জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর মিথ্যা মামলার রায়ের বিরুদ্ধে যুক্তরাজ্যে জাসদের প্রতিবাদ সভা
গত ৩০শে জুন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি, সাবেক মন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা জননেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে নেক্কারজনক মিথ্যা মামলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যে রায় ঘোষণা করা হয়েছে, তাঁর প্রতিবাদে যুক্তরাজ্য জাসদের উদ্যোগে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভা কক্ষে আজ ১লা জুলাই এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় । সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাসদের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারুনুর রশীদ এবং পরিচালনা করেন যুক্তরাজ্য জাসদের সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু ।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিথ্যা মামলায় সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসামূলক এই রায়ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান ।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগষ্টে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর ড. ইউনুস সরকার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতকে উল্টে দেয়। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত সেই আদালতে বীরমুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিচার করাটাই একটি প্রহসন।
তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জনাব হাসানুল হক ইনুর অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকার জন্যই তাঁর উপর এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে।
জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলায় আনীত ২০২৪ সালের ৫ আগষ্ট কুষ্টিয়ায় ৬ জন হত্যা, ২০২৪ এর জুলাই-আগষ্টে দেশের বিভিন্ন স্থানে সংঘঠিত হত্যাকান্ডের ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’র যে দায় ও অভিযোগসহ যে ৮টি অভিযোগ আনা হয়েছিল সে অভিযোগগুলো আদালতের রায়েও প্রমাণিত হয়নি। তাঁর বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’র দায় দেয়া হলেও তিনি ঐ সময় মন্ত্রী, বা এমপি, বা রাষ্ট্রীয়, বা সরকারী, বা প্রশাসনিক কোনো দায়িত্ব বা পদে ছিলেন না। ঐ সময় পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ রাষ্ট্রীয় কোনো আইনশৃংখলা রক্ষা বা নিরাপত্তা বাহিনীর উপর তাঁর কোনই নিয়ন্ত্রণ ছিল না। সরকার পক্ষ কুষ্টিয়ায় ৬ জনের হত্যাকান্ডের সাথে জনাব হাসানুল হক ইনুর সামান্যতম সংশ্লিষ্টতাও প্রমাণ করতে ব্যার্থ হয়েছে।
তিনি আরো বলেন, সাজানো আদালতে বিচারের নামে প্রহসনে জনাব হাসানুল হক ইনু নিকৃষ্টতম অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন। তিনি তাঁর বক্তব্যে হাসানুল হক ইনুর প্রতি অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধে দেশ ও বিদেশের বিবেকবান মানুষ এবং মানবাধিকারে বিশ্বাসী সকল দেশ, সরকার, সংস্থার প্রতি প্রতিবাদ করার আহ্বান জানান।
প্রতিবাদ সভায় যুক্তরাজ্য জাসদের আরও যারা বক্তব্য রাখেন তারা হলেন, যুক্তরাজ্য জাসদের সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা ড. আবু মুস্তফা, সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য আলাউদ্দিন আহমদ মুক্তা, অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, প্রচার যোগাযোগ সম্পাদক এমরান আহমদ, সিলেট জেলা জাসদ ও যুক্তরাজ্য জাসদের সদস্য মোঃ কামরান আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর এবং যুক্তরাজ্য নারীজোট নেত্রী রেহানা বেগম । তারা তাদের বক্তব্যে জননেতা হাসানুল হক ইনুর প্রতি নিকৃষ্টতম অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসামূলক এই রায়ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এই রায় প্রত্যাখ্যান করেন । যুক্তরাজ্য জাসদ নেতৃবৃন্দ জননেতা হাসানুল হক ইনুকে অতি দ্রুত নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান ।
প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে আরও যারা বক্তব্য রাখেন তারা হলেন যথাক্রমে, বিশিষ্ট কমিউনিটি নেতা এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর সেলিম উল্লাহ, বিশিষ্ট কলামিষ্ট ও কমিউনিটি ব্যক্তিত্ব নুর মনি, ঘাতক দালাল নির্মূল কমিটির ইউরোপিয়ান ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক ড. আনসার আহমদ উল্লাহ, কমিউনিটি নেতা জামাল খাঁন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, কমিউনিটি ব্যক্তিত্ব শেখ দবীর, সৈয়দ গোলাব আলী, আব্দুস সাত্তার, হাজী জিলু খাঁন, তানভির হোসেন ( বি এস এস, ইউ কে), আজাদ মিয়া, আব্দুল করিম নাদিম, নাহিদ হোসেন এবং নুসরাত জাহান মৈত্রী প্রমুখ ।
-প্রেস বিজ্ঞপ্তি


















