img

দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে বড় পরিবর্তন আসবে: অর্থমন্ত্রী

প্রকাশিত :  ১২:০৫, ০২ জুন ২০২৬

দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে বড় পরিবর্তন আসবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চারজন কমিশনার ও একজন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁদের নাম সবাই জানতে পারবেন।’

আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭ : প্রত্যাশা ও বাস্তবায়ন’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।অর্থ ব্যবস্থাপনা অ্যাপ

সেমিনারে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নতুনভাবে সাজানো হচ্ছে। চেয়ারম্যান ও কমিশনারদের সম্পূর্ণ পেশাদার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনা কাজ করেনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পুঁজিবাজারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। যারা সত্যিকার অর্থে ক্যাপিটাল মার্কেট বোঝেন, এমন পেশাদারদেরই দায়িত্ব দেওয়া হচ্ছে। বিএসইসির একজন চেয়ারম্যান এবং চারজন কমিশনার নিয়োগ দেওয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যেই এটা দেখতে পারবেন।

তিনি বলেন, অতীতে নানা কারণে অনেক ভালো কোম্পানি শেয়ারবাজারে আসতে চাইতো না। কিন্তু পরিস্থিতি পরিবর্তনের কারণে এখন অনেক প্রতিষ্ঠান তালিকাভুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে।

অনেক উদ্যোক্তা এখন বলছেন তারা শেয়ারবাজারে আসতে চান। কারণ তারা ক্যাসিনোতে নয়, প্রকৃত স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে চান- বলেন আমির খসরু। তার মতে, ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে ব্যাংকনির্ভরতা কমবে এবং প্রতিষ্ঠানগুলো শেয়ার ও বন্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহ করতে পারবে।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে অনেক ব্যাংক ১২ থেকে ১৩ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি ঋণ দিচ্ছে, যা টেকসই নয়। ব্যাংকের আমানত স্বল্পমেয়াদি। অথচ তারা হাজার হাজার কোটি টাকার দীর্ঘমেয়াদি ঋণ দিচ্ছে। এটা ব্যাংকের কাজ নয়।

তিনি বলেন, কার্যকর পুঁজিবাজার গড়ে উঠলে দীর্ঘমেয়াদি অর্থায়নের বড় অংশ সেখান থেকেই আসবে এবং ব্যাংকের ওপর চাপ কমে যাবে।

উল্লেখ, গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতেও শীর্ষ পদে পরিবর্তন আসবে বলে আলোচনা চলছে। ইতোমধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য কয়েকজনের নামও এসেছে গণমাধ্যমে। গত প্রায় তিন মাস ধরে জোরেশোরে এ আলোচনা চললেও বাস্তবে সুনির্দিষ্ট কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। এদিকে যে কমিশন নিশ্চিতভাবেই পরিবর্তন হবে সে কমিশনের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বাজার সংশ্লিষ্টরা। তারা নতুন নেতৃত্বের অপেক্ষায় আছেন। তাতে বাজারে কাঙ্খিত গতি আসছে না।

অর্থনীতি এর আরও খবর

img

করের পাঁচ বছরের পথরেখা: স্বস্তির বার্তা, নাকি নতুন উদ্বেগের সূচনা?

প্রকাশিত :  ০৫:৫৪, ১৫ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:৫৮, ১৫ জুন ২০২৬

✍️ রেজুয়ান আহম্মেদ

বাংলাদেশের করব্যবস্থা নিয়ে করদাতাদের দীর্ঘদিনের একটি অভিযোগ হলো নীতিগত ধারাবাহিকতার অভাব। প্রায় প্রতি বাজেটেই করহার, করমুক্ত আয়সীমা কিংবা কর কাঠামোয় পরিবর্তন আনা হয়। ফলে ব্যক্তি করদাতা থেকে শুরু করে বিনিয়োগকারী—সবার জন্যই দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা করা কঠিন হয়ে পড়ে। সেই প্রেক্ষাপটে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকার ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য পাঁচ বছরের একটি কর পথরেখা ঘোষণা করেছে। দেশের কর ইতিহাসে এমন উদ্যোগ এই প্রথম।
নীতিগতভাবে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। কারণ এর মাধ্যমে করদাতারা অন্তত আগামী কয়েক বছরে তাঁদের করের দায় কীভাবে পরিবর্তিত হতে পারে, সে সম্পর্কে আগাম ধারণা পাবেন। অর্থনৈতিক কর্মকাণ্ডে পূর্বানুমানযোগ্যতা সব সময়ই গুরুত্বপূর্ণ। ব্যক্তি পর্যায়ের সঞ্চয়, বিনিয়োগ এবং পারিবারিক ব্যয় পরিকল্পনায়ও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে এমন এক সময়ে এই উদ্যোগ এসেছে, যখন দেশের অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি এবং বিনিয়োগের মন্থর গতির মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি।
কর পথরেখার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০৩০-৩১ করবর্ষে ৪ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করা হবে। একই সঙ্গে নারী, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিশেষ শ্রেণির নাগরিকদের জন্য অতিরিক্ত করসুবিধা রাখা হয়েছে। সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তির দৃষ্টিকোণ থেকে এসব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
তবে এখানেই আলোচনার শেষ নয়।
করমুক্ত আয়সীমা বাড়ানো হলেও নতুন কর কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার সর্বনিম্ন ৫ শতাংশ করস্ল্যাবটি বাতিল করেছে। ফলে করমুক্ত সীমা অতিক্রম করার পর প্রথম করযোগ্য আয়ের ওপর এখন থেকে সরাসরি ১০ শতাংশ হারে কর প্রযোজ্য হবে। বিষয়টি কাগজে-কলমে খুব বেশি দৃশ্যমান না হলেও বাস্তবে এর প্রভাব পড়তে পারে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত করদাতাদের ওপর।
যাঁদের আয় করমুক্ত সীমার সামান্য ওপরে, তাঁদের অনেকের ক্ষেত্রেই করের পরিমাণ আগের তুলনায় কমবে না; বরং বেড়ে যেতে পারে। অর্থাৎ করমুক্ত আয়সীমা বৃদ্ধির মাধ্যমে যে সুবিধা দেওয়া হয়েছে, তার একটি অংশ উচ্চতর প্রাথমিক করহারের কারণে আবার ফিরে নেওয়া হচ্ছে কি না—সে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। মূল্যস্ফীতির চাপে যখন পরিবারের ব্যয় ধারাবাহিকভাবে বাড়ছে, তখন অতিরিক্ত করের বোঝা মধ্যবিত্তের উদ্বেগ আরও বাড়িয়ে দিতে পারে।
করব্যবস্থার লক্ষ্য শুধু রাজস্ব সংগ্রহ নয়; এটি অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একটি কার্যকর কর কাঠামো এমন হওয়া উচিত, যা নতুন করদাতাদের উৎসাহিত করবে এবং বিদ্যমান করদাতাদের মধ্যে আস্থা সৃষ্টি করবে। কিন্তু করমুক্ত সীমা অতিক্রম করার পরপরই তুলনামূলক উচ্চ করহার আরোপ করা হলে অনেকের কাছেই করব্যবস্থাকে নিরুৎসাহব্যঞ্জক মনে হতে পারে।
অবশ্য সরকারের অবস্থানও পুরোপুরি উপেক্ষা করার সুযোগ নেই। বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও উদ্বেগজনকভাবে কম। সীমিতসংখ্যক করদাতার ওপরই রাজস্ব আহরণের বড় অংশ নির্ভরশীল। করফাঁকি, অপ্রদর্শিত আয় এবং অনানুষ্ঠানিক অর্থনীতির ব্যাপক বিস্তার কর প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ফলে রাজস্ব আহরণ বাড়ানোর চাপ সরকারের ওপর রয়েছে—এ কথাও সত্য।
কিন্তু প্রশ্ন হলো, রাজস্ব বৃদ্ধির সবচেয়ে কার্যকর পথ কোনটি? বিদ্যমান করদাতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা, নাকি করের আওতা সম্প্রসারণ করে নতুন করদাতাদের অন্তর্ভুক্ত করা?
এই প্রশ্নের উত্তর অর্থনীতিবিদেরা বহুবার দিয়েছেন। করহার বৃদ্ধি বা স্ল্যাব পুনর্বিন্যাসের মাধ্যমে স্বল্পমেয়াদে রাজস্ব বাড়ানো সম্ভব হলেও দীর্ঘমেয়াদে এর সীমাবদ্ধতা রয়েছে। বরং প্রযুক্তিনির্ভর কর প্রশাসন, তথ্যভিত্তিক নজরদারি, করফাঁকি প্রতিরোধ এবং নতুন করদাতাদের করের আওতায় আনার উদ্যোগই হতে পারে আরও টেকসই সমাধান।
পাঁচ বছরের কর পথরেখা একদিকে নীতিগত স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুযোগ সৃষ্টি করেছে, অন্যদিকে মধ্যবিত্তের জন্য কিছু নতুন উদ্বেগও সামনে নিয়ে এসেছে। করমুক্ত আয়সীমা বৃদ্ধি নিঃসন্দেহে ইতিবাচক। তবে একই সঙ্গে সর্বনিম্ন ৫ শতাংশ করস্ল্যাব বিলুপ্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও একেবারে অযৌক্তিক নয়।
রাজস্ব সংগ্রহ রাষ্ট্রের প্রয়োজন। তবে সেই রাজস্ব আহরণের পদ্ধতি ও ভারসাম্যও সমান গুরুত্বপূর্ণ। কারণ একটি করব্যবস্থার সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে নির্ধারিত হয় না; বরং করদাতারা সেটিকে কতটা ন্যায়সংগত, যুক্তিসংগত এবং গ্রহণযোগ্য মনে করছেন, সেটিও সমানভাবে বিবেচ্য।