img

হজ প্যাকেজ ঘোষণা: সরকারি সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার, বেসরকারি ৫ লাখ ১৩ হাজার

প্রকাশিত :  ০৮:১৭, ২১ জুলাই ২০২৬

হজ প্যাকেজ ঘোষণা: সরকারি সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার, বেসরকারি ৫ লাখ ১৩ হাজার

আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের সর্বনিম্ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ব্যয় হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২’-এর ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

মন্ত্রী জানান, সরকারি হজ প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজের হজযাত্রীরা মক্কায় হারাম শরিফ থেকে এক হাজার থেকে এক হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা ও মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধ করে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি প্যাকেজ নেওয়ার সুযোগও থাকবে।

তিনি বলেন, হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবু দেওয়া হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে।

অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির মাধ্যমে যাত্রীদের জন্য ‘সাধারণ হজ প্যাকেজ’ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজে হজ পালনে খরচ হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।


জাতীয় এর আরও খবর

img

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের পাশে বিজিবি: বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ১,০৭৭ জন; ভেটেরিনারি সেবা দেওয়া হলো ১৮৬টি গবাদি পশুকে

প্রকাশিত :  ১২:২৭, ২১ জুলাই ২০২৬

ঢাকা, ২১ জুলাই ২০২৬: সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে। এ কর্মসূচির আওতায় ১,০৭৭ জন অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। একই সঙ্গে এলাকার ১৮৬টি গবাদি পশুকে ভেটেরিনারি সেবা দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

পদ্মা নদীর ভাঙনকবলিত সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ। দুর্গম যোগাযোগব্যবস্থা এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতার কারণে এ অঞ্চলের মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। এহেন বাস্তবতা বিবেচনায় সীমান্তবর্তী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিজিবি এ মানবিক উদ্যোগ গ্রহণ করে।

মেডিকেল ক্যাম্পেইনে মেডিসিন, গাইনি, চক্ষুসহ বিভিন্ন বিষয়ে মোট ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি সকল রোগীর মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একই সময়ে পরিচালিত ভেটেরিনারি ক্যাম্পে ১৮৬টি গবাদি পশুকে চিকিৎসাসেবা প্রদান করা হয়, যা স্থানীয় পশুপালকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, উপ-অধিনায়ক, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, ভেটেরিনারি চিকিৎসক, অন্যান্য পদবিধারী বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বিজিবির এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের সীমান্ত অঞ্চলের মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

-প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় এর আরও খবর