img

আর্জেন্টিনার মুখোমুখি হওয়া নিয়ে যা বললেন রোনালদো

প্রকাশিত :  ০৬:১৩, ২৪ জুন ২০২৬

আর্জেন্টিনার মুখোমুখি হওয়া নিয়ে যা বললেন রোনালদো

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা—লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে পারেন। সম্ভাব্য সেই লড়াই নিয়ে বিশ্বজুড়ে যখন আলোচনা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগাল অধিনায়ক রোনালদো।

উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়ে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো সংক্ষিপ্ত উত্তর দেন, ‘মেসি? পরের প্রশ্ন।’

তবে আর্জেন্টিনা ও পর্তুগাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে, এমন সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ভিন্ন সুরে কথা বলেন তিনি।

রোনালদো বলেন, ‘বিশ্বকাপে লিও মেসির বিপক্ষে খেলা? প্রশ্নটা খুব একটা অর্থবহ নয়।

তবে যদি এমনটা হয়, সেটা অবশ্যই দারুণ হবে।’

তিনি আরো বলেন, ‘আমার মনোযোগ ছিল আজকের ম্যাচে। আমরা জিতেছি, আমি গোল করেছি এবং দল হিসেবে সামনে এগিয়ে যাচ্ছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আমি খুবই খুশি।’

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পাওয়ার পর নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে গেছে পর্তুগাল। অন্যদিকে মেসির নেতৃত্বে আর্জেন্টিনাও দুর্দান্ত ছন্দে রয়েছে। ফলে টুর্নামেন্টের শেষভাগে দুই কিংবদন্তির বহুল প্রতীক্ষিত লড়াই দেখার সম্ভাবনা আরো জোরালো হয়েছে।


img

ঘানার সমর্থকদের কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

প্রকাশিত :  ১৩:১৯, ২৪ জুন ২০২৬

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হলেও, ম্যাচ-পরবর্তী আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক অদ্ভুত বিতর্ক ‘কালো জাদু’ বা আফ্রিকান ঐতিহ্যবাহী ‘জুজু’।

‘আমি হ্যারি কেইনের ওপর কাজ করছি। আমি কী করতে পারি, সেটা আগে দেখিয়েছি। কেইনকে থামাতে কী করতে হবে, সেটাও জানি। এতে তার বড় কোনো ক্ষতি হবে না। তবে আমার দেশের উপকার হবে’—ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ঘানার বিখ্যাত জাদুকর নানা কওয়াকু বোনসাম এই মন্তব্য করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেন। 

বোনসামের এই মন্তব্যের পর গতকাল রাতে যা ঘটে গেছে, তা অনেকের কাছে বিস্ময়কর মনে হচ্ছে।

বোস্টনে ‘এল’ গ্রুপের ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে গোলশূন্য রুখে দিয়েছে ঘানা। এর আগে পানামার বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জয় পায় তারা। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র চারটি দল গোল হজম করেনি; ঘানা এর একটি! 

ফর্মের তুঙ্গে থাকা ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন কাল মাঠে তেমন প্রভাব ফেলতে পারেননি। বলার মতো সুযোগও তৈরি করতে পারেননি।

যে একটি সুযোগ পেয়েছিলেন, সেই শটও ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। 

বোনসামের কথার সঙ্গে সব কিছু মিলে যাওয়ায় অনেকে মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি ঘানার এই জাদুকরের কালো জাদুই ইংল্যান্ডের কাল হলো?

গতকাল রাতে বোস্টনের জিলেট স্টেডিয়ামের গ্যালারির এক দৃশ্যও এমন ধারণাকে আরো জোরালো করে তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘানার কিছু সমর্থক ম্যাচ চলাকালে সাদা পাউডার ছিটিয়ে ও বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে নিজ দলের সাফল্যের জন্য প্রার্থনা করছেন। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রচলিত আধ্যাত্মিক চর্চা, জুজু বা কালো জাদুর সঙ্গে মিল থাকায় এই দৃশ্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘানার সঙ্গে গোলশূন্য ড্রয়ের কারণ খুঁজতে গিয়ে ডেকলান রাইসও কালো জাদুর বিষয়টি সামনে এনেছেন।

ম্যাচ শেষে ইংল্যান্ডের এই মিডফিল্ডার বলেছেন, ‘আমরা গোল করার জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করেছি। শট নিয়েছি, হেড করেছি, সেট পিস থেকেও চেষ্টা করেছি। কিন্তু কিছুই কাজে আসেনি। জানি না, কেন এমন হলো। হয়তো কালো জাদুই মাঠে কাজ করছিল!’


খেলাধূলা এর আরও খবর