img

ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড

প্রকাশিত :  ০৭:৫০, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:২০, ১২ সেপ্টেম্বর ২০২৬

ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড

লিওনেল মেসির দীর্ঘ ও বর্ণময় ফুটবল ক্যারিয়ারে রেকর্ডের শেষ নেই। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক রেকর্ডে নতুন করে ভাগ বসাচ্ছেন অন্যরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন মেসিরই স্বদেশি তরুণ ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুওনো।

গত রাতে দুর্দান্ত এক কীর্তির মাধ্যমে মেসির গড়া রেকর্ডের একটি নিজের করে নিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। ফলে ফুটবলবিশ্বে আবারও আলোচনায় এসেছে মেসির রেকর্ড ভাঙার নতুন অধ্যায়।

শুক্রবার রাতে ভেনেজিয়ার বিপক্ষে মাস্তানতুওনোর দল ফিওরেন্তিনা জিতেছে ৪-২ গোলে। হ্যাটট্রিক করে এতে বড় অবদানই রেখেছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। আর তাতেই তিনি ভেঙে দিয়েছেন মেসির ১৯ বছরের পুরোনো এক রেকর্ড।

ভেনেজিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে হ্যাটট্রিক করা সবচেয়ে কম বয়সি আর্জেন্টাইন খেলোয়াড় হয়ে গেছেন।

রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় খেলতে আসা এই উইঙ্গারের বয়স এখন ১৯ বছর ২৮ দিন। ২০০৭ সালের ১০ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই সময়ে মেসির বয়স ছিল ১৯ বছর ২৫৯ দিন। গত রাতে হ্যাটট্রিক করার সময় মাস্তানতুওনোর বয়স ছিল তার চেয়েও ২৩১ দিন কম।

গত মাসে মাদ্রিদ থেকে এক মৌসুমের জন্য ধারে ফিওরেন্তিনায় আসেন মাস্তানতুওনো। শুক্রবারের গোলগুলোই ছিল ফিওরেন্তিনার হয়ে তার প্রথম গোল। এই জয়ের ফলে ইতালিয়ান ক্লাবটি এবারের মৌসুমে প্রথম পয়েন্ট পেল।

এই হ্যাটট্রিকের মাধ্যমে মাস্তানতুওনো গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৫ ম্যাচে করা মোট গোলসংখ্যার সমান গোল করে ফেললেন একদিনেই।

ভেনেজিয়াও নিজেদের প্রথম তিনটি ম্যাচ হেরেছিল। ২২ মিনিটে প্রথম গোল করে তারাই এগিয়ে যায়। মার্কিন মিডফিল্ডার জিয়ানলুকা বুসিওর দারুণ বিল্ডআপের পর ডান পায়ের নিখুঁত শটে গোল করেন নাইজেরিয়ার আকোর আদামস।

কিন্তু প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যে মাত্র এক মিনিট ৩৮ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করেন মাস্তানতুওনো। এতে বিরতির আগেই এগিয়ে যায় ফিওরেন্তিনা। এর মধ্য দিয়ে তিনি ফিওরেন্তিনার হয়ে এক ম্যাচে একাধিক গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়ে যান।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে নিজের গোল করে দলের ব্যবধান ৩-১ করেন মাতেও পেলেগ্রিনো। টানা দুই ম্যাচে এটি তার দ্বিতীয় গোল। এরপর ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মাস্তানতুওনো।

শেষ দিকে ভেনেজিয়ার হয়ে একটি গোল শোধ করেন আঁতোয়ান এনো। কিন্তু এই হারের ফলে ভেনেজিয়া রইল পয়েন্টশূন্য এবং ২০ দলের টেবিলে সবার নিচে। অন্যদিকে ফিওরেন্তিনা উঠে এসেছে ১৫তম স্থানে।

রিভার প্লেট ক্লাব থেকেই মাস্তানতুওনোর তারকাখ্যাতির শুরু। মাত্র ১৬ বছর বয়সে ক্লাবটির হয়ে সিনিয়র দলে অভিষেক হয় তার। ২০২৫ সালের জুনে তিনি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হন।

মাদ্রিদে যোগ দেওয়ার সময় তিনি বিশ্ব ফুটবলের সবচেয়ে চাহিদাসম্পন্ন তরুণ প্রতিভাদের একজন ছিলেন। ২০২৫ সালের জুনে রিভার প্লেট থেকে ছয় বছরের চুক্তিতে তিনি মাদ্রিদে যোগ দেন। এই সময় পিএসজিকে পেছনে ফেলে তাকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ।

তবে স্পেনে গত মৌসুমে তার সময়টা ভালো কাটেনি। বার্নাব্যুতে নিজের ছাপ রাখতে সংগ্রাম করতে হয় তাকে। এই কারণে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার দলেও জায়গা হয়নি তার।

সূত্র-ইএসপিএন


জাতীয় এর আরও খবর

img

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশিত :  ১১:০০, ১২ সেপ্টেম্বর ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ১৯ জনে দাঁড়াল। গত একদিনে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯১৯ জন ও হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮১৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এই সময়ে মোট ২০ হাজার ৬ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন ছাড়পত্র পেয়েছেন।


জাতীয় এর আরও খবর