img

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা পর্যায়ে জনমুখী ও উদ্ভাবনী প্রচার কৌশল গ্রহণের পরামর্শ তথ্য সচিবের

প্রকাশিত :  ১১:৪২, ০৩ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১১:৫৬, ০৩ ডিসেম্বর ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা পর্যায়ে জনমুখী ও উদ্ভাবনী প্রচার কৌশল গ্রহণের পরামর্শ তথ্য সচিবের

ঢাকা, ১৮ অগ্রহায়ণ (০৩ ডিসেম্বর) :  আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়াতে জেলা পর্যায়ে জনমুখী ও উদ্ভাবনী প্রচার কৌশল গ্রহণের পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, নির্বাচনে জনগণের অংশগ্রহণ বাড়াতে প্রচার কৌশল  নিবিড় ও জনস্পর্শী হতে হবে।

তথ্য সচিব আজ জুম প্লাটফর্মে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট  উপলক্ষে মাঠ পর্যায়ের নির্বাচনী কৌশল সম্পর্কে দিক নির্দেশনা প্রদানের জন্য আয়োজিত সভায়  প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন।  গণযোগাযোগ অধিদপ্তরের  উদ্যোগে  জেলা তথ্য কর্মকর্তাদের নিয়ে এ সভা আয়োজন করা হয়। 

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গণযোগাযোগ অধিদপ্তরের  মাঠ পর্যায়ের ৬৮ অফিসের কমকর্তারা এতে অংশ নেন। 

তথ্য সচিব  বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী অতীতের সব নির্বাচনের চেয়ে ইউনিক ও অভূতপূর্ব নির্বাচন হতে যাচ্ছে আগামী নির্বাচন। এ নির্বাচনে জেলা তথ্য অফিসগুলো ইনটেন্সিভ পাবলিসিটি বা জনমত গঠনের মূল দায়িত্ব পালন করবে। তিনি আজ থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করার জন্য জেলা তথ্য অফিসারদের নির্দেশ দেন। 

তিনি আরো বলেন, ইতিহাসে প্রথমবারের মতো  এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ইউনিয়ন বা গ্রাম লেভেল পর্যন্ত তৃণমূল পর্যায়ে জনগণকে অবহিত করা একটি বড় চ্যালেঞ্জ। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, তথ্য অফিসাররা এ চ্যালেঞ্জ  সাফল্যের সাথে মোকাবিলা করবে। তিনি বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সমন্বয় করে  করে কাজ করবে। এছাড়া, গুজব ও ফ্যাক্ট চেকিং এর জন্য পিআইবি'র নেতৃত্বে বাংলা ফ্যাক্ট এর সাথে তথ্য অফিসারদের সংযোগ স্থাপন করে দায়িত্ব পালন করতে হবে।  তথ্য অফিসারদের তিনি একটি ইনোভেটিভ টিম হিসেবে কাজ করার জন্য নির্দেশনা দেন। একই সাথে তিনি জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার সাথে সমন্বয় করে কাজ করার জন্য তাদের নির্দেশ  দেন। 

সভাপতির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রচার কাজে গণযোগাযোগ অধিদপ্তরের ১০২ বছরের অভিজ্ঞতা রয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধির সাথে সমন্বয় করে ৩৪ টি গান প্রস্তুত করা হয়েছে।   এগুলো আঞ্চলিক ভাষায়  গেয়ে নির্দিষ্ট অঞ্চলে পরিবেশন করা হবে। গ্রামের হাটে বাজারে কেমন করে হ্যাঁ /না ভোট দিতে হয় তার ডেমো জনগণকে দেখানো হবে। ভোট দিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার আরো আধুনিক ও হৃদয়গ্রাহী করা হচ্ছে। গণমুখী প্রচার কৌশলের ফলে আসন্নজাতীয় সংসদ নির্বাচন এবং হ্যাঁ/না ভোটে  জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

সভায় অন্যদের মধ্যে  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রয়েছে অতিরিক্ত  সচিব ড. মোহাম্মদ আলতাফ -উল-আলম, যুগ্ম সচিব মাহফুজা আখতার, গণ যোগাযোগ অধিদপ্তরের  পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এবং সৈয়দ এ. মু'মেন বক্তব্য রাখেন ।

জাতীয় এর আরও খবর

img

এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান

প্রকাশিত :  ০৯:৪৩, ২৬ জুলাই ২০২৬

বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের পুনরায় নিবন্ধনের নির্দেশ দিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নির্দেশনায় বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই সাধারণ শিক্ষা বোর্ডগুলোর (চট্টগ্রাম বোর্ড ব্যতীত) পদার্থবিজ্ঞান প্রথম, হিসাববিজ্ঞান প্রথম ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা স্থগিত করা হয়।

এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষাও একই কারণে স্থগিত করা হয়েছিল।

স্থগিত হওয়া এসব পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে গিয়ে পুনরায় নিবন্ধন সম্পন্ন করার জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সুযোগ থাকবে কি না, সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।


জাতীয় এর আরও খবর