img

ঈদে চার নায়িকার প্রতিযোগিতা

প্রকাশিত :  ০৮:২২, ১৮ মার্চ ২০২৬

ঈদে চার নায়িকার প্রতিযোগিতা

ঈদের আর দুই-তিন দিন বাকি। এরই মধ্যে পাঁচটি সিনেমা মুক্তির জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।

\r\n

অনুমোদন পাওয়া সিনেমাগুলো হলো—রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ এবং তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’।

মুক্তির সম্ভাব্য সিনেমাগুলো নিয়ে চলছে নানা আলোচনা–কেউ বলছেন রেকর্ডসংখ্যক সিনেমা আসছে, আবার কেউ প্রশ্ন তুলছেন প্রেক্ষাগৃহের সংকট নিয়ে। তবে সব হিসাব-নিকাশের বাইরে, দর্শকের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকছেন নায়িকারা–কারা থাকছেন এবার রুপালি পর্দার আলোচনায়, সেটিই দেখে নেওয়া যাক।

বর্তমান সময়ের সফল নির্মাতাদের একজন রায়হান রাফী। তার নতুন সিনেমা মানেই দর্শকের বাড়তি আগ্রহ। এবারের ঈদে মুক্তির তালিকায় থাকতে পারে তাঁর নির্মিত ‘প্রেশার কুকার’। নায়িকাপ্রধান গল্পের এই সিনেমায় রয়েছেন একাধিক নায়িকা–শবনম বুবলি, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। চার নায়িকাকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প, যা এটিকে অন্যরকম আকর্ষণ এনে দিয়েছে। সিনেমাটিতে নায়িকা চারজন থাকলেও ফোকাস মূলত শবনম বুবলী ও নাজিফা তুষির দিকে।

সিনেমাটি নিয়ে তুষি বলেন, ‘প্রেশার কুকারের গল্প আলাদা। যে হুইসেল (টিজার) প্রকাশিত হয়েছে। তা দেখে কিছু আন্দাজ করা গেছে। এমন গল্প খুব একটা তৈরি হয়নি। নারীকে উপজীব্য করে এমন গল্প নির্মাণ সাহসী পদক্ষেপ। সেই গল্পে আমিও আছি।’

অন্য ছবির নায়িকাদের সঙ্গে প্রতিযোগিতা শব্দটি পছন্দ নয় তুষির। তার ভাষ্য, ‘আমি কেবল আমার কাজটা করে গিয়েছি। কারও সঙ্গে প্রতিযোগিতা নেই। আমার বিশ্বাস আমাদের ছবি সফল হবে। গল্প দর্শকদের পছন্দ হবে।’

তাঁর সঙ্গে সুর মিলিয়ে বুবলী বললেন, সিনেমাটি গল্পপ্রধান। গল্পই প্রেশার কুকারের আসল শক্তি। এমন একটি গল্প ঈদে দর্শকদের জন্য উপহার হিসেবে দিচ্ছেন নির্মাতা রায়হান রাফী। আমার বিশ্বাস সিনেমাটি দর্শক দারুণভাবে উপভোগ করবেন।

অন্যদিকে, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটিও থাকছে আলোচনায়। কাজাখস্তান ও দেশের বিভিন্ন স্থানে শুটিং হওয়া এই সিনেমায় নায়িকা হিসেবে আছেন পূজা চেরি। নতুন গল্প ও চরিত্রে তাঁর উপস্থিতি নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে প্রত্যাশা। সিনেমাবোদ্ধারা বলছেন দম হতে পারে পূজা চেরির কামব্যাক সিনেমা। দীর্ঘদিন ধরে সিনেমা নিয়ে আলোচনা বা চর্চায় নেই পূজা। বড় বাজেটের বড় উৎসবে তাঁর সিনেমাও মুক্তি পাচ্ছে না। তাই দম যদি ব্যবসা সফল হয় তাহলে পূজার ক্যারিয়ারের মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

বিষয়টি নিয়ে পূজা চেরি বলেন, দম সিনেমায় যুক্ত হয়ে মনে হয়েছে, এটা আমার অভিনয়জীবনের পুনর্জন্ম। এতদিনের কাজের পরও এমন চিত্রনাট্য ও চরিত্র আগে পাইনি। এটা আমার জন্য একেবারে নতুন চ্যালেঞ্জ ছিল। অনেকে বলবেন, এত কাজ করার পরও কেন এমন বলছি–কিন্তু দম দেখলে দর্শক নিজেরাই বুঝবেন। এটি আমার পুনর্জন্মের সিনেমা।

ঈদের বড় আকর্ষণের একটি হতে যাচ্ছে ‘প্রিন্স’। শাকিব খান-এর বিপরীতে এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় আরও থাকছেন ভারতের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ফলে দেশ-বিদেশের সংমিশ্রণে ‘প্রিন্স’ পাচ্ছে ভিন্নমাত্রা।

তাসনিয়া ফারিণ বলেন, প্রিন্স সিনেমা দর্শক দেখুক, কেমন করেছি সেটা তাদের থেকেই জানব। আমি শুধু দর্শকের মতামতের অপেক্ষায় থাকছি।

এবারের ঈদে মুক্তির তালিকায় থাকা আরেকটি সিনেমা ‘রাক্ষস’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় সিয়াম আহমেদ-এর বিপরীতে অভিনয় করেছেন ভারতের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সেই হিসেবে এবারের ঈদে দুইজন ভারতীয় নায়িকার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

এছাড়া, সাবিলা নূরও থাকছেন এবারের ঈদের পর্দায়। হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় চিত্রা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো হুমায়ূন আহমেদের গল্পে বড়পর্দার নায়িকা হিসেবে হাজির হচ্ছেন সাবিলা নূর, যা তাঁর ক্যারিয়ারে একটি নতুন সংযোজন।

সাবিলা বলেন, এই সিনেমা আমার জন্য বড় প্রাপ্তি। ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে একটা চরিত্রে কাজ করতে পেরে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করি। চরিত্রটি আমার দারুণ পছন্দের। এই চরিত্র হয়ে উঠতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমি। এতে এত এত গুণী অভিনয়শিল্পীর সঙ্গে কাজ আমার জন্য অনেক বড় অর্জন। সব বয়সী, পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে সিনেমাটি দেখতে আসবেন বলে আমি বিশ্বাস করি।

সব মিলিয়ে এবারের ঈদের সিনেমাগুলোতে নায়িকাদের উপস্থিতি যেমন বৈচিত্র্যময়, তেমনি শক্তিশালী। দেশীয় নায়িকাদের পাশাপাশি ভারতীয় অভিনেত্রীদের অংশগ্রহণও এনে দিয়েছে নতুন মাত্রা। এখন দেখার বিষয়–এই নায়িকাদের পারফরম্যান্স কতটা দর্শকের মন জয় করতে পারে।


img

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

প্রকাশিত :  ০৭:১৪, ২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৪৫, ২৬ অক্টোবর ২০২৬

মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল এবং তাঁর স্ত্রী জান্নাতুন নেছা। তবে এই অঙ্ক বেছে নেয়ার পেছনে রয়েছে বিশেষ ভাবনা। জরুরি সেবার নম্বর ৯৯৯ থেকে শুরু করে জীবনের পূর্ণতা-অপূর্ণতার দর্শন সব মিলিয়েই তাঁদের দেনমোহরের অঙ্ক ৯৯৯। গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার মিরপুরের একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তির সঙ্গে যুক্ত। বিয়ের আনুষ্ঠানিকতার চেয়ে তাঁদের দেনমোহরের অঙ্কটি নিয়েই এখন বেশি কৌতূহল।

প্রথম আলোকে সুজাত শিমুল জানান, বিয়ের সিদ্ধান্ত নেয়ার পর থেকেই তারা চেয়েছিলেন দেনমোহরের অঙ্কটি হবে ব্যতিক্রমী। দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এবং বিশেষ অর্থবহ একটি সংখ্যা খুঁজছিলেন তারা। সেই ভাবনা থেকেই আসে ৯৯৯-এর ধারণা। বাংলাদেশে জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করে সেবা নেওয়া যায়। পরিচিত এই নম্বরটির সঙ্গে বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের যোগসূত্র খুঁজে পেয়েছেন তাঁরা। শিমুলের ভাষায়, বিয়ে জীবনের প্রয়োজনীয় একটি অংশ, যার মধ্য দিয়ে শুরু হয় নতুন অধ্যায় এবং আসে একধরনের পূর্ণতা।


তবে ৯৯৯ সংখ্যাটির মধ্যে আরেকটি অর্থও খুঁজে পেয়েছেন অভিনেতা। তার মতে, ৯৯৯-এর পরের সংখ্যাটি ১০০০। অর্থাৎ, পূর্ণতার ঠিক আগের অবস্থান যেন অপূর্ণতার প্রতীক। মানুষের জীবনেও সবকিছু কখনো পুরোপুরি পূর্ণ হয় না, কিছু ঘাটতি থেকেই যায়। এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত একটি যোগসূত্রও রয়েছে। শিমুলের শ্বশুর পুলিশে কর্মরত ছিলেন। সেটিও ৯৯৯ বেছে নেয়ার অন্যতম কারণ।

দেনমোহর নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির প্রসঙ্গেও কথা বলেছেন অভিনেতা। তার মতে, বিয়েতে লাখ লাখ টাকার দেনমোহরের হিসাব অনেক সময় সম্পর্কের মধ্যে বিনিময় ও আস্থা-অনাস্থার প্রশ্ন সামনে আনে। ৯৯৯ টাকা দেনমোহরের মাধ্যমে তারা প্রচলিত ধারণার বাইরে গিয়ে একটি ভিন্ন বার্তা দিতে চেয়েছেন। বিশেষ করে নারী হিসেবে সাহসী একটি অবস্থান তুলে ধরার ভাবনাও ছিল তাদের। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, লেখক-সাংবাদিক আনিসুল হকসহ দুই পরিবারের সদস্যরা।