img

স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১০:১৭, ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৫৫, ১৪ জুলাই ২০২৬

স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

আইসিটি বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রতিটি প্রকল্পের সম্ভাব্যতা মূল্যায়নের পর একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি অর্থায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধনও করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আইসিটি বিভাগের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল রাখা হয়েছে। এ তহবিল থেকে একজন উদ্যোক্তাকে প্রকল্পের ধরন ও সম্ভাবনা অনুযায়ী ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় জামানত বা কাগজপত্রের অভাবে ব্যাংকঋণ পান না। এ সমস্যা দূর করতে অর্থায়নের জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা নেই। উদ্যোক্তার প্রকল্প মূল্যায়ন করেই তারা অর্থায়নের সিদ্ধান্ত নেবে।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জামানতবিহীন উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কমিটি প্রকল্পের সম্ভাবনা বিবেচনা করেই অর্থায়নের সিদ্ধান্ত নেবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি অর্থ জনগণের অর্থ। তাই অর্থায়নের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা হবে। তবে কোনো উদ্যোগ শুরুতে প্রত্যাশিত সাফল্য না পেলেও যদি সম্ভাবনা থাকে, তাহলে দ্বিতীয় দফায় অর্থায়নের বিষয়টিও বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে উদ্বোধন হওয়া জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল সেবা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে।

সংশ্লিষ্টদের আশা, এ প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানায়, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, গবেষণা ও উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে।


জাতীয় এর আরও খবর

img

‘ভাঙা বাসের চালকের আসনে তারেক রহমানকে বসানো হয়েছে’

প্রকাশিত :  ১৯:১৪, ১৪ জুলাই ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিগত বছরগুলোতে দুর্বিষহ যাত্রার মধ্য দিয়ে রাষ্ট্র নামের বাসের চাকা পাংচার হয়েছে, ব্রেক ফেল করেছে, কাচগুলো ভেঙে গেছে। আমরা বলেছিলাম, সেগুলো সংস্কার করে জনাব তারেক রহমানকে চালকের আসনে বসান। কিন্তু কৃষ্ণনগরের মন্ত্রীর কুপরামর্শে তাকে ভাঙা বাসের চালকের আসনে বসানো হয়েছে।’

সংবিধান ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার যদি বারবার সংবিধানের দোহাই দেয়, তাহলে বলতে চাই- সংবিধান অনুযায়ী তো ২০২৯ সালে নির্বাচন হওয়ার কথা ছিল, ২০২৪ সালে নয়। সংবিধান যদি অক্ষরে অক্ষরে মানতেই হয়, তাহলে তারেক রহমানের লন্ডনে থাকার কথা, সালাউদ্দিন আহমদের শিলংয়ে থাকার কথা এবং হাজার হাজার নেতাকর্মীর ধানক্ষেতে থাকার কথা।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন-সংগ্রামে ছিলেন, তারা ভালো নেই। বরং ভালো আছেন ৫ আগস্টের পর দলে অনুপ্রবেশকারীরা। বিএনপিতে বঞ্চিত সংগ্রামী নেতাদের জন্য এনসিপির দরজা খোলা। তারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারেন।’

সিরাজদীখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েত, ঢাকা বিভাগের প্রধান সংগঠক সাইফুল্লাহ হেদায়েত, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল হক এবং সদস্যসচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জাতীয় এর আরও খবর