img

শ্রীমঙ্গলের চা বাগানের ছায়াবৃক্ষের ডালে মিলল অজগর, একই দিনে উদ্ধার দুটি

প্রকাশিত :  ১২:৩৬, ১৭ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলের চা বাগানের ছায়াবৃক্ষের ডালে মিলল অজগর, একই দিনে উদ্ধার দুটি

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থান থেকে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিছড়া চা বাগানের একটি ছায়াবৃক্ষের ওপরের ডাল থেকে একটি অজগর উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এর আগে একই দিন সকালে উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকা থেকে আরও একটি অজগর উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে হুগলিছড়া চা বাগানের একটি ছায়াবৃক্ষের ওপরের ডালে বড় একটি সাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সাপটি দেখে আতঙ্কিত হয়ে কয়েকজন সেটিকে মারার চেষ্টা করেন। তবে কয়েকজন সচেতন ব্যক্তি সাপটিকে রক্ষা করে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন। এ সময় সাপটি দেখতে আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করা হয়।

এর আগে একই দিন সকালে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকায় যোবায়ের আহমেদের বাড়ি থেকে আরেকটি অজগর উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে সাপটি স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অজগর সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তারা।


সিলেটের খবর এর আরও খবর

img

জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্রত্যাহার

প্রকাশিত :  ১৩:৪৮, ১৭ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:১৪, ১৭ জুলাই ২০২৬

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ইউএনও পদ থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পূর্বে জামালগঞ্জে কর্মরত থাকাকালীন তাঁর বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে সরকারি প্রকল্পের কাজ পছন্দের লোকদের দেওয়া ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ক্ষোভের মতো নানা অভিযোগ গণমাধ্যমে উঠে আসে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব থেকে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সিলেটের খবর এর আরও খবর