img

ভিনির যে রেকর্ডের কারণে বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরে দেখছে ব্রাজিল

প্রকাশিত :  ০৮:২২, ২৫ জুন ২০২৬

ভিনির যে রেকর্ডের কারণে বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরে দেখছে ব্রাজিল

ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত ফর্মে এগিয়ে চলছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করে এমন এক কীর্তি গড়েছেন এই তারকা উইঙ্গার, যা ব্রাজিল সমর্থকদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথমার্ধেই জোড়া গোল করেন ভিনিসিয়ুস। এর আগে মরক্কোর বিপক্ষে একটি এবং হাইতির বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি। ফলে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করার বিরল কীর্তি গড়লেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

আর এখানেই লুকিয়ে আছে ব্রাজিলের জন্য বড় এক ‘শুভসংকেত’।

এর আগে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করেছিলেন মাত্র চারজন ফুটবলার— জাইরজিনহো (১৯৭০), রোমারিও (১৯৯৪), রোনালদো ও রিভালদো (২০০২)। উল্লেখযোগ্য বিষয় হলো, এই চারটি আসরেই শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি জিতেছিল ব্রাজিল।

২৪ বছর পর সেই তালিকায় নাম লেখালেন ভিনিসিয়ুস জুনিয়র। ফলে পরিসংখ্যান বলছে, এমন কীর্তি গড়া ফুটবলারদের হাত ধরেই অতীতে বিশ্বকাপ জয়ের হাসি হেসেছে সেলেসাওরা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপ ম্যাচে ভিনিসিয়ুসের অবদান পাঁচ গোলে। করেছেন ৪টি গোল, সঙ্গে রয়েছে ১টি অ্যাসিস্ট। নকআউট পর্বের আগে এমন পারফরম্যান্সে ব্রাজিলের আক্রমণভাগ আরো ভয়ংকর হয়ে উঠেছে।

তবে পরিসংখ্যান যতই ব্রাজিলের পক্ষে কথা বলুক, শেষ পর্যন্ত সেই ইতিহাস পুনরাবৃত্তি করতে হলে ভিনিসিয়ুসদের একই ধারাবাহিকতা ধরে রাখতে হবে নকআউট পর্বেও। এখন দেখার বিষয়, অতীতের মতো এবারও কি এই রেকর্ড ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপার পথে নিয়ে যেতে পারে।

img

রোমারিও বললেন, ‘ভিনিসিয়ুসই আমাদের প্রধান ভরসা’

প্রকাশিত :  ১৪:৫২, ২৫ জুন ২০২৬

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মরক্কোর সঙ্গে ড্র করে বিশ্বকাপ শুরু করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে । দ্বিতীয় ম্যাচে হাইতিকে হারানোর পর আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা।

ব্রাজিলের এমন চেনা ছন্দে ফেরাকে দারুণ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোমারিও। ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী সাবেক এই স্ট্রাইকারের মনে হচ্ছে, ব্রাজিল যেন আবার সেই চিরচেনা ব্রাজিল হয়ে উঠছে।

ব্রাজিলের শীর্ষস্থানীয় দৈনিক ‘ও গ্লোবো’তে লেখা নিজের এক কলামে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলিয়ানদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন রোমারিও।

তিনি লিখেছেন, ‘ব্রাজিল আবার ব্রাজিল হয়ে উঠছে। আনন্দ নিয়ে খেলা, আক্রমণাত্মক ফুটবল, আর বুকে থাকা পাঁচ তারকার মর্যাদা প্রমাণ করা—সবই ছিল এই ম্যাচে। এখনো আমাদের সামনে পাঁচটি ম্যাচ এবং অনেক চ্যালেঞ্জ বাকি।’

স্কটল্যান্ডের বিপক্ষে এমন দাপুটে জয়ে ব্রাজিলের আত্মবিশ্বাসও এখন তুঙ্গে। রোমারিও সেটা মনে করিয়ে দিয়ে বলেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল দারুণ একটি ম্যাচ খেলেছে! এটি ছিল আত্মবিশ্বাস বাড়ানোর একটি ম্যাচ, যা নকআউট পর্বে যাওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হলো প্রতিটি ম্যাচে আরও উন্নতি করা। বিশ্বকাপের ইতিহাস বলে, যারা প্রথম ম্যাচ থেকেই আধিপত্য দেখায় তারা সাধারণত চ্যাম্পিয়ন হয় না। বরং তারাই হয়, যারা টুর্নামেন্ট গড়ানোর সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হয়ে ওঠে।’

গ্রুপ পর্বের তিন ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচে এক গোল করে দলকে ১ পয়েন্ট এনে দেন। এরপর হাইতির বিপক্ষে নিজে এক গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেন। আজ স্কটল্যান্ডের বিপক্ষে তো করলেন জোড়া গোল।

ভিনির এমন পারফরম্যান্সে মুগ্ধ রোমারিও লিখেছেন, ‘ভিনি দুর্দান্ত ফর্মে আছে। চারটি গোল নিয়ে এখন নিঃসন্দেহে সে আমাদের সবচেয়ে বড় তারকা। বিশেষ করে রাফিনিয়া চোটে থাকায় সে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, যেমনটা বড় খেলোয়াড়দের করা উচিত এবং গোল করার অসাধারণ ক্ষমতা দেখিয়েছে। এ পর্যন্ত বিশ্বকাপে সে-ই আমাদের প্রধান ভরসা।’

মাঠে ভিনিসিয়ুস-কুনিয়ারা যেমন আলো ছড়াচ্ছেন, তেমনি ডাগআউটে দাঁড়িয়ে কৌশল দেখাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তিও। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচের ওপর পূর্ণ আস্থা রোমারিওর। এই কিংবদন্তির বিশ্বাস, ব্রাজিলকে হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ ট্রফিটা আনচেলত্তিই এনে দিতে পারেন।

কোচের প্রশংসা করে তিনি বলেন, ‘একজন ভালো ইতালিয়ানের মতো তিনিও খুব বাস্তববাদী। তাঁর হাতে কী খেলোয়াড় আছে এবং কোন পরিস্থিতিতে কাকে ব্যবহার করতে হবে, তা তিনি খুব ভালো বোঝেন। তিনি খুব বেশি চিৎকার করেন না, কিন্তু তাঁর ব্যক্তিত্ব ও মর্যাদার কারণে সবাই তাঁকে সম্মান করে। ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা জেতানোর জন্য তাঁর সব গুণই রয়েছে।’

খেলাধূলা এর আরও খবর