ঈদে আসছে ‘বনলতা সেন’
পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত নতুন সিনেমা ‘বনলতা সেন’ ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকায় যোগ হতে যাচ্ছে । শুক্রবার (১৫ মে) বিকালে ছবিটির একটি পোস্টার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন পরিচালক।
পোস্টারের ক্যাপশনে তিনি লেখেন, না, এ কোনো যন্তরমন্তরের ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে, আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে।
জানা গেছে, কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। পোস্টারে দেখা গেছে, এক বিশালাকৃতির ফটক, যার দরজার ওপর শোভা পাচ্ছে ময়ূরের পেখম সদৃশ একটি বিশাল রাজমুকুট। দরজার বড় একটি চাবির ছিদ্রে এক ব্যক্তিকে উঁকি দিচ্ছেন।
সিনেমার অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা ও খাইরুল বাশার। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ আরও অনেকে।
‘উনপঞ্চাশ বাতাস’ এর পর এটি পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের দ্বিতীয় চলচ্চিত্র। ২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত ছবিটি গত ১২ এপ্রিল সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতিপত্র পেয়েছে।



















