img

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

প্রকাশিত :  ১৬:৩৫, ২৪ জুন ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়ে ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারের সমান।
একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১.৫৫ বিলিয়ন ডলার।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
এর আগে ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলার। আর ২২ জুন গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার, যেখানে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার।
ধারাবাহিকভাবে কয়েকদিনের ব্যবধানে রিজার্ভ বৃদ্ধির এই প্রবণতা লক্ষ করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি এবং আমদানি ব্যয়ের চাপ কিছুটা কমায় রিজার্ভে এই ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে।

img

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দরপতন: ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক

প্রকাশিত :  ১৭:৩৯, ২৪ জুন ২০২৬

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ হিসেবে আলোচনায় আসার মাত্র ১২ দিনের মাথায় সেই খেতাব হারিয়েছেন। স্পেসএক্স ও টেসলার শেয়ারের বড় ধরনের দরপতনের ফলে তার সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ওয়াল স্ট্রিটে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে ব্যাপক পতনের প্রভাবে মাস্কের ব্যক্তিগত সম্পদ থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলার কমে গেছে।

এর ফলে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে পাওয়া তার সাম্প্রতিক স্বীকৃতি টিকিয়ে রাখা সম্ভব হয়নি।

গত ১২ জুন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে (আইপিও) আসার পর মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ার হওয়ার রেকর্ড গড়েন। তার সম্পদ ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।

গত ১৬ জুন লেনদেনের সময় স্পেসএক্সের শেয়ারের দাম ৪০ শতাংশ বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে মাস্কের সম্পদের পরিমাণ রেকর্ড ১.৪৫ ট্রিলিওন ডলারে দাঁড়ায়। কিন্তু এর পরপরই স্পেসএক্সের শেয়ারের দাম প্রায় ৩০ থেকে ৩১ শতাংশ কমে যায়।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্সের শেয়ারের এই টানা তিন দিনের পতনে কোম্পানিটির বাজারমূল্য ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার থেকে ৯২৮ বিলিয়ন ডলার কমে মাত্র ২ ট্রিলিয়ন ডলারের কিছু বেশিতে নেমে এসেছে।

অন্যদিকে, মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দামও এক দিনে ৫ দশমিক ৮ শতাংশ কমে যায়, যার ফলে কোম্পানিটির বাজারমূল্য ৮৯ বিলিয়ন ডলার হ্রাস পায়।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের নিট সম্পদের পরিমাণ ৯৫৭ দশমিক ১ বিলিয়ন ডলার। আর ফোর্বসের হিসাব বলছে মঙ্গলবার দিন শেষে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬২ বিলিয়ন ডলার।

টেলিগ্রাফ জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারগুলোর অতিরিক্ত মূল্যায়নের উদ্বেগের কারণে মাইক্রন এবং এনভিডিয়ার মতো কোম্পানিগুলোর শেয়ারেরও দরপতন হয়েছে, যা ওয়াল স্ট্রিটের এই সামগ্রিক ধসে ভূমিকা রেখেছে।

 


অর্থনীতি এর আরও খবর