img

খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

প্রকাশিত :  ১১:৪৮, ১৫ জুন ২০২৬

 খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় খোয়াই নদী গোসল করতে গিয়ে মোঃ আব্দুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

গত শনিবার (১৩ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করার সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজ মোঃ আব্দুল্লাহ উপজেলার গাজিপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে গোসলে নামার পর তীব্র স্রোতে তিনি ভেসে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান ছিল।


সিলেটের খবর এর আরও খবর

img

শ্রীমঙ্গলের হাইল হাওরে জেলেদের জালে ধরা পড়ল ১২ ফুট দীর্ঘ অজগর, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার

প্রকাশিত :  ১১:২৭, ১৫ জুন ২০২৬

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ ধরার জালে আটকা পড়েছিল একটি ১২ ফুট দীর্ঘ অজগর সাপ। অপ্রত্যাশিত এই ঘটনায় আতঙ্কিত হয়ে জেলেরা জাল পানিতেই ফেলে নিরাপদ স্থানে সরে যান। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, হাওরে মাছ ধরার জন্য পাতা জাল তুলতে গেলে জেলের জালে আটকে যায় বিশাল আকৃতির অজগরটি। সাপটি দেখতে পেয়ে জেলেরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান।

পরে বিষয়টি স্থানীয় পর্যায়ে পৌঁছালে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি দল ঘটনাস্থলে যায়। তারা নিশ্চিত হন, জালে আটকে পড়া প্রাণীটি একটি অজগর সাপ।

এরপর হাওরের পানিতে নেমে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ প্রায় এক ঘণ্টার চেষ্টায় অজগরটিকে জালের ফাঁদ থেকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকারী দল জানায়, সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ১৬ থেকে ১৭ কেজি।

উদ্ধারের পর অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

শ্রীমঙ্গল অঞ্চলটি চারদিকে ঝোপঝাড়, লেক, পাহাড়-টিলা, সংরক্ষিত বনাঞ্চল ও চা-বাগানে ঘেরা এক বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশের অংশ। লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন এই এলাকায় বিভিন্ন বন্য প্রাণীর আবাসস্থল রয়েছে। তবে জনসংখ্যা বৃদ্ধি, বনভূমি দখল এবং পরিবেশগত পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময়ে খাদ্যের সন্ধানে বন্য প্রাণীদের লোকালয়ে চলে আসার ঘটনা বেড়েছে বলে পরিবেশ সংশ্লিষ্টরা মনে করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের তথ্যমতে, গত দুই দশকে সংস্থাটি দুই হাজারের বেশি বন্য প্রাণী উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেছে।

প্রকৃতির ভারসাম্য রক্ষায় শ্রীমঙ্গলের হাইল হাওর ও আশপাশের জলাভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বন্য প্রাণী সংরক্ষণে দ্রুত সাড়া ও সমন্বিত উদ্যোগের ফলে এসব প্রাণী নিরাপদে উদ্ধার ও পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে।


সিলেটের খবর এর আরও খবর