img

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

প্রকাশিত :  ০৫:৪৭, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৫২, ২১ জুলাই ২০২৬

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ।

তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলের প্রতি কানাডা ‘অসম আচরণ’ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়াইন, হকিস্টিক, সিমেন্টসহ বিভিন্ন ভোগ্য ও শিল্পপণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হয়েছে। তবে জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ ও মাছসহ কয়েকটি প্রধান রপ্তানি পণ্য এ শুল্কের বাইরে রাখা হয়েছে।

এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ‘আরও জোরদার’ করতে কানাডা প্রস্তুত।

হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী ৩০ দিনের মাঝে নতুন শুল্ক কার্যকর হবে।

যেসব পণ্য নতুন শুল্কের আওতায় আনা হয়েছে, সেগুলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান মুক্ত বাণিজ্যচুক্তি ইউএসএমসিএ’র আওতায় থাকুক বা না থাকুক, নতুন শুল্কের তালিকায় থাকা সব পণ্যের ওপরই এই শুল্ক কার্যকর হবে।

এর ফলে উত্তর আমেরিকার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা আরও বেড়ে যাবে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কার্নি বলেন, ‘কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র একের পর এক শুল্ক আরোপের যে একতরফা বাণিজ্য পদক্ষেপ শুরু করেছিল, শুল্ক আরোপের নতুন এই সিদ্ধান্ত তারই ধারাবাহিকতা।

মার্ক কার্নি আরও বলেন, কানাডার সার্বভৌমত্বের প্রতিও হুমকি দেওয়া হচ্ছে।

এর মাধ্যমে তিনি সম্ভবত ট্রাম্পের সেই বক্তব্যের দিকে ইঙ্গিত করেছেন, যেখানে ট্রাম্প প্রকাশ্যে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার কথা বলেছিলেন।

দুই দেশের মধ্যে আগে থেকেই বিভিন্ন পণ্যের ওপর শুল্কসহ বেশ কিছু বাণিজ্যিক বাধা ছিল। সোমবার ঘোষিত নতুন আমদানি শুল্ক সেই বাধা আরও বাড়িয়ে দিল।

বর্তমানে কানাডার স্টিল (ইস্পাত), অ্যালুমিনিয়াম ও কপারের (তামা) ওপর ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া কানাডার সফটউডের ওপর ৩৫ শতাংশ এবং গাড়িতে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্কও আরোপ করা হয়েছে।

এর জবাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু ইস্পাত, অ্যালুমিনিয়াম ও যানবাহনের ওপর কানাডাও ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে।

আন্তর্জাতিক এর আরও খবর

img

জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আইজেনকট বললেন ‘ধাপ্পাবাজি’

প্রকাশিত :  ০৬:১৭, ১৫ নভেম্বর ২০২৬

ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট তাঁর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। নেতানিয়াহুর এই উদ্যোগকে ‘ধাপ্পাবাজি’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

গাদি আইজেনকট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং ইয়াশার পার্টির নেতা। তিনি নেতানিয়াহুর বিরোধী হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গত ৮ নভেম্বর তাকে এ দায়িত্ব দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকট বলেন, ‘এটা সর্বশেষ ধাপ্পাবাজি। সরকার গঠন নিয়ে আলোচনার সময় আগেই নির্ধারিত হয়েছে। এখন নেতানিয়াহু আলোচনার আহ্বান জানাচ্ছেন। তিনি ঐক্যের কথা বলছেন। অথচ তিনি নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কলঙ্কিত করছেন।’ঘড়ি কিনুন

আইজেনকট আরও বলেন, ‘এই কৌশল আমার সঙ্গে খাটবে না।’

এর আগে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।

নির্বাচন-পরবর্তী সময়ে ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। লিকুদ পার্টির এই নেতা বলেন, জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে তা ‘ইরানের হুমকিকে চিরতরে নির্মূল’ করতে পারবে। তার দাবি, তা না হলে ইরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।ঘড়ি কিনুন

ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চান আইজেনকট। এ ক্ষেত্রে তাকে সমর্থনের কথা জানিয়েছে এবারের নির্বাচনে ভালো ফল করা আরব নেতৃত্বাধীন দলগুলো। তবে মতাদর্শিক বিরোধ থাকা সত্ত্বেও আইজেনকট আগে বলেছিলেন, সরকার গঠনের জন্য তিনি আরব দলগুলোর সঙ্গে জোট করবেন না।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনে আইজেনকটের চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন।

নির্বাচনের পর সরকার গঠনে তৎপরতা শুরু করে দুই পক্ষই। নিয়ম অনুযায়ী, ৮ নভেম্বর আইজেনকটকে নতুন জোট সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রয়োজন হলে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যাবে।

আন্তর্জাতিক এর আরও খবর