img

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

প্রকাশিত :  ১৯:১২, ২১ জুন ২০২৬

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেলিমা আহমাদ মেরীর চাচাতো ভাই মিনহাজ আল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সেলিমা আহমাদ মেরী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোমনা পৌরসভার সাবেক মেয়র ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। 

সেলিমা আহমাদ মেরী দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ এর সহধর্মিণী ছিলেন। সেলিমা আহমাদ মেরী নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ ওমেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন এবং নারী উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এ ছাড়া তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন।

তার মৃত্যুতে রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


বাংলাদেশ এর আরও খবর

img

নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ১ লক্ষ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা জব্দ

প্রকাশিত :  ১৭:৩৮, ২২ জুন ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তবর্তী কাজু বাদাম বাগান নামক স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১,০০,৭৯০ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।

আজ (২২ জুন) আনুমানিক সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল সীমান্ত পিলার ৪৭/৩-এস এর নিকটবর্তী  বাংলাদেশের অভ্যন্তরে ‘কাজু বাদাম বাগান’ এলাকায় গোপনে অবস্থান নেয়। এ সময় কয়েকজন চোরাকারবারী মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে চোরাকারবারীরা তাদের বহনকৃত ইয়াবার চালান ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০টি কার্টনে রাখা মোট ১,০০,৭৯০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লক্ষ ৩৭ হাজার টাকা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”