img

তাহলে সান্তোসেই থাকছেন নেইমার!

প্রকাশিত :  ২২:১৮, ২৪ জুন ২০২৫

তাহলে সান্তোসেই থাকছেন নেইমার!

নেইমার মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। ব্রাজিলের ফুটবলের পোস্টারবয় কখনও পায়ের জাদুতে, কখনও বা ক্লাব বদলের গুঞ্জনে। সম্প্রতি ইউরোপের ক্লাবগুলোর আগ্রহের মাঝেও ৩৩ বছর বয়সী তারকা চূড়ান্ত করেছেন নিজের ভবিষ্যৎ—ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসেই থাকছেন আরও এক বছর। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইউওএল জানাচ্ছে, এই সপ্তাহেই চুক্তিতে সই করবেন নেইমার।

সান্তোস ক্লাবের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা মঙ্গলবার নেইমারের বাবা ও প্রতিনিধি দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেন। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন, তবে নতুন চুক্তির আওতায় নেইমার থাকবেন আরও এক বছর, যেখানে থাকছে পারফরম্যান্স ভিত্তিক ইনসেনটিভ এবং ম্যাচ ও গোলসংখ্যার ওপর ভিত্তি করে বোনাস।

সান্তোসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নেইমারের আগের চুক্তি অনুযায়ী বকেয়া থাকা ১৩ মিলিয়ন ইউরো ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত কিস্তিতে পরিশোধ করা হবে।

সম্প্রতি গুঞ্জন ছিল, চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আগ্রহী কিছু ইউরোপিয়ান ক্লাব নেইমারের সঙ্গে যোগাযোগ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তুরস্কের ক্লাব ফেনারবাচে, যাদের কোচ হোসে মরিনহো স্বয়ং। তবে শেষ পর্যন্ত নেইমার বেছে নিয়েছেন ঘরের ক্লাব সান্তোসকে, যেখানে তিনি জানুয়ারিতে আল-হিলাল থেকে ফিরে এসেছেন।

সান্তোসে ফিরে আসার পর ১২ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। ক্লাবের সঙ্গে আবারও মানিয়ে নিতে থাকা নেইমার এখন পুরোপুরি ফোকাসড নিজের ছন্দ ফিরে পাওয়ায়।

সবচেয়ে বড় লক্ষ্য অবশ্য সামনে—২০২৬ বিশ্বকাপ। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিতে চান নেইমার। নতুন কোচ কার্লো আনচেলত্তি তাকে ঘিরেই তৈরি করছেন সেলেসাওয়ের আক্রমণভাগ। আনচেলত্তি এরইমধ্যে বলেছেন,

‘নেইমার দলে অপরিহার্য। সে মাঠে যে কোনো জায়গায় খেলতে পারে, আমরা তাকে নিয়ে পরিকল্পনা করছি।’

নেইমার সান্তোসের সঙ্গে চুক্তিতে সই করার পরই শুক্রবার আবারও অনুশীলনে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। আর সেইসঙ্গে শুরু হবে তার আরেক অধ্যায়—যেখানে একদিকে স্বপ্ন বিশ্বকাপ, অন্যদিকে ক্লাব ফুটবলে সান্তোসকে আবারও গৌরবের পথে ফেরানো।

বয়স বাড়লেও নেইমারের ভেতরের আগুন এখনো নেভেনি। ইউরোপের ঝলমলে অফার নয়, ঘরের মাঠেই আবারও আলো ছড়াতে প্রস্তুত ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান। আর সেই আলো হয়তো আবারও পথ দেখাবে সেলেসাওকে—২০২৬ বিশ্বকাপের মঞ্চে।


img

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

প্রকাশিত :  ১২:৫২, ২০ এপ্রিল ২০২৬

নাহিদ রানার অসাধারণ বোলিংয়ের পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নৈপূণ্যে ৬ উইকেটের দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ ক্রিকেট দল।

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় খাদের কিনারায় দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না স্বাগতিকদের সামনে। এমন \'বাঁচা-মরার\' লড়াইয়ে খোলস ছেড়ে বেরিয়ে দাপুটে ক্রিকেটই উপহার দিল মিরাজের দল। নাহিদ রানার ফাইফারের পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৮৭ বল হাতে রেখে পাওয়া এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল স্বাগতিকরা। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।

শান্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর জয়ের বাকি আনুষ্ঠানিকতাটুকু সারেন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত ২৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন মিরাজ। অন্যদিকে ৩১ বলে ৩০ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হৃদয়।

ফিফটির দেখা পেয়েই রিটায়ার্ড হার্ট শান্ত

অবশেষে ওয়ানডে ক্রিকেটে হাফ সেঞ্চুরির খরা কাটালেন নাজমুল হোসেন শান্ত। টানা ১৩ ইনিংস পর দেখা পেলেন কাঙ্ক্ষিত ফিফটির। তবে মাইলফলক ছোঁয়ার পরপরই ক্র্যাম্পের কারণে মাঠ ছেড়েছেন শান্ত। ৭১ বলে পঞ্চাশ ছুঁয়ে মাঠ ছাড়ায় ক্রিজে নতুন ব্যাটার মিরাজ। ২৮.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬৭ রান। 

শততম ম‍্যাচে ব‍্যাট হাতে ব‍্যর্থ লিটন

নিজের শততম ওয়ানডে ব‍্যাট হাতে রাঙাতে পারলেন না লিটন দাস। লেনক্সের বলে উড়িয়ে মারতে গিয়ে ফক্সক্রফটের ক‍্যাচ হয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ১১ বলে ৭ রান করেন লিটন। ২৫ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৫৫। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী তাওহিদ হৃদয়।

তানজিদের বিদায়ে ভাঙল জুটি

দ্রুত দুই উইকেট হারালেও আগ্রাসী ব্যাটিংয়ে ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেন তানজিদ তামিম। এরপর সেঞ্চুরির পথে হাঁটছিলেন বাঁহাতি এই ওপেনার। তবে ব্যক্তিগত ৭৬ রানে ডাউন দ্যা উইকেটে খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি। তার বিদায়ে ভাঙে শান্তর সঙ্গে ১২০ রানের জুটি।

তানজিদ-শান্ত জুটিতে সেঞ্চুরি

শুরুর ধাক্কা সামলে শতরানের জুটি গড়েছেন তানজিদ-শান্ত। ক্লার্কসনকে স্ট্রেইট ড্রাইভে চার মেরে ৯৯ বলে নিজেদের জুটির সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ।

ছক্কায় তানজিদের ঝড়ো ফিফটি

ইনিংসের শুরুতে দ্রুত সাইফ-সৌম্যকে হারিয়ে চাপ সামাল দেন তানজিদ ও শান্ত। তাদের ব্যাটে পাওয়ার প্লের ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৭ রান তোলে বাংলাদেশ। আগ্রাসী ব্যাটিং বজায় রেখে দুর্দান্ত এক স্লগ সুইপে ছক্কা হাঁকিয়ে ৩৩ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি ওপেনার তানজিদ।

শান্ত-তানজিদ জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

সাইফ-সৌম্যকে হারানোর ধাক্কা সামলে দারুণ জুটিতে দলকে এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। প্রতি ওভারে বাউন্ডারি আদায় করে রানের চাকা সচল রেখেছেন তারা। ব্লেয়ার টিকনারের করা সপ্তম ওভারের শেষ বলে তানজিদের দারুণ এক বাউন্ডারিতে দলীয় ফিফটিও পূর্ণ করে ফেলেছে স্বাগতিকরা। ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫১ রান। 

অহেতুক শটে টিকলেন না সৌম্য

সাইফ হাসানের পর সৌম‍্য সরকারকেও হারাল বাংলাদেশ। উইলিয়াম ও’রোকের বলে দারুণ এক ছক্কা হাঁকিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু একই ওভারের শেষ বলে অহেতুক \'পেরিস্কোপ\' শট খেলতে গিয়ে ফক্সক্রফটের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। সাজঘরে ফেরার আগে ১১ বলে ৮ রান করেন সৌম্য। মাত্র ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

প্রথম ওভারেই সাইফের বিদায়

সিরিজ বাঁচানোর ‘ডু অর ডাই’ ম্যাচে দারুণ বোলিং উপহার দিয়েছেন বাংলাদেশের পেসাররা।  নাহিদ রানার ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারে সফরকারী নিউজিল্যান্ডকে ১৯৮ রানেই গুটিয়ে দিয়েছে স্বাগতিকরা। তবে ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সাইফ হাসানের উইকেট হারিয়েছে বাংলাদেশ।

নাথান স্মিথের করা প্রথম ওভারের প্রথম পাঁচ বলে দুটি চার মেরে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন সাইফ। তবে ওভারের শেষ বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২ রান। ক্রিজে তানজিদ হাসান তামিমের সঙ্গী হিসেবে আছেন একাদশে ফেরা সৌম্য সরকার।

এর আগে মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। শুরুতেই নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউই ব্যাটারদের চেপে ধরেন নাহিদ-শরিফুলরা। অষ্টম ওভারে বোলিংয়ে এসেই জোড়া আঘাতে হেনরি নিকোলস (১৩) ও উইল ইয়াংকে (৭) ফেরান নাহিদ রানা। অধিনায়ক টম ল্যাথামকে (১৪) ফেরান সৌম্য সরকার।

চতুর্থ উইকেটে ওপেনার নিক কেলির সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন মুহাম্মদ আব্বাস (১৯)। তবে লিটন দাসের দুর্দান্ত ক্যাচে আব্বাসকে ফিরিয়ে এই জুটিও ভাঙেন রানা। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে ছুটতে থাকা কেলিকে ৮৩ রানে থামান শরিফুল ইসলাম। সেট ব্যাটার কেলির বিদায়ের পর কিউইদের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

বোলিংয়ে আগুন ঝরানো নাহিদ রানা নিজের শেষ ওভারে জেইডেন লেনক্সকে বোল্ড করে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন। ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার ৩২ রান খরচায় ৫ উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। রানার ৫ উইকেটের পাশাপাশি শরিফুল নেন ২টি উইকেট। এ ছাড়া তাসকিন, সৌম্য ও রিশাদ পান একটি করে উইকেট।