img

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ফলপ্রসূ মতবিনিময়

প্রকাশিত :  ১৯:৫৩, ১২ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ২১:১৩, ১২ জুলাই ২০২৬

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ফলপ্রসূ মতবিনিময়

লন্ডন: যুক্তরাজ্য সফররত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম-এর সঙ্গে শনিবার ১১ই জুলাই ২০২৬, সেন্ট্রাল লন্ডনের হিলটন হোটেলে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK)-এর একটি প্রতিনিধিদল সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ বৈঠকে মিলিত হয়েছেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সিরাজুল বাছিত চৌধুরী এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. কামরুল হাসান (এমকিউ হাসান)। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, নির্বাহী সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক ড. কামরুল হাসান এবং সাধারণ সদস্য ব্যারিস্টার মাহবুব। প্রতিনিধিদলের পক্ষ থেকে মাননীয় উপাচার্যকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। উপাচার্য আন্তরিকভাবে শুভেচ্ছা গ্রহণ করেন।

অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম বর্তমানে অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (ACU)-এর কাউন্সিল সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাজ্য সফর করছেন।

বৈঠকে প্রতিনিধিদল সংগঠনের পরিচিতি তুলে ধরে এর লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। সভাপতি সিরাজুল বাছিত চৌধুরী জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আবাসিক স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের একটি সংগঠন। 

সভাপতি  উল্লেখ করেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, শিক্ষা ও গবেষণাবিষয়ক সেমিনার, বাংলাদেশের জাতীয় দিবস পালন, মহান অমর একুশে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অ্যালামনাই পুনর্মিলনী, শিক্ষা ও বিনোদনমূলক বিদেশ ভ্রমণ, ঈদ পুনর্মিলনী, ইফতার ও দোয়া মাহফিল, মানবিক ও দাতব্য কার্যক্রম, বার্ষিক শিক্ষা সফর, বাংলা নববর্ষ, ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন মানবিক সহায়তার জন্য তহবিল সংগ্রহ এবং অসুস্থ ও আর্থিক সংকটে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তাসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষতে আরো অধিক সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করার পরিকল্পনা কথাও উল্লেখ করেন বাছিত চৌধুরী।

উপাচার্য ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম সংগঠনের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁদের অব্যাহত অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষভাবে স্কলারশিপ কার্যক্রমের প্রশংসা করে বলেন, এটি মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।

মাননীয় উপাচার্য  যুক্তরাজ্য প্রবাসী অ্যালামনাই সদস্যদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল (Research Fund)-এ সহযোগিতার আহ্বান জানান এবং বলেন, মানসম্মত গবেষণার জন্য অধিকতর আর্থিক বিনিয়োগ ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। পাশাপাশি তিনি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স কেয়ার ফান্ড-এ ভবিষ্যতে সহযোগিতার বিষয়টিও বিবেচনার আহ্বান জানান, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে।

উপাচার্য তাঁর সময়সূচির সঙ্গে সামঞ্জস্য সাপেক্ষে জানুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিতব্য পরবর্তী স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করার সদয় সম্মতি জানান।

আলোচনায় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্য অ্যালামনাই সংগঠনের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের কল্যাণে এই প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।  তিনি সংগঠনের অন্যতম প্রধান উদ্যোগ ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে স্কলারশিপ ট্রাস্ট ফান্ড’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় একটি তহবিলের মাধ্যমে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কাছে এই ট্রাস্ট ফান্ডে প্রায় ২১ লাখ টাকা সংরক্ষিত রয়েছে।

নির্বাহী সদস্য ড. কামরুল হাসান প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের সাথে  সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় ও বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের মধ্যে একাডেমিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে উপাচার্যের সঙ্গে মতবিনিময় করেন।

সংগঠনের পক্ষ থেকে ব্যারিস্টার মাহবুব উপাচার্যকে সময় দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রবাসী অ্যালামনাইদের অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. কামরুল হাসান উপাচার্যকে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের স্কলারশিপ প্রদান অনুষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত অবহিত করে বলেন, তিনি জানান, প্রতি বছরের ন্যায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ৫ই জানুয়ারি ২০২৬ তারিখে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৮৩টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের ১১৬ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থী ১২,০০০ টাকা করে বৃত্তি লাভ করেন এবং সর্বমোট ১৩,৯২,০০০ টাকা (প্রায় ১৩.৯২ লাখ টাকা) বৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ ও ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ব্যারিস্টার মো. কামরুল হাসান আরও জানান, যুক্তরাজ্য অ্যালামনাইয়ের সদস্যরা ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনতে স্কলারশিপ ট্রাস্ট ফান্ডে অধিকতর অবদান রাখার ব্যাপারে আগ্রহী।

স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে ট্রাস্ট ফান্ডের প্রতিনিধিত্ব করেন সাধারন সম্পাদক ব্যারিস্টার মো. কামরুল হাসান সংগে ছিলেন  ব্যারিস্টার মুহাম্মদ আবুল কালাম, মির্জা আসাব বেগ এবং ইসমাইল হোসেন,  সহযোগী অধ্যাপক আজিজউদ্দিন, আহসান কবির খান, মুহাম্মদ রফিক আহমেদ, আফসারুন হোসেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. কামরুল হাসান আশা প্রকাশ করেন যে, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষার্থী কল্যাণ, গবেষণা, বৃত্তি কার্যক্রম, শিক্ষক সহায়তা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করে যাবে। তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংগঠনের দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকের শেষে উপাচার্য এবং উপস্থিত নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যপ্রবাসী অ্যালামনাইদের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার উৎকর্ষ সাধন, শিক্ষার্থীদের কল্যাণ, গবেষণা, বৃত্তি কার্যক্রম এবং অ্যালামনাই সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

- সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর

img

ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত :  ০৫:০৭, ১৫ নভেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজন ও শিল্পীদের প্রাণবন্ত উপস্থিতিতে উদযাপিত হয়েছে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি। গত ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, রাত ৮টায়,নিউইয়র্কের ব্রঙ্কসে ২০৯৯ স্টার্লিং অ্যাভিনিউতে অবস্থিত এশিয়ান ড্রাইভিংয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন হৃদয় বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিরাজউদদিন আহমেদ সোহাগসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের সঞ্চালক মাহমুদুল হাসান সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও এক বছরের পথচলা সম্পর্কে উপস্থিত দর্শক-শ্রোতাদের অবহিত করেন।

মূলত কণ্ঠশিল্পীদের এক মিলনমেলায় পরিণত হয় বর্ষপূর্তির এই আয়োজন। নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে আগত কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। শিল্পীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শারমিন তানিয়া, মিঠুল হক, রূপালী ঘোষ, ক্রিস্টিলা কুইয়া , চাইম ব্যান্ড এর প্রতিষ্ঠাতা সদস্য আল- আমিন , এহেতেশাম মুকুট, হামজা,জোসেফিন মিষ্টি,বিনিটা জয়া,আসাদ সোহেল, রুপালি ঘোষ, সঞ্চিতা ঠাকুরসহ আরও অনেক শিল্পী।তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির থিম সং-এর রচয়িতা সৈয়দ আলী শুভ। এ সময় সিম্ফনির থিম সংটি উপস্থিত দর্শক-শ্রোতাদের শোনানো হয়। গানটি উপভোগ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের কর্ণধার সৈয়দ ফয়েজ উপস্থিত সকল শিল্পী, অতিথি ও শুভানুধ্যায়ীদের স্বাগত জানান এবং সংগঠনের পথচলায় তাঁদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপনের সমাপ্তি ঘটে।

সংগীতশিল্পীদের একত্রিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং প্রবাসে সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত শিল্পী ও অতিথিরা।


কমিউনিটি এর আরও খবর