img

‘সবাই মিলেমিশে খাই’ বলা সেই খাদ্য কর্মকর্তাসহ ৩ জন বরখাস্ত

প্রকাশিত :  ১১:৩১, ৩১ জুলাই ২০২৬

‘সবাই মিলেমিশে খাই’ বলা সেই খাদ্য কর্মকর্তাসহ ৩ জন বরখাস্ত

জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি ন্যায্যমূল্যে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দ করা আটা আত্মসাতের অভিযোগে উপজেলা খাদ্য কর্মকর্তা, খাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের কালাই উপজেলা থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ।

সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন-কালাই উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহম্মেদ, উপজেলা খাদ্য পরিদর্শক মো. মাহমুদুন্নবী সরকার এবং সহকারী উপ-খাদ্য পরিদর্শক আব্দুল মোমিন।

এর আগে উপজেলা খাদ্য কর্মকর্তার গোপনে ধারণ করা একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, কালাই উপজেলায় ওএমএস চাল-আটা বিক্রির জন্য প্রতিদিন ২ টন চাল ও ২ টন আটা বরাদ্দ থাকে। একজন সুবিধাভোগী ২৭০ টাকায় ৫ কেজি আটা ও ৫ কেজি চাল কিনতে পারেন।

‎স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন দুই টন আটার বিপরীতে বিক্রয়কেন্দ্রে ৪০ বস্তা আটা থাকার কথা থাকলেও সেখানে রাখা হতো মাত্র ২০ বস্তা। ফলে অনেক সুবিধাভোগী চাল পেলেও আটা পেতেন না। বাকি ২০ বস্তা আটার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না বলে তাদের দাবি।

ভুক্তভোগী সাবেরা বিবি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতাম। পরে বলা হতো আটা শেষ, কিন্তু চাল পাওয়া যেত। পরে জানতে পারি, বরাদ্দ অনুযায়ী আটা বিক্রিই করা হচ্ছিল না। গরিব মানুষের হক এভাবে লুটপাট হবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।

‎এ বিষয়ে জানতে খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহম্মেদের সঙ্গে কথা বলতে গেলে গোপনে ধারণ করা একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এত কথা কওয়া লাগবে ক্যা, কয় টন বরাদ্দ, এতদিন পর আচ্ছে। সবাই মিলেমিশে খাই। এখানে তেমন কিছু নাই। যা হবে ভাই-ব্রাদার মানুষ, সবাই মিলে মিশে খামু। আর আপনারা যদি কন বন্ধ করে দিতে, কালকে থেকে বন্ধ করে দিমু।” ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

‎এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহম্মেদের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পরই বেশ গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পর বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।


বাংলাদেশ এর আরও খবর

img

‘আপা, আপনার সঙ্গে কথা বলতে চাই’, হাসিনাকে সাবেক মন্ত্রী নাহিদ

প্রকাশিত :  ১১:৪৭, ১৯ নভেম্বর ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন- এমন একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

গত ৬ নভেম্বর দুপুর ১টা ২৪ মিনিটে শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি লেখেন, ‘আপা, আমার সালাম নেবেন। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন। আপনার সঙ্গে কথা বলতে চাই। নুরুল ইসলাম নাহিদ।’ 

তবে শেখ হাসিনা ওই বার্তাটি সিন করেননি। পরে একই দিন রাত ১০টা ৮ মিনিটে তাকে ফোন করেন নাহিদ। পরদিন ৭ নভেম্বর সকাল ১০টা ৪ মিনিটেও আবার ফোন দেন তিনি। কিন্তু কোনো কলই রিসিভ করেননি শেখ হাসিনা।

তবে এই স্ক্রিনশটটি আসল কিনা- সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত করেনি।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, তারা নুরুল ইসলাম নাহিদের মোবাইল ফোনটি ফরেনসিকে পাঠাবেন। তখন এ বিষয়ে সঠিক তথ্য জানা যাবে। 

এর আগে, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে পুলিশ। 

জানা যায়, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন নুরুল ইসলাম নাহিদ। ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এরপর সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান নুরুল ইসলাম নাহিদ।

এদিকে, গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব নেওয়ার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রীর নামে পাওয়া গেছে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদ।