img

পার্লার উদ্বোধনে গিয়ে বিতর্কে পরীমণি

প্রকাশিত :  ১১:১২, ১৫ ডিসেম্বর ২০২৫

পার্লার উদ্বোধনে গিয়ে বিতর্কে পরীমণি

সমালোচনা যেন নিত্যসঙ্গী ঢাকাই চিত্রনায়িকা পরীমণির। প্রায়ই নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় থাকেন এই নায়িকা। বিশেষ করে তার ব্যক্তিজীবন প্রায়ই নানা বিতর্কের জন্ম দেয়।

সম্প্রতি নরসিংদীতে একটি বিউটি পার্লার উদ্বোধন করতে গিয়ে আবারও আলোচনায় এসেছেন এই নায়িকা। এবার আলোচনার কারণ তার খোলামেলা পোশাক।

পার্লার উদ্বোধনের এই অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হয়েছিল, তা অবশ্য জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিও ও ছবিতে পরীমণির সেই মুহূর্তগুলো দেখা যায়।

দেখা যায়, উদ্বোধনের অনুষ্ঠানে পরীমণি একটি সবুজ রঙের স্লিভলেস ওপেন গাউন পরেছেন। নায়িকার এমন খোলামেলা পোশাক ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকেই পরীমণির সেই ছবি-ভিডিওগুলো শেয়ার করে তার পোশাকের রুচি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন; বিশেষ করে জনসমক্ষে এমন খোলামেলা পোশাক পরা নিয়ে তৈরি হয় সমালোচনা।

তবে এমন সমালোচনা নতুন নয়। সদ্যই রাজধানীর বসুন্ধরায় একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়েও আলোচনার জন্ম দেন এই নায়িকা।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে পরী অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। পাশাপাশি নতুন বছরে শুরু হতে যাচ্ছে তার নতুন রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘গোলাপ’-এর শুটিং। সামছুল হুদার পরিচালনায় এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।


img

শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

প্রকাশিত :  ১৩:৩৭, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:৪২, ২৩ জুলাই ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিতে গিয়ে মুম্বাইয়ের দাদার এলাকায় পুলিশের হাতে আটক হন অভিনেত্রী আয়েশা খান। পরে তাকে ওরলি থানায় নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম  এক ভিডিও বার্তায় তিনি নিজেই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওতে তিনি বলেন, ‘এখন আমার হাত সত্যিই কাঁপছে। আমি শুধু শান্তভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ আমাকে পুলিশের ভ্যানে তুলে আটক করা হয়েছে।’

আয়শার দাবি, তিনি বিক্ষোভ শুরু করেননি। এর আগেই তার ভাই এবং কয়েকজন পুরুষ বন্ধুকে পুলিশ আটক করে। সেসময়ে তিনি শুধু রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। 

আয়শার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, আর এক যুবক বলছেন, তার গণিতের পরীক্ষা রয়েছে। কোনো কারণ ছাড়াই তাকে আটক করা হয়েছে বলে তারও অভিযোগ। 

তিনি বলেন, যদি পরীক্ষা দিতে না পারেন, তা হলে বড় সমস্যায় পড়বেন। আর একটি ভিডিওতে দেখা যায়, আয়েশা পুলিশকর্মীদের জিজ্ঞেস করছেন, তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেই প্রশ্নের কোনও উত্তর তিনি পাননি। চার জন মহিলা পুলিশকর্মী জোর করে আয়শাকে ভ্যানে তুলছেন, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

সেই ভিডিওর সঙ্গে তিনি লেখেন, দুর্ভাগ্যজনকভাবে আমাকে ভ্যানে তুলতে চার জন মহিলা পুলিশকর্মী এসেছিলেন। কিন্তু আমি আবার একই প্রশ্ন করছি, কেন? আমি কি কোনও হইচই করেছি? আমি কি কোনও কথাবার্তা শুরু করেছিলাম? আমাকে কেন আটক করা হলো? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য? আমি তো পাঁচ জনের দলের মধ্যেও ছিলাম না।

আয়শা পুরো ঘটনায় স্তম্ভিত হয়ে যান। তাকে ওরলি থানায় নিয়ে যাওয়া হয়। সেই ভিডিওতে তিনি পুরো ঘটনার বর্ণনা দেন। আয়শা জানান, তিনি তার ভাই এবং কয়েকজন বন্ধুর সঙ্গে নিট পরীক্ষার্থীদের সমর্থনে দাদারে বিক্ষোভে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছাতেই পুলিশ জানায়, ওই জায়গায় বিক্ষোভ করা যাবে না। এরপর তার ভাই এবং অন্য পুরুষ বন্ধুদের পুলিশের ভ্যানে তুলে আটক করা হয়।

আয়শার দাবি, তিনি তখন শুধু রাস্তায় দাঁড়িয়ে ভাবছিলেন, কী করবেন এবং কীভাবে তার ভাইয়ের খোঁজ পাবেন। সেই সময়ে প্রায় ১৫ জন পুলিশকর্মী এসে তাদের ভ্যানে উঠতে বলেন। তার অভিযোগ, জোর করে তাদের ভ্যানে তুলে ওরলি থানায় নিয়ে যাওয়া হয়।

তবে ভিডিওতে আয়শা ওরলি থানার পুলিশকর্মীদের প্রশংসাও করেন। প্রত্যেকে খুবই ভাল ব্যবহার করেছেন বলে জানান। যদিও তাঁকে কেন আটক করা হলো, সেই প্রশ্নের উত্তর এখনো তাঁর কাছে স্পষ্ট নয় বলেও দাবি করেন তিনি।