img

‘কুসুম’ হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া

প্রকাশিত :  ০৯:০৭, ৩০ জানুয়ারী ২০২৬

‘কুসুম’ হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া

অভিনেত্রী জয়া আহসান নতুন বছরের শুরুতেই নিজের অভিনয়জীবনে আরও একটি গৌরবময় সাফল্য যুক্ত করলেন । কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন তিনি। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার উঠেছে তাঁর হাতে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ভাগ করে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয়া লিখেছেন, পুতুলনাচের ইতিকথা” সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি সম্মানিত বোধ করছি। জি২৪ ঘণ্টা আয়োজিত “বিনোদনের সেরা ২৪” অনুষ্ঠানে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।

জয়ার এই অর্জনে শুভেচ্ছার জোয়ার বইছে—ভক্তদের পাশাপাশি বাংলাদেশ ও কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা এবং সংস্কৃতিকর্মীরাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ প্রথম প্রকাশিত হয় ১৯৩৪–৩৫ সালে, ভারতবর্ষ সাময়িকীতে ধারাবাহিকভাবে। প্রায় ৯০ বছর পর সেই সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। গত বছরের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। উপন্যাসের কুসুম চরিত্রে পর্দায় প্রাণবন্ত উপস্থিতি নিয়ে হাজির হয়েছেন জয়া আহসান। ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়—যাঁরা যথাক্রমে শশী, কুমুদ, যাদব ও সেনদিদি চরিত্রে অভিনয় করেছেন।

কুসুম চরিত্রটি নিয়ে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, ‘সাধারণত নারীদের কেবল কামনা-বাসনার বস্তু হিসেবেই তুলে ধরা হয়। কিন্তু কুসুমের নিজেরও কামনা-বাসনা আছে, আর সে তা গোপন করে না। কুসুম যেন একেবারে খোলা বই—তার মন, শরীর আর আত্মা একই সুরে বাঁধা। এখানেই শশীর সঙ্গে তার মূল পার্থক্য। কুসুম শশীর চরিত্রকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। সে ভীষণ খোলা মনের, সতেজ ও প্রাণবন্ত একটি চরিত্র।’


img

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

প্রকাশিত :  ০৬:৫৫, ২৪ অক্টোবর ২০২৬

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরবেলায় মগবাজারে শিল্পীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

কী কারণে বা কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এই হামলার পেছনে তাঁর ব্যক্তিগত, পেশাগত বা অন্য কোনো ধরনের পূর্বশত্রুতা রয়েছে কি না, সে বিষয়েও এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। নেপথ্য কারণ উদঘাটনসহ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, দেশের সংগীতাঙ্গনের শীর্ষস্থানীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ক্রীড়াঙ্গনেও সমানভাবে পরিচিত। তিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।