img

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

প্রকাশিত :  ১৫:২৮, ২১ আগষ্ট ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার প্রেস সচিব। শুক্রবার তিনি জানান, ভারতীয় গণমাধ্যমে আগামী ২৩ থেকে ২৫ আগস্ট তারেক রহমানের দিল্লি সফরের যে খবর প্রকাশিত হয়েছে, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। 

ফেব্রুয়ারির নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর বিএনপির নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দিল্লি সফর নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে।

রয়টার্স জানিয়েছে, ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই নির্বাসনে রয়েছেন। ঢাকা তাকে ফেরত পাঠানোর জন্য বার বার দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। ভারত জানিয়েছে, তারা এই আবেদন খতিয়ে দেখছে।

তারেক রহমানের প্রেস সচিব এএএম সালেহ রয়টার্সকে বলেন, ‘সফরের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ তিনি আরও জানান, শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের হস্তান্তরের বিষয়ে ঢাকা ভারতের উত্তরের অপেক্ষায় রয়েছে।

নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাংবাদিকরা এই সফরের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কোনো মন্তব্য করেননি।

ক্ষমতায় আসার পর থেকেই তারেক রহমানের ছয় মাসের পুরোনো সরকার ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে আসছে। তবে গত সপ্তাহে শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর ঢাকা এর তীব্র নিন্দা জানায় এবং সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশের প্রয়োজনীয়তার কথা ইঙ্গিত করে।

আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে সরকারের বিরুদ্ধে সহিংস প্রতিবাদের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হওয়ার পর, গত নভেম্বরে অনুপস্থিতিতেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তিনি অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, আগামী ডিসেম্বরেই তিনি নিজ দেশে ফিরে আসবেন।


জাতীয় এর আরও খবর

img

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত :  ২০:১৩, ২১ আগষ্ট ২০২৬

নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। একই সঙ্গে মন্ত্রিসভায় থাকা আরও একজন মন্ত্রীর দপ্তরেও পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। 

নতুন ৪ মন্ত্রী হলেন- ড. আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ।

নতুন দুই প্রতিমন্ত্রী হলেন- হুমায়ুন কবির (টেকনোক্রেট) ও মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আবদুল মঈন খান।

রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি এতদিন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। আর এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসা আফরোজা খানমকে (রিতা) দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। তার আগে বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর দীপেন দেওয়ানকে মন্ত্রী করে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিন মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। বর্তমানে এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন জহির উদ্দিন স্বপন। এখন তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে।

নতুন প্রতিমন্ত্রী (টেকনোক্রেট) হুমায়ুন কবির দায়িত্ব পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আর আগে থেকে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও একই দায়িত্ব পালন করবেন। অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন ড. খলিলুর রহমান।

এর আগে আজ (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম। এরপর রাষ্ট্রপতি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান।


জাতীয় এর আরও খবর