। 

উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত ভবিষ্যতে প্রবাসীদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এই পদক্ষেপের ফলে সৌদি আরবে কর্মরত কয়েক লাখ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ এর আরও খবর

img

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন

প্রকাশিত :  ১১:০৮, ২৫ জুন ২০২৬

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে। প্রাথমিকভাবে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা ও সিলেট থেকে আবেদন করা যাবে। এ সময় মেডিকেল ভিসার প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে এর পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান দীনেশ ত্রিবেদী।

এর আজ সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিজের পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী।

এর আগে শুক্রবার (১২ জুন)  তিনি পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল পৌঁছালে শূন্যরেখায় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা। গত ৫ জুন দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ক্রেডেনসিয়াল গ্রহণ করেন তিনি।

ভারতের জাতীয় রাজনীতির পরিচিত মুখ দীনেশ ত্রিবেদীর জন্ম ১৯৫০ সালে নয়াদিল্লিতে। গুজরাটি বংশোদ্ভূত হলেও তার বেড়ে ওঠা কলকাতায়। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে রয়েছে তার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসে সক্রিয় থাকার পর ২০২১ সালে বিজেপিতে যোগ দেন দীনেশ ত্রিবেদী। পশ্চিমবঙ্গ থেকে একাধিকবার রাজ্যসভা ও লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে তার নিয়োগের ঘোষণা দেয় নয়াদিল্লি। তিনি প্রণয় কুমার ভার্মারের স্থলাভিষিক্ত হলেন।


বাংলাদেশ এর আরও খবর