বক্স অফিসে ঝড়, ঈদে সবচেয়ে বেশি আয় ‘দম’ সিনেমার
জাস্ট প্রতিবেদক সৈয়দ আমানউল্লাহ : ঈদুল ফিতরকে ঘিরে দেশের সিনেমা অঙ্গনে বইছে উৎসবের আমেজ। ছুটির আনন্দের সঙ্গে এবার প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে দর্শকদের উপচে পড়া ভিড়। তারকাখ্যাতির পাশাপাশি শক্ত গল্প ও নির্মাণশৈলীর কারণে দর্শকরা বেছে নিচ্ছেন পছন্দের সিনেমা। ফলে ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমা— ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’—কে ঘিরে এখন জমজমাট আলোচনা চলছে সিনেমাপাড়ায়।
বাংলা মুভি রিভিউ (বিএমআর)-এর তথ্য অনুযায়ী, ঈদের প্রথম দিনেই দাপুটে সূচনা করেছে আফরান নিশো অভিনীত ‘দম’। মাল্টিপ্লেক্সে বছরের সর্বোচ্চ ওপেনার হওয়ার গৌরব অর্জন করেছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমা মিলিয়ে মোট ২৭টি শোর মধ্যে ২২টিই ছিল হাউজফুল। প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে প্রায় ৩০ লাখ ৩৯ হাজার টাকা, যা ঈদের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সর্বোচ্চ।
আয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমায় মোট ২১টি শোর মধ্যে ১৭টিই ছিল হাউজফুল। সিনেমাটি আয় করেছে ২০ লাখ ৪০ হাজার টাকা।
ঈদের বাজারে বরাবরের মতোই আলোচনায় আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে মুক্তি না পেলেও ই-টিকেটিং সুবিধা থাকা অন্যান্য মাল্টিপ্লেক্স ও প্রেক্ষাগৃহে ভালো সাড়া পেয়েছে। মোট ৩১টি শোর মধ্যে ২৬টিই ছিল হাউজফুল। দিনশেষে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৬ লাখ ১৯ হাজার টাকা।
তরুণ দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমাটিও ভালো সূচনা করেছে। প্রথম দিনে ১৪টি শোর মধ্যে ১০টি হাউজফুল ছিল এবং সিনেমাটি আয় করেছে ১৩ লাখ ৯৩ হাজার টাকা।
অন্যদিকে নির্মাতা রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ প্রথম দিনে তুলনামূলক মাঝারি মানের ব্যবসা করেছে। ১৪টি শোর মধ্যে মাত্র একটি শো হাউজফুল ছিল। প্রথম দিনে সিনেমাটির আয় হয়েছে ৬ লাখ ১২ হাজার টাকা।
সব মিলিয়ে ঈদের শুরুতেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি ও সিনেমাগুলোর আয় দেখে সিনেমা সংশ্লিষ্টরা আশাবাদী। ছুটির দিনগুলোতে দর্শক উপস্থিতি আরও বাড়বে বলে মনে করছেন তারা। বিশেষ করে ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রিন্স’—এই তিন সিনেমার মধ্যে বক্স অফিস প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।



















