img

শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

প্রকাশিত :  ০৯:৪৯, ০৮ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:১৪, ০৮ জুন ২০২৬

শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সংগ্রাম দত্ত: জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, শ্রীমঙ্গল শাখার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী এ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এরপর সংগঠনের শিল্পীদের সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশনের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়।

অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, শ্রীমঙ্গল শাখার আহ্বায়ক তমাল চক্রবর্তী। তিনি উপস্থিত অতিথি, শিল্পী ও দর্শকদের শুভেচ্ছা জানান।

বিশিষ্ট আবৃত্তি শিল্পী জলি পালের সঞ্চালনায় এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক কল্যাণ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক নৃপেন্দ্রলাল দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি অজয় দেব এবং ভুনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী।

শুভেচ্ছা বক্তব্য দেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ, কবি ও সাহিত্যিক দ্বীপেন্দ্র ভট্টাচার্য। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চিন্তাধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দিনব্যাপী অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও কবিতা পরিবেশনার মাধ্যমে রবীন্দ্র-নজরুলের সৃষ্টিশীলতার বহুমাত্রিক রূপ তুলে ধরা হয়।

সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বর্ণাঢ্য এ সাংস্কৃতিক আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।



img

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

প্রকাশিত :  ০৭:০৬, ০৮ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং ইরানে বিস্ফোরণের খবর প্রকাশের পর জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হওয়ায় তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ৩.২০ ডলার বা ৩.৩৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.২৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২.৮৭ ডলার বা ৩.১৭ শতাংশ বেড়ে ৯৩.৪১ ডলারে ওঠে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের আশা তৈরি হওয়ায় গত শুক্রবার তেলের দাম কমেছিল। তবে মার্চ থেকে এখন পর্যন্ত তেলের দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে।

সোমবার ভোরে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ স্বাভাবিক হওয়ার আশাও ক্ষীণ হয়েছে।

যদিও রোববার ইরান ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বৃহত্তর সংঘাতের অবসানে একটি চুক্তি এখনও সম্ভব। তিনি জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির অন্যতম শর্ত হিসেবে দেখছে ইরান। মার্চে ইরান-সমর্থিত হিজবুল্লাহর হামলার পর ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে। পরে ওয়াশিংটনে আলোচনার মাধ্যমে গত ৩ জুন উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এদিকে সরবরাহ সংকট মোকাবিলায় রোববার ওপেক প্লাস টানা চতুর্থবারের মতো তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির অচলাবস্থা এবং বিভিন্ন উৎপাদনকারী দেশের সক্ষমতা সংকটের কারণে এই সিদ্ধান্তের বাস্তব প্রভাব খুবই সীমিত হবে।

জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির ভূরাজনৈতিক বিশ্লেষণ বিভাগের প্রধান জর্জ লিওন বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তের বাস্তব প্রভাব প্রায় শূন্যের কাছাকাছি।