উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত
প্রকাশিত :
০৭:১০, ১৬ জুলাই ২০২৬ সর্বশেষ আপডেট: ০৮:০৯, ১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ফুটবল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর।
জানা গেছে, ম্যাচ দেখে মোটরসাইকেলে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, দুর্ঘটনার কারণ এবং জড়িত বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।
শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষের
প্রকাশিত :
১৮:৩৭, ১৪ নভেম্বর ২০২৬
শ্রম আইনের ১৩/১ ধারায় কোনও কারখানায় শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল রোববার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
শনিবার রাজধানীর উত্তরায় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন–বিজিএমইএ কার্যালয়ে দুপুরে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অসন্তোষের শিকার আশুলিয়া, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকার মালিকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
বৈঠক শেষে তৈরি পোশাকের নিট ক্যাটাগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তদের সংগঠন ও বিজিএমইএর যৌথ ব্রিফিংয়ে মালিকদের এ্ই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসানসহ সংগঠন দুটির নেতারা ব্রিফিংয়ে অংশ নেন।
১৩/১ ধারায় কারখানা বন্ধ হওয়ার মানে হচ্ছে, ‘কাজ নেই তো মজুরি নেই’। এই ধারায় যতদিন কারখানা বন্ধ থাকবে ততদিনের মজুরি পাবেন না শ্রমিকরা। আজ শনিবার এই ধারায় মোট ৫৫টি কারখানা বন্ধ আছে। শ্রম অসন্তোষে গতকাল মোট ১৪৭টি কারখানার কাজ বন্ধ রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ। অর্থাৎ বাকি ৯২টি কারখানায় শ্রমঅসন্তোষের জেরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এসব কারখানায় ছুটি দেওয়ার ক্ষেত্রে ১৩/১ ধারা উল্লেখ করা হয়নি। অর্থাৎ এসব কারখানার শ্রমিকরা বন্ধের দিনেও মজুরি পাবেন।
ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি বলেন, বিজিএমইএ ও বিকেএমইএ সংগঠন হিসেবে কোনও কারখানা বন্ধ কিংবা খোলা রাখার সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখে না। দুপুরের বৈঠকে মালিকরাই ১৩/১ ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তিনি বলেন, পরিস্থিতি পর্যালোচনয় তারা দেখেছেন, বেশিরভাগ শ্রমিকই কাজে যোগ দিতে চায়। তবে একটি মহল শিল্পে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টায় লিপ্ত। তাদের উসকানিতে কিছু শ্রমিকও কারখানায় বিশৃঙ্খলা করছেন। তিনি আইন শৃঙ্খলাবাহিনী, মালিক ও শ্রমিক– সবপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।
এক প্রশ্নের জবাবে মাহমদু হাসান খান বলেন, একদিকে কারখানায় অসন্তোষ অন্যদিকে মজুরি নির্ধারণে নূন্যতম মজুরি বোর্ডের বৈঠক করা অযৌক্তিক। তবে আগামী সোমবার অনুষ্ঠেয় মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি মজুরি নূন্যতম মজুরির প্রস্তাব দেবেন।
গতকাল শুক্রবার শ্রমিক সংগঠনগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনে আইনের সংশ্লিষ্ট ১৩/১ ধারায় কারখানা বন্ধ রাখতে মালিদের প্রতি অনুরোধ করেছেন শ্রমিক নেতারা। এই ব্যাপারে শ্রমিক, মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। রাজনৈতিক ও ব্যবসায়িক উৎকানিতে পা না দিয়ে কাজে ফিরতে শ্রমিকদের পরামর্শ দিয়েছেন তারা।