img

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

প্রকাশিত :  ০৬:২৮, ২০ জুন ২০২৬

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ব্রাজিল। তবে সেই হোঁচট কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপুটে ফুটবল উপহার দিয়ে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন ম্যাথিউস কুনহা, জোড়া গোল করে ম্যাচের নায়ক বনে যান তিনি। কার্লো আনচেলত্তির শিষ্যরা এই জয়ে বিশ্বকাপে নিজেদের শক্ত অবস্থানের বার্তাও দিল।

ম্যাচের ১২ মিনিটেই হাইতির জালে বল জড়ান রাফিনিয়া। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর গোলের লক্ষ্যে একের পর এক আক্রমণ করে ব্রাজিল। 

অবশেষে ম্যাচের ২৩ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। ডান প্রান্ত থেকে বল নিয়ে হাইতির বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস। হাইতি গোলরক্ষক জনি প্লাসিড শটটি ঠেকালেও ফিরতি বলে আলতো শটে বল জালে জড়ান কুনহা।

এরপর ম্যাচের ৩৬ মিনিটে আবারও গোল করেন কুনহা। মাঝমাঠ থেকে দারুণ এক মুভ শুরু করেন ভিনিসিয়ুস। দৌড়ে তার বাঁ দিকে চলে যাওয়া কুনহাকে ডিফেন্স চেরা থ্রু পাস দেন ভিনি। সেখান থেকে বাঁ পায়ের শটে ম্যাচে দ্বিতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

কুনহার পর স্কোরশিটে নাম লেখান ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধে যোগ করা সময়ের ৩ মিনিটে হাইতি গোলকিপার জনি প্লাসিডকে একা পেয়ে তার দুই পায়ের ভেতর দিয়ে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে গোল ভিনি।

প্রথমার্ধে দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে বেশ ছন্নছড়া ছিল ব্রাজিল। অন্যদিকে, হাইতি নিজেদের কিছুটা গুছিয়ে নেয়। বেশ কিছু আক্রমণ চালায় তারা। তবে গোল আদায় করতে ব্যর্থ হয়। 

ম্যাচের ৭৮ মিনিটে ব্রাজিলের হয়ে বল জালে জড়িয়েছিলেন বদলি নামা এনদ্রিক। কিন্তু সেই গোল বাতিল হলো অফসাইডের কারণে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। 

এই জয়ে দুই ম্যাচ শেষে মরক্কোর সমান ৪ পয়েন্ট পেলেও গোলব্যবধানে (+৩) এগিয়ে থেকে সবার উপরে ব্রাজিল। স্কটল্যান্ডকে আগের ম্যাচে ১-০ গোলে হারানোর পর মরক্কো (+১) শীর্ষে উঠলেও ব্রাজিলের জয়ে নেমে গেছে দুই নম্বরে। হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটিশরা ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, শেষ ম্যাচে তারা খেলবে ব্রাজিলের বিপক্ষে।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

প্রকাশিত :  ১৬:০৩, ২০ জুন ২০২৬

বিশ্বকাপ এলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের মতো ফুটবল পরাশক্তিগুলো। তবে এবার সেই চিরচেনা আলোচনায় ভিন্ন সুর তুলেছেন ফুটবল কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। তাঁর মতে, এবারের বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রও শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারে।

গ্রুপ ‘ডি’-তে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এই জয়ে নকআউট পর্বও নিশ্চিত করেছে তারা। আর দলটির এমন পারফরম্যান্সই মুগ্ধ করেছে ইব্রাহিমোভিচকে।

ম্যাচ-পরবর্তী আলোচনায় জ্লাতান বলেন, ‘আগে যদি বিশ্বাস না করে থাকেন, তাহলে এখন বিশ্বাস করতে শুরু করুন। পুরো দেশ তাদের পেছনে আছে। এমন সমর্থন থাকলে কোনো দলকে হারানো কঠিন হয়ে যায়। আজ তারা দারুণ খেলেছে। সত্যি বলতে, অস্ট্রেলিয়া তাদের জন্য কোনো হুমকি হয়ে উঠতে পারেনি।’

শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বর্তমান ছন্দকেও বিশ্বকাপে অনেক দূর যাওয়ার বড় অস্ত্র হিসেবে দেখছেন তিনি।

জ্লাতান আরও বলেন, ‘আমি আগেও বলেছিলাম, বিশ্বকাপের আগে কী হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো এখন কী হচ্ছে। এই মুহূর্তে তাদের যে গতি ও আত্মবিশ্বাস আছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। ম্যাচ থেকে ম্যাচে এই আত্মবিশ্বাস ধরে রাখতে পারলেই তারা আরও এগিয়ে যাবে।’

তার মতে, বিশ্বকাপের আগে কী হয়েছে তা এখন আর গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো টুর্নামেন্টে বর্তমান পারফরম্যান্স। আর সেই জায়গায় যুক্তরাষ্ট্র দারুণ ছন্দে আছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে প্রথমে আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। পরে অ্যালেক্স ফ্রিম্যানের হেডে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এর মাধ্যমে ১৯৩০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে টানা দুই ম্যাচ জয়ের কীর্তিও গড়েছে মার্কিনরা।

ব্রাজিল, আর্জেন্টিনা বা ইউরোপের বড় দলগুলোর নাম না নিয়ে ইব্রাহিমোভিচের এমন প্রশংসা নতুন করে আলোচনায় এনে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। স্বাগতিকদের এই ছন্দ শেষ পর্যন্ত কত দূর নিয়ে যায়, সেটিই এখন দেখার অপেক্ষা।