img

একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

প্রকাশিত :  ০৯:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬

একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্প তিনটির অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো— মেট্রো রেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রো রেল লাইন-১ এবং মেট্রো রেল লাইন-৫ নর্দান রুট।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তিনটি মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

প্রকল্পগুলোর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব রয়েছে।
পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্প অনুমোদন পেয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, শুরুতে একনেকের মূল এজেন্ডায় শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি উপস্থাপনের কথা ছিল। তবে পরে সমন্বিত অগ্রগতির বিষয়টি বিবেচনায় নিয়ে জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা।
২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

আর ১৩ দশমিক ১০ কিলোমিটার পাতালপথসহ মোট ১৭ দশমিক ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।

জাতীয় এর আরও খবর

img

বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত :  ০৬:২১, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬: আজ বুধবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সদর সংলগ্ন বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন। বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম এবং সহকারী পরিচালক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত সম্মিলিত প্রচেষ্টায় ভোর পৌনে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

অগ্নিকাণ্ডে বাজারের আনুমানিক ১০–১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০–৫০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। 

আগুন নিয়ন্ত্রণে বিজিবির তাৎক্ষণিক ও সমন্বিত তৎপরতায় বাজারের অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।

-প্রেস বিজ্ঞপ্তি


জাতীয় এর আরও খবর