আলিয়া-দীপিকার প্রসঙ্গ টেনে নিজের অবস্থান জানালেন রাধিকা
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে নারীপ্রধান সিনেমার বক্স অফিস সাফল্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন । তার মতে, নারী অভিনীত সিনেমার ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনা এখনো সীমিত। আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের ক্ষেত্রে প্রেক্ষাগৃহে ভালো সূচনা পাওয়ার আশা করা গেলেও, অন্য অভিনেত্রীদের জন্য সেই সুযোগ অনেকটাই কম।
সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজ ও সিনেমার মুক্তি নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন রাধিকা।
রাধিকার অভিনীত বেশির ভাগ কাজ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ‘স্যাক্রেড গেমস’, ‘ঘুল’, ‘মিসেস আন্ডারকভার’, ‘সালি মোহাব্বত’ ও ‘মনিকাঃ ও মাই ডার্লিং’-এর মতো কাজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেল কি না, তা নিয়ে খুব একটা ভাবেন না অভিনেত্রী।
রাধিকা বলেন, ‘আমি কোনো কাজ বেছে নেওয়ার সময় সেটা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, নাকি ওটিটিতে—এটা বিবেচনা করি না। বিষয়টি নিয়ে আমার খুব একটা মাথাব্যথা নেই। এর সঙ্গে অনেক ব্যবসায়িক সিদ্ধান্ত জড়িত। আমি বরং চাই, সিনেমাটি যেকোনোভাবে মুক্তি পাক।’
নারীপ্রধান সিনেমার বক্স অফিস সম্ভাবনা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি প্রধান চরিত্রে থাকলে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি হয়তো ভালো ব্যবসা করবে না, এমনকি সেটি খুব ভালো সিনেমা হলেও। আমি আলিয়া ভাট বা দীপিকা পাড়ুকোন নই, যাদের সিনেমা অন্তত ভালো উদ্বোধনী আয়ের আশা তৈরি করতে পারে।’
রাধিকার মতে, নারীপ্রধান সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে অনিশ্চয়তার কারণে অভিনেত্রীদের অনেক সময় পুরুষপ্রধান সিনেমায় কাজ করতে হয়। তবে এমন পরিস্থিতিতে কাজ করতে তিনি আগ্রহী নন।
তিনি বলেন, ‘আমি খুব সৎভাবে বলছি, এর অর্থ হলো আমাকে এমন সিনেমায় কাজ করতে হবে, যেখানে পুরুষেরা প্রধান চরিত্রে থাকবেন।’
বর্তমানে সিনেমায় সহিংসতার প্রবণতা নিয়েও নিজের অস্বস্তির কথা জানিয়েছেন রাধিকা। তিনি বলেন, এ ধরনের সিনেমা এখন ব্যবসায়িকভাবে ভালো করছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এসব সিনেমার প্রতি আগ্রহী নই।’
রাধিকা আপ্তেকে আগামীতে দেখা যাবে ‘আক্কা’ সিরিজে। কীর্তি সুরেশ অভিনীত সিরিজটি ৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা। সম্প্রতি নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ৩’-এও অভিনয় করেছেন তিনি, সেখানে তার সহশিল্পী ছিলেন কঙ্কনা সেন শর্মা। সূত্র: আউটলুক ইন্ডিয়া



















