প্রথম ব্রিটিশ-বাংলাদেশি হিসেবে এফএর ন্যাশনাল ববি মুর অ্যাওয়ার্ড পেলেন ড. জাকির খান
জনমত রিপোর্ট: ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য এক ঐতিহাসিক ও গৌরবময় মুহূর্তের সৃষ্টি হয়েছে। ফুটবলের মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর ধরে বাংলাদেশি কমিউনিটির তরুণদের বিকাশ ও লালন-পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ড. জাকির খানকে ন্যাশনাল ববি মুর অ্যাওয়ার্ড প্রদান করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
রোববার (১৬ আগস্ট ২০২৬) আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটি এফএ কমিউনিটি শিল্ড ম্যাচে ড. জাকির খানকে এ সম্মাননা দেওয়া হয়। তৃণমূল পর্যায়ের ফুটবলে দীর্ঘদিনের অবদান ও সেবার স্বীকৃতি হিসেবে এফএর পক্ষ থেকে তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া ওই ম্যাচে তাকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এবং বিজয়ী আর্সেনাল এফসির খেলোয়াড়দের হাতে বিজয়ীর পদক তুলে দেওয়ার সম্মানও দেওয়া হয়।
ড. জাকির খানই প্রথম ব্রিটিশ-বাংলাদেশি, যিনি এফএর কাছ থেকে এ পর্যায়ের সম্মান ও স্বীকৃতি অর্জন করলেন। তার এই অর্জন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ড. জাকির খানের এই অসামান্য অর্জনে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।



















