img

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদন্ড পাওয়া কে এই আজিজ?

প্রকাশিত :  ১৩:৫৬, ২৫ জুন ২০২৬

 সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদন্ড পাওয়া কে এই আজিজ?

সিলেটের বহুল আলোচিত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় একজন আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের সাবেক হুইপ জি কে গউছসহ ৯ জনকে খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় প্রদান করেন।

এ তথ্য জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন বলেন, মামলার রায়ে আজিজ নাঈম নামে একজনকে মৃত্যুদন্ড ও বাকিদের খালাস প্রদান করা হয়েছে।

জানা যায়, আজিজ নাঈমের বাড়ি জগন্নাথপুরের সেয়দপুরে। তিনি সুরঞ্জিত সেনহত্যা চেষ্টা ছাড়া বিভিন্ন বোমা হামলা ও জঙ্গি হামলা মামলার আসামি। এসব মামলায় প্রায় ২০ বছর জেল খাটেন আজিজ। তিনি সুরঞ্জিত সেন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৪৪ ধারায় জবানবন্দিও দেন।

জানা যায়, আজিজ নাঈম সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর সিলেটে বোমা হামলা গ্রেপ্তার হয়েছিলেন। যদিও পরে এই মামলায় খালাস পান। এছাড়া সিপিবির সমাবেশে বোমা হামলা মামলা, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের উপর বোমা হামলা মামলা, সাবেক অর্থমন্ত্রী শাহ ্এসএম কিবরিয়া হত্যা মামলারও আসামি আজিজ নাঈম।

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় জেল খাটার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

তবে আজিজ নাঈমকে ফাঁসানো হয়েছে দাবি করেছেন তার ভাই। বৃহস্পতিবার রায় ঘোষণার পর রায়ে অসন্তোষ প্রকাশ করে মৃত্যুদন্ড প্রাপ্ত আজিজ নাঈমের ভাই সৈয়দ মারুফ আহমদ বলেন, আমার ভাইকে ফাঁসানো হয়েছে। সে এ ঘটনার সাথে জড়িত নয়। আমরা রায়ের বিরুদ্ধে আপিল করবো।

তিনি বলেন, ১/১১ সরকার তারে জঙ্গি সাজাতে চেয়েছে সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় নির্যাতন করে ১৪৪ ধারায় জবানবন্দি আদায় করেছে।

রায় ঘোষণার পর আদালত চত্বর থেকে কারাগারে নেওয়ার সময় আসামি আজিজ নাঈমকেও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেদিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলে নিহত ও ২৯ জন আহত হন। হামলায় অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত।

ওই ঘটনায় দিরাই থানার এসআই হেলাল উদ্দিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২০২০ সালের ২২ অক্টোবর লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু হয়।

সিলেটের খবর এর আরও খবর

img

লাখাইয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ

প্রকাশিত :  ১৫:০৭, ২৫ জুন ২০২৬

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩৪) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে তার মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গতকাল বুধবার (২৪ জুন) উপজেলার ভাদিকারা গ্রামে এ ঘটনা ঘটে। সুমন মিয়া ওই গ্রামের জিতু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে টাকার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে। ঘটনার পর সামাজিক লজ্জা ও ভয়ের কারণে কিশোরী বিষয়টি পরিবারের কাউকে জানায়নি বলে জানা গেছে।

বুধবার সকালে কিশোরী পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত সুমন মিয়াকে তার গ্রাম থেকে আটক করে। এ সময় তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। পরে তাকে লাখাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের মাথা ন্যাড়া করার বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সিলেটের খবর এর আরও খবর