img

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সব যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত :  ১৩:৪৬, ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৪৯, ১৮ জুলাই ২০২৬

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সব যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক সভায় তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এসব কথা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকটিতে সভাপতিত্ব করেন। 

ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।


জাতীয় এর আরও খবর

img

প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম

প্রকাশিত :  ১৮:৫৯, ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:১৫, ১৮ জুলাই ২০২৬

গণভোটে জনগণের দেওয়া রায় অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে আবারও গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের পথ বেছে নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, গণভোটে ‘জুলাই সনদ’-এর পক্ষে স্পষ্ট জনসমর্থন থাকলেও সরকার তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে বাস্তবায়নের অঙ্গীকার থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

আজ শনিবার (১৮ জুলাই) বিকালে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী গণভোট ও জুলাই সনদের পক্ষে প্রচার চালালেও নির্বাচনের পর ৭০% জনগণের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করছেন না।’

তিনি বলেন, ‘আমরা এখনও হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিইনি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় সে ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে। আমরা এই মুহূর্তে এমন কর্মসূচির পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতিকে সেদিকে ঠেলে দিচ্ছেন।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘দেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে, তার মানে এই নয় যে যা খুশি তাই করবেন বা জনগণের সঙ্গে ছলনা করবেন।’

বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু দুঃখের বিষয় ৫ আগস্ট পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে লড়াই করে যাচ্ছে। আসল কথা হচ্ছে বিএনপি কখনো গণতন্ত্রের পক্ষে ছিল না। তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। তারা গণঅভ্যুত্থানে আমাদের সাথে লড়াই করেছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য।’

‘নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতা কুক্ষিগত হয়েছে। এখন তারা পরিবর্তনের কথা বলে না। সংস্কারের কথা বলে না। এখন তারা ৩১ দফার কথা বলে না। বরং তারা এখন বলছে তারা না কি, কখনো সংস্কারের কথা বলেনি অথচ তাদের ৩১ দফার প্রথম দফা ছিল সংবিধান সংস্কর কমিটি গঠন করা হবে।’

তিনি বলেন, ‘সংবিধান সংস্কারের নামে কোনো প্রহসন মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।’

জাতীয় এর আরও খবর