img

‘ধুরন্ধর ২’ সিনেমায় ইয়ামি গৌতম

প্রকাশিত :  ১০:৫১, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

‘ধুরন্ধর ২’ সিনেমায় ইয়ামি গৌতম

ইয়ামি গৌতম ক্যারিয়ারের শুরুতে হিন্দি সিনেমা জগতে পাত্তাই পাননি । ফরসা হওয়ার প্রসাধনীর বিজ্ঞাপন করে হয়েছেন সমালোচিত। এমনকি গুঞ্জন আছে, খোদ নামী পোশাকশিল্পী মণীশ মালহোত্রা তাকে বিয়ের পোশাক দিতেও অস্বীকৃতি জানিয়েছিলেন। 

সম্প্রতি ইমরান হাশমির বিপরীতে ‘হক’ সিনেমায় অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন ইয়ামি গৌতম।

সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে তুরুপের তাস হিসেবে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২’। এই ছবিতেই এক গুরুত্বপূর্ণ এবং রণংদেহি চরিত্রে দেখা যাবে ইয়ামিকে। ছবির মারপিটের দৃশ্যগুলোর জন্য কড়া প্রশিক্ষণ নিতে হয়েছে তাকে।

ইতিমধ্যে দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকায় ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। 

পাকিস্তানের লিয়ারি শহরের আদলে তৈরি সেটে টানা পাঁচ দিন শুটিং করেছেন এই অভিনেত্রী। ওই একই লোকেশনে কখনো সঞ্জয় দত্ত, আবার কখনো ‘হামজা’ লুকে রণবীর সিংকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা। ‘হক’ সিনেমায় ইয়ামির পারফরম্যান্স দেখে আলিয়া ভাট থেকে শুরু করে করণ জোহর সবাই যখন প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই ‘ধুরন্ধর ২’-এ তার অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

নিন্দুকরা এই কাস্টিংকে ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতি হিসেবে আখ্যা দিচ্ছেন। তাদের দাবি, পরিচালক আদিত্য ধরের স্ত্রী বলেই এই বড় প্রজেক্টে জায়গা পেয়েছেন ইয়ামি। এমনকি পরিচালকের ভাইকে সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

img

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

প্রকাশিত :  ০৬:৫৫, ২৪ অক্টোবর ২০২৬

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরবেলায় মগবাজারে শিল্পীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

কী কারণে বা কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এই হামলার পেছনে তাঁর ব্যক্তিগত, পেশাগত বা অন্য কোনো ধরনের পূর্বশত্রুতা রয়েছে কি না, সে বিষয়েও এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। নেপথ্য কারণ উদঘাটনসহ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, দেশের সংগীতাঙ্গনের শীর্ষস্থানীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ক্রীড়াঙ্গনেও সমানভাবে পরিচিত। তিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।