img

হবিগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের হুমকি: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশিত :  ০৬:৪৭, ১২ জুন ২০২৬

 হবিগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের হুমকি: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে উত্যক্ত ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে থেকে “ছাত্র-ছাত্রী ও সচেতন এলাকাবাসী” ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আউশকান্দি হীরাগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরে গিয়ে অবস্থান নেয়।

পরে শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ছাত্রদল কর্মী শাকিল আহমেদ ও তার সহযোগী শাহিন তালুকদার এক কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছেন এবং তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন। এ ঘটনায় অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। এরপর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সিলেটের খবর এর আরও খবর

img

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত :  ১৭:২৪, ১২ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৪৪, ১২ জুন ২০২৬

মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান (২৬) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশজুড়ে পুশইন ও সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশের মধ্যেই এই ঘটনা ঘটল।

আজ শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় ওই বাংলাদেশিকে হত্যা করা হয় বলে জানান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, ‘খবর নিয়ে জানতে পেরেছি- বিকেলে নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে। তার মরদেহ ঘটনাস্থলেই পড়ে আছে।’

এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ‘সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম মাসে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটেনি, যা ইতিবাচক হিসেবে প্রশংসিত হয়েছিল। পরবর্তী সময়ে (মার্চ, এপ্রিল, মে ও জুন) সীমান্ত পরিস্থিতি অবনতি হয়।

জুন মাসে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মাসিক প্রতিবেদনে বলা হয়, শুধু মে মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে ছয়টি হামলার ঘটনায় ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ। এছাড়া বিএসএফের হাতে ১৪ জন বাংলাদেশি আটক হয়েছেন।

আইন ও সালিশ কেন্দের (আসক) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে ৯ মে পর্যন্ত কমপক্ষে ছয় বাংলাদেশি নাগরিক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন।

অন্যদিকে গত মে মাসের শেষভাগ থেকে ভারত থেকে পুশইনের চেষ্টা আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। বিশেষ করে ভারতে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর এই প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।


সিলেটের খবর এর আরও খবর