img

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আরও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

প্রকাশিত :  ১০:০৩, ০৯ মে ২০২৬

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আরও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নকে ত্বরান্বিত করতে নতুন করে গড়ে তোলা হচ্ছে বৃহৎ শিল্পপার্ক। যেখানে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শিল্পমন্ত্রী বলেন, দ্রুত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনে আরও  শিল্পনগরী গড়ে তোলা হবে।

আজ শনিবার সকালে ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। 

শিল্পমন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে একটি ইপিজেড রয়েছে, যেখানে শিল্প উদ্যোক্তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। নতুন যে বিসিক শিল্পনগরী নির্মাণ করা হচ্ছে, সেখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী গড়ে তোলা হবে। ইতোমধ্যে বেশ কয়েকজন শিল্প উদ্যোক্তার সঙ্গে কথা হয়েছে, তারা প্লট নিয়ে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আর সেই লক্ষ্যেই নতুন কলকারখানা ও বিনিয়োগ বাড়ানো হচ্ছে। নতুন করে প্রায় ৫০ একর জায়গাজুড়ে ঠাকুরগাঁও শিল্প পার্ক নির্মাণ করা হচ্ছে, যেখানে ২৫১টি প্লট থাকবে। এসব প্লটে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। কেউ হয়তো দুই, তিন কিংবা চারটি প্লট নিয়েও শিল্প স্থাপন করবেন। 

মন্ত্রী আরও বলেন, এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও শিল্পনগরী গড়ে তোলা হবে, যাতে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং বিদ্যমান জনশক্তির দক্ষতা বৃদ্ধি করা। সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।ঠাকুরগাঁওয়ের নতুন শিল্পনগরী পরিদর্শনও সেই কার্যক্রমেরই একটি অংশ।

শিল্পমন্ত্রী আরও বলেন, কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে নতুন নতুন রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে আলুভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দেশে ব্যাপক পরিমাণে আলু উৎপাদিত হলেও রপ্তানিযোগ্য আলুর ঘাটতি রয়েছে। তাই রপ্তানিযোগ্য আলুর নতুন জাত উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়া হবে এবং ইনশাল্লাহ আমরা সেটি আগামী দিনে অর্জন করব। 

পরে শিল্পমন্ত্রী ঠাকুরগাঁও পুরাতন বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানা পরিদর্শন করেন।

এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, বিসিক শিল্পনগরীর উদ্যোক্তা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


img

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দরপতন: ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক

প্রকাশিত :  ১৭:৩৯, ২৪ জুন ২০২৬

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ হিসেবে আলোচনায় আসার মাত্র ১২ দিনের মাথায় সেই খেতাব হারিয়েছেন। স্পেসএক্স ও টেসলার শেয়ারের বড় ধরনের দরপতনের ফলে তার সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ওয়াল স্ট্রিটে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে ব্যাপক পতনের প্রভাবে মাস্কের ব্যক্তিগত সম্পদ থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলার কমে গেছে।

এর ফলে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে পাওয়া তার সাম্প্রতিক স্বীকৃতি টিকিয়ে রাখা সম্ভব হয়নি।

গত ১২ জুন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে (আইপিও) আসার পর মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ার হওয়ার রেকর্ড গড়েন। তার সম্পদ ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।

গত ১৬ জুন লেনদেনের সময় স্পেসএক্সের শেয়ারের দাম ৪০ শতাংশ বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে মাস্কের সম্পদের পরিমাণ রেকর্ড ১.৪৫ ট্রিলিওন ডলারে দাঁড়ায়। কিন্তু এর পরপরই স্পেসএক্সের শেয়ারের দাম প্রায় ৩০ থেকে ৩১ শতাংশ কমে যায়।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্সের শেয়ারের এই টানা তিন দিনের পতনে কোম্পানিটির বাজারমূল্য ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার থেকে ৯২৮ বিলিয়ন ডলার কমে মাত্র ২ ট্রিলিয়ন ডলারের কিছু বেশিতে নেমে এসেছে।

অন্যদিকে, মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দামও এক দিনে ৫ দশমিক ৮ শতাংশ কমে যায়, যার ফলে কোম্পানিটির বাজারমূল্য ৮৯ বিলিয়ন ডলার হ্রাস পায়।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের নিট সম্পদের পরিমাণ ৯৫৭ দশমিক ১ বিলিয়ন ডলার। আর ফোর্বসের হিসাব বলছে মঙ্গলবার দিন শেষে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬২ বিলিয়ন ডলার।

টেলিগ্রাফ জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারগুলোর অতিরিক্ত মূল্যায়নের উদ্বেগের কারণে মাইক্রন এবং এনভিডিয়ার মতো কোম্পানিগুলোর শেয়ারেরও দরপতন হয়েছে, যা ওয়াল স্ট্রিটের এই সামগ্রিক ধসে ভূমিকা রেখেছে।

 


অর্থনীতি এর আরও খবর