img

সমস্যা বয়স নয়, দৃষ্টিভঙ্গি, বললেন তাপসী পান্নু

প্রকাশিত :  ০৯:৪২, ০৭ জুন ২০২৬

সমস্যা বয়স নয়, দৃষ্টিভঙ্গি, বললেন তাপসী পান্নু

অভিনেত্রী তাপসী পান্নু বলিউডে নারী ও পুরুষ তারকাদের ক্ষেত্রে বয়সভিত্তিক বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, ইন্ডাস্ট্রিতে এখনও এমন ধারণা প্রচলিত আছে যে ৩০ বছরের বেশি বয়সী অভিনেত্রীদের রোমান্টিক কিংবা কমেডি ঘরানার সিনেমায় কাস্ট করার ক্ষেত্রে অনাগ্রহ দেখা যায়।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনযায়ী, এক সাক্ষাৎকারে তাপসী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এখনো এমন ধারণা কাজ করে যে ৩০ বছরের বেশি বয়সী অভিনেত্রীদের রোমান্টিক, কমেডি ঘরানার ছবিতে নিতে চায় না।’

তিনি এই দৃষ্টিভঙ্গিকে প্রশ্নবিদ্ধ করে বলেন, ‘যদি বয়স সত্যিই একটি মানদণ্ড হয়, তাহলে সেটা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমানভাবে হওয়া উচিত।’

এ প্রসঙ্গে তিনি জনপ্রিয় পুরুষ তারকাদের দীর্ঘ ক্যারিয়ারের উদাহরণ টানেন। বিশেষভাবে তিনি শাহরুখ খানের নাম উল্লেখ করে বলেন, ‘বয়স বাড়লেও তিনি এখনো রোমান্টিক ঘরানার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এবং দর্শকের কাছে গ্রহণযোগ্য।’

তাপসীর মতে, ‘সমস্যা বয়স নয়, সমস্যা দৃষ্টিভঙ্গি।’

তিনি আরও বলেন, ‘৩০ বছরের পর অনেক অভিনেত্রীকে রোমান্টিক লিড চরিত্রে কম দেখা যায়, অথচ তাদের দক্ষতা বা জনপ্রিয়তা কমে না।’

তার মতে, এই ধরনের মানসিকতা পরিবর্তন হওয়া জরুরি, কারণ আধুনিক সিনেমায় চরিত্র ও গল্পই হওয়া উচিত মূল বিষয়, বয়স নয়।

তাপসী পান্নু ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০১০ দশকের শুরু থেকে বলিউডে কাজ করছেন এবং ধীরে ধীরে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘পিংক’, ‘বদলা’, ‘থাপ্পড়’, ‘মিশন মঙ্গল’, ‘মারজাবান’, ‘হাসিন দিলরুবা’ এবং ‘দুনকি’।

বর্তমানে তিনি বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের একজন। সাম্প্রতিক সময়ে তিনি অনুবাব সিনহার পরিচালনায় ‘অস্সি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা ২০২৬ সালে মুক্তি পেয়েছে এবং তাকে কেন্দ্র করে সমালোচকদের প্রশংসাও পেয়েছে।

তার আসন্ন প্রজেক্টের মধ্যে রয়েছে কানিকা ধিল্লনের সঙ্গে ‘গান্ধারী’ নামের একটি নেটফ্লিক্স থ্রিলার, যেখানে তিনি একটি অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। এছাড়া আরও কয়েকটি প্রজেক্ট নিয়েও তিনি কাজ করছেন, যা ২০২৬–২০২৭ সালে পর্যায়ক্রমে মুক্তি পাওয়ার কথা।


 

img

শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

প্রকাশিত :  ১৩:৩৭, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:৪২, ২৩ জুলাই ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিতে গিয়ে মুম্বাইয়ের দাদার এলাকায় পুলিশের হাতে আটক হন অভিনেত্রী আয়েশা খান। পরে তাকে ওরলি থানায় নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম  এক ভিডিও বার্তায় তিনি নিজেই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওতে তিনি বলেন, ‘এখন আমার হাত সত্যিই কাঁপছে। আমি শুধু শান্তভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ আমাকে পুলিশের ভ্যানে তুলে আটক করা হয়েছে।’

আয়শার দাবি, তিনি বিক্ষোভ শুরু করেননি। এর আগেই তার ভাই এবং কয়েকজন পুরুষ বন্ধুকে পুলিশ আটক করে। সেসময়ে তিনি শুধু রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। 

আয়শার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, আর এক যুবক বলছেন, তার গণিতের পরীক্ষা রয়েছে। কোনো কারণ ছাড়াই তাকে আটক করা হয়েছে বলে তারও অভিযোগ। 

তিনি বলেন, যদি পরীক্ষা দিতে না পারেন, তা হলে বড় সমস্যায় পড়বেন। আর একটি ভিডিওতে দেখা যায়, আয়েশা পুলিশকর্মীদের জিজ্ঞেস করছেন, তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেই প্রশ্নের কোনও উত্তর তিনি পাননি। চার জন মহিলা পুলিশকর্মী জোর করে আয়শাকে ভ্যানে তুলছেন, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

সেই ভিডিওর সঙ্গে তিনি লেখেন, দুর্ভাগ্যজনকভাবে আমাকে ভ্যানে তুলতে চার জন মহিলা পুলিশকর্মী এসেছিলেন। কিন্তু আমি আবার একই প্রশ্ন করছি, কেন? আমি কি কোনও হইচই করেছি? আমি কি কোনও কথাবার্তা শুরু করেছিলাম? আমাকে কেন আটক করা হলো? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য? আমি তো পাঁচ জনের দলের মধ্যেও ছিলাম না।

আয়শা পুরো ঘটনায় স্তম্ভিত হয়ে যান। তাকে ওরলি থানায় নিয়ে যাওয়া হয়। সেই ভিডিওতে তিনি পুরো ঘটনার বর্ণনা দেন। আয়শা জানান, তিনি তার ভাই এবং কয়েকজন বন্ধুর সঙ্গে নিট পরীক্ষার্থীদের সমর্থনে দাদারে বিক্ষোভে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছাতেই পুলিশ জানায়, ওই জায়গায় বিক্ষোভ করা যাবে না। এরপর তার ভাই এবং অন্য পুরুষ বন্ধুদের পুলিশের ভ্যানে তুলে আটক করা হয়।

আয়শার দাবি, তিনি তখন শুধু রাস্তায় দাঁড়িয়ে ভাবছিলেন, কী করবেন এবং কীভাবে তার ভাইয়ের খোঁজ পাবেন। সেই সময়ে প্রায় ১৫ জন পুলিশকর্মী এসে তাদের ভ্যানে উঠতে বলেন। তার অভিযোগ, জোর করে তাদের ভ্যানে তুলে ওরলি থানায় নিয়ে যাওয়া হয়।

তবে ভিডিওতে আয়শা ওরলি থানার পুলিশকর্মীদের প্রশংসাও করেন। প্রত্যেকে খুবই ভাল ব্যবহার করেছেন বলে জানান। যদিও তাঁকে কেন আটক করা হলো, সেই প্রশ্নের উত্তর এখনো তাঁর কাছে স্পষ্ট নয় বলেও দাবি করেন তিনি।