img

যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী

প্রকাশিত :  ০৯:১৩, ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:২৯, ১৫ জুলাই ২০২৬

যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী

অভিনেত্রী হিসেবে নিজেকে মেলে ধরার সুযোগ খুব বেশি না পেলেও আইটেম গানের তারকা হিসেবেই দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন উর্বশী রাউতেলা। তবে তিনি যা-ই করেন না কেন, তা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। আর সে কারণেই এই বলিউড তারকার প্রতিটি পদক্ষেপে নজর রাখে গণমাধ্যম ও বিনোদন অঙ্গন।

ক্যারিয়ার নিয়ে আগামী দিনের পরিকল্পনা, নতুন কাজ থেকে শুরু করে নানা বিষয়ে চলতে থাকে কৌতূহলী প্রশ্ন। তেমনই কিছু প্রশ্নের জবাব দিতে সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন উর্বশী; যেখানে তিনি ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন। সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন খুব শিগগিরই তিনি রাজনীতিতে যোগ দিতে চলেছেন। পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা নিয়ে বলেছেন ‘রাজনীতি ও প্রযোজনার পরিকল্পনা অবশ্যই তালিকায় আছে, পাশাপাশি চলচ্চিত্র ক্যারিয়ারও দীর্ঘ করতে চাই।’

আজকালসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেওয়া সাক্ষাৎকারে উর্বশী জানিয়েছেন, নানামুখী কাজে নিজেকে যুক্ত রাখতে চান। সে কারণে অভিনয়ের পর তিনি কখনও পরিচালনা করতে চান কিনা, তা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। কোনো রকম দ্বিধা না রেখেই উর্বশী বলেছেন, ‘হ্যাঁ, আমি গান গাইতে পারি, আর সিনেমা পরিচালনা করার ইচ্ছা আছে। নিশ্চিতভাবেই আমি বলতে চাই, সিনেমা পরিচালনা করব।’

কেমন হবে তাঁর প্রথম ছবি? এ প্রশ্নে উর্বশীর ভাষ্য এ রকম–‘মানুষ হিসেবে আমি অত্যন্ত আবেগপ্রবণ। তাই আমি একটা জাঁদরেল প্রেমের গল্পের সিনেমা পরিচালনা করতে চাই, যা টাইটানিক-এর মতো কিছু একটা!’

উর্বশীর এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড হতেই নেটিজেনদের মাঝে হাসির রোল পড়ে গেছে। রীতিমতো ট্রলিংয়ের বন্যা বইয়ে দিচ্ছেন নেটদুনিয়ার বাসিন্দারা। হাতে একটি কাচের জার নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় এক নেটিজেন খোঁচা দিয়ে লিখেছেন, ‘ইতিহাসের প্রথম অভিনেত্রী, যিনি হাতে কাচের বয়াম নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন।’

উর্বশীর ‘টাইটানিক’ বানানোর স্বপ্নকে কটাক্ষ করে অন্য একজন লিখেছেন, ‘এই ছবির নাম হওয়া উচিত টাইটানিক নয়, ট্রাই-প্যানিক!’ তৃতীয় এক ব্যবহারকারী লিখেছেন, ‘হলিউড নায়িকাদের মতো আচরণ করার আপ্রাণ চেষ্টা করছেন, বাস্তবে স্রেফ হাসির খোরাক হচ্ছেন।’ ট্রলকারীদের ভিড়ে উর্বশীর ভক্তরাও ঢাল হয়ে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন, ‘আমাদের উজ্জ্বল নক্ষত্র, তোমার জন্য গর্বিত।’ আবার কারও মতে, ‘তিনি সত্যিই প্রতিভাবান, তাঁর ছবি পরিচালনা করা উচিত।’

উল্লেখ্য, চলতি ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবেও ভারতের হয়ে লালগালিচায় হেঁটেছিলেন উর্বশী। সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বেশ গর্বের সঙ্গেই বলেছিলেন, ‘আমি যখনই আমার দেশের প্রতিনিধিত্ব করি, আমি আর উর্বশী থাকি না, আমি তখন স্বয়ং ইন্ডিয়া! কানের উদ্বোধনী অনুষ্ঠানে ভিয়েতনামের বিখ্যাত ডিজাইনার জোলিপোলির সুন্দর পোশাক পরে ভারতের প্রতিনিধিত্ব করা আমার জন্য যারপরনাই আনন্দের।’

কাজের ফ্রন্টে উর্বশীকে সম্প্রতি দেখা গেছে তাঁর জনপ্রিয় ওটিটি সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ সিজন ২’-এ। নিজের এই কাজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী অভিনেত্রী।

তিনি জানান, ‘ইন্সপেক্টর অবিনাশ সিজন-২ আগের চেয়েও অনেক বড়, সাহসী এবং বিস্ফোরক। অ্যাকশন, ইমোশন আর টুইস্টে ভরপুর এই গল্পের অংশ হতে পেরে আমার দারুণ লেগেছে।’ এখন দেখার, কানের লালগালিচা আর ওটিটির অ্যাকশন পেরিয়ে উর্বশীর ‘টাইটানিক’ প্রেমকাহিনি কবে ওটিটি বা বড়পর্দায় রূপ পায়।


img

চুক্তিভিত্তিক আইনজীবী নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত :  ১৫:১৬, ১৫ জুলাই ২০২৬

বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে চুক্তিভিত্তিক খণ্ডকালীন ‘লিগ্যাল রিটেইনার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২ আগস্ট ২০২৬ আবেদনের শেষ তারিখ ।

চাকরির বিবরণ—

পদের নাম: লিগ্যাল রিটেইনার

পদসংখ্যা: অনুল্লেখিত

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (সমমানের সিজিপিএ) স্নাতক/স্নাতকোত্তর। সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় কমপক্ষে ১০ (দশ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিধিবিধান এবং ব্যাংকিং –সংক্রান্ত মামলা পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

চুক্তির মেয়াদ

৩ বছর।

কর্মঘণ্টা—

সপ্তাহে তিন কর্মদিবসে একটি নির্দিষ্ট সময়ে ন্যূনতম তিন ঘণ্টা সময়ের জন্য বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে অবস্থান করতে হবে।

মাসিক সম্মানী—

৬০,০০০ টাকা।

আবেদনের নিয়ম—

আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে অথবা [email protected] বরাবর ই-মেইলে প্রেরণ করতে হবে।

আবেদনের ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: ২ আগস্ট ২০২৬

শর্তাবলি—

১. বাংলাদেশ ব্যাংকের বিপক্ষে/বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ ও পরিচালনা করা যাবে না।

২. নিয়োগকারী কর্তৃপক্ষ কোনোরূপ কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো সময় ১ মাসের নোটিশ অথবা সমপরিমাণ নোটিশ-পে প্রদানপূর্বক এই নিয়োগ বাতিল করতে পারবে। পক্ষান্তরে ১ মাসের নোটিশ অথবা সমপরিমাণ নোটিশ-পে কর্তৃপক্ষের নিকট প্রদান সাপেক্ষে নিয়োজিতব্য লিগ্যাল রিটেইনার চাকরি হতে ইস্তফা দিতে পারবেন।