img

নতুন আইপিও বিধিমালায় সরাসরি তালিকাভুক্তির সুযোগে শেয়ারবাজারে আলোচনার ঝড়

প্রকাশিত :  ১২:০৩, ০১ ডিসেম্বর ২০২৫

দেশের পুঁজিবাজারে আবারও মুখর হয়ে উঠেছে বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি (Direct Listing) নিয়ে আলোচনা। নতুন আইপিও বিধিমালা–২০২৫ এর খসড়াতে এই সুযোগ রাখায় বাজারে সম্ভাবনার নতুন দুয়ার খুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বড় মূলধনের দেশি–বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো সরাসরি তালিকাভুক্ত হলে বাজারে শেয়ারের সরবরাহ বাড়বে, আর তারল্যও ফিরে আসবে—এমন আশা করছেন বাজারসংশ্লিষ্টরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সম্প্রতি বিএসইসির খসড়া আইপিও বিধিমালা পর্যালোচনার জন্য অংশীজনদের নিয়ে আলোচনা সভা করে। সেখানে সবচেয়ে বেশি নজর কাড়ে বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তির প্রস্তাব।

ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন–ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, আইপিওতে নতুন শেয়ার ছাড়াই উদ্যোক্তা ও পরিচালকরা যদি সরাসরি বাজারে শেয়ার বিক্রি করতে পারেন, তাহলে তারা তালিকাভুক্ত হতে আরও উৎসাহিত হবেন। সরকারি ও বেসরকারি কোম্পানির জন্য একই নিয়ম করলে বাজারে সত্যিকারের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে বলেও তিনি মত দেন।

বিএসইসির পরিচালক আবুল কালাম জানান, সরাসরি তালিকাভুক্তি মূলত সেকেন্ডারি মার্কেটে লেনদেনের জন্যই প্রযোজ্য। বর্তমানে বেসরকারি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা উঠিয়ে দিলে, তাদের জন্য এই সুযোগ উন্মুক্ত হবে।

সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানি নতুন শেয়ার ছাড়ে না; বরং উদ্যোক্তা বা পরিচালকরা নিজেদের হাতে থাকা শেয়ার সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে অর্থ সংগ্রহ করতে পারেন। তবে ২০০৯–২০১০ সালের অভিজ্ঞতা স্মরণ করিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক তদারকি না হলে বাজারে অর্থ তোলার পর অনেক কোম্পানির আর্থিক দুর্বলতা তৈরি হয়।

বাজার বিশ্লেষকদের মতে, নতুন ও নির্ভরযোগ্য কোম্পানি যুক্ত হলে শেয়ারবাজারে আস্থা ও তারল্য উভয়ই বাড়বে, যা দীর্ঘদিন ধরেই ঘাটতিতে ছিল। নতুন আইপিও বিধিমালা সেই আস্থার পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

অর্থনীতি এর আরও খবর

img

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

প্রকাশিত :  ০৪:৩৬, ২৫ অক্টোবর ২০২৬

নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমেছে। ফলে দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রবিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। 

বাজুস জানিয়েছে, খাঁটি স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দাম সমন্বয় করা হয়েছে। এর আগে গত ১৩, ২২ ও ২৩ অক্টোবর টানা তিন দফা স্বর্ণের দাম কমানো হয়। 

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৮৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন মূল্য ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে অলংকারের ডিজাইন ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে যুক্ত হবে। 

স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।


অর্থনীতি এর আরও খবর