img

ফের ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত :  ০৯:১১, ০৭ জুন ২০২৬

ফের ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ফের ইরান সফরে গিয়েছেন ।  শনিবার (৬ জুন) তিনি তেহরানে পৌঁছান। সেখানে তিনি শীর্ষ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।  পাকিস্তান বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।   

এর আগে গত ১৬ মে তেহরানে যান নাকভি। 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু। 

তাসনিমের তথ্য অনুযায়ী, নাকভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে পাকিস্তানি সূত্র আনাদোলুকে জানিয়েছিল, এই সফরের মূল উদ্দেশ্য হলো তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে কিছু ‘নতুন প্রস্তাব’ নিয়ে আলোচনা করা।

সূত্রগুলো আরও জানায়, নাকভি এমন কিছু প্রস্তাব উপস্থাপন করবেন, যা দুই পক্ষের আলোচনায় তৈরি হওয়া অচলাবস্থা দূর করতে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সাময়িক সমঝোতা প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে পরে এর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ এবং আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের কারণে আলোচনা আবারও স্থবির হয়ে পড়ে।


আন্তর্জাতিক এর আরও খবর

img

আলোচনা চলাকালে কাপুরুষ আমেরিকানরা সবকিছু ভেস্তে দিয়েছে: পেজেশকিয়ান

প্রকাশিত :  ১৬:২৩, ২৪ অক্টোবর ২০২৬

ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তি সম্পাদনের আলোচনা ব্যর্থ হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে আলোচনা আবার শুরু করে চুক্তি চূড়ান্ত করার পক্ষে মত দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে সম্প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, আমরা যখন আলোচনা করছিলাম, তখন কাপুরুষ আমেরিকানরা সবকিছু ভেস্তে দিয়েছে। তবু আমি মনে করি, আমাদের আবার এগিয়ে গিয়ে চুক্তিটি সম্পন্ন করা উচিত।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত গণমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে বারবার ইরানকে হুমকি দেন বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র। একই সঙ্গে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তার জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, বর্তমান পরিস্থিতিতে কার্যকর অভিযান চালাতে পারবে না; এ বিষয়টি শত্রুপক্ষ অন্য সবার চেয়ে ভালো জানে। তারা নিজেদের লক্ষ্য অর্জনে নিশ্চিতভাবেই ব্যর্থ হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সম্ভাব্য নতুন হামলার সিদ্ধান্ত আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর নেওয়া হবে। তবে তিনি বারবার দাবি করেছেন, নতুন করে সামরিক অভিযান চালিয়ে যে কোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পারেন তিনি।

মোহেব্বি বলেন, যুদ্ধসংক্রান্ত মার্কিন বিবৃতিগুলোর উদ্দেশ্য হলো, গণমাধ্যমে এসব বিষয় প্রচারণা ও ইরানের জনগণের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালালে তার জবাব দিতে প্রস্তুত থাকবে ইরান। এমনকি সীমিত পরিসরে কোনো পদক্ষেপ নিলেও সশস্ত্র বাহিনীর বর্তমান প্রস্তুতি ও কার্যপরিকল্পনার কারণে ইরানের জবাব হবে কয়েক গুণ বেশি শক্তিশালী।

সূত্র : রয়টার্স