img

শেয়ার কারসাজির দায়ে হিরু ও তার স্ত্রীর ১৯ কোটি টাকা জরিমানা

প্রকাশিত :  ১৬:১২, ০৪ মার্চ ২০২৫

শেয়ার কারসাজির দায়ে হিরু ও তার স্ত্রীর ১৯ কোটি টাকা জরিমানা

বিমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক মো. আবুল খায়ের হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভকে মোট ১৯ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারের দাম কারসাজি করে বাড়ানো হয়। কোম্পানিরর শেয়ার কারসাজিতে হিরু, তার স্ত্রী ও ব্যবসায়িক প্রতিষ্ঠান একাধিক বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলে সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে মুনাফা হাতিয়ে নিয়েছেন।

শেয়ারবাজারে কয়েক বছর ধরে গুঞ্জন ছিল এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করেছিল হিরু ও তার সহযোগীরা। অবশেষে তদন্ত সাপেক্ষে কোম্পানির শেয়ার কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনেছে বিএসইসি।

এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(৫) এর ক্ষমতাবলে মো. আবুল খায়ের হিরুকে ৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(২) ও সেকশন ১৭(ই)(৫) এর ক্ষমতাবলে ডিআইটি কো-অপারেটিভকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(২), সেকশন ১৭(ই)(৩) ও সেকশন ১৭(ই)(৫) এর ক্ষমতাবলে কাজী সাদিয়া হাসানকে ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সে হিসেবে অভিযুক্তদের মোট ১৯ কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

আবুল খায়ের হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভ যোগসাজস করে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার সিরিজ ট্রানজেকশন (লেনদেন) করে। কারসাজির সঙ্গে জড়িতরা ২০২০ সালের ২২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বাড়ায়। এ সময়ের মধ্যে কোম্পানির শেয়ারের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকায় নিয়ে যাওয়া হয়। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারের দাম ৫৪ টাকা বা ৯০.১৭ শতাংশ বেড়ে যায়।

৩১তম বিসিএস (সমবায়) ক্যাডারের কর্মকর্তা আবুল খায়ের হিরু দশ বছর আগে বিনিয়োগকারীদের কাছে খুব একটা পরিচিত ছিলেন না। তবে, গত পাঁচ বছরে তিনি ও তার সহযোগীরা শেয়ারবাজারে আলোচিত এবং সমালোচিত বিনিয়োগকারীরূপে পরিচিতি পেয়েছেন, যেন তারা আলাদিনের চেরাগ নিয়ে হাজির হয়েছেন।

সম্প্রতি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এবং এনআরবিসি ব্যাংকের শেয়ার কারসাজির ঘটনায় আবুল খায়ের হিরুকে ৫ কোটি ৬ লাখ টাকা, তার প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভকে ২ কোটি ৮৮ লাখ টাকা এবং তার স্ত্রী কাজী সাদিয়া হাসানকে ২ কোটি ৮৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, হিরুর ব্যবসায়িক পার্টনার বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানকেও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ার কারসাজির দায়ে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

img

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

প্রকাশিত :  ০৯:১৩, ১৯ মে ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতির উন্নতির কারণে স্বর্ণের বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ কমেছে।

রয়টার্স বলছে, সাম্প্রতিক অস্থিরতার পর বিনিয়োগকারীরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন। ঠিক এই কারণে স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৬০.৩৯ ডলারে দাঁড়িয়েছে। তবে জুন ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস ০.১ শতাংশ বেড়ে ৪,৫৬৩.৫০ ডলার হয়েছে। 

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের মূল নজর এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের এপ্রিল বৈঠকের কার্যবিবরণীর দিকে। বুধবার প্রকাশিত হতে যাওয়া এ নথি থেকে সুদের হার নিয়ে ভবিষ্যৎ নীতির ইঙ্গিত মিলতে পারে। তাই নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে ঝুঁকেছে তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। যাতে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ তৈরি হয়। ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনে নতুন শান্তি প্রস্তাব পাঠানোর পর এই সিদ্ধান্ত আসে।

এতে তেলের দাম ২ শতাংশের বেশি কমে যায় এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে। যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। স্পট সিলভার ১.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬.৬৩ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০.৫ শতাংশ কমে ১,৯৬৯.৮৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ কমে ১,৪০১.৭৪ ডলারে দাঁড়িয়েছে।


অর্থনীতি এর আরও খবর