img

কাশ্মীর নিয়ে ভারতের দাবি উড়িয়ে দিল পাকিস্তান

প্রকাশিত :  ০৬:০৮, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কাশ্মীর নিয়ে ভারতের দাবি উড়িয়ে দিল পাকিস্তান

জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের দাবি ও নতুন অবস্থানকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দিল্লির এই দাবিকে আন্তর্জাতিক বাস্তবতার সম্পূর্ণ বিপরীত বলে মনে করছে ইসলামাবাদ। খবর জিও টিভির।

ঘটনার সূত্রপাত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্যকে ঘিরে। ভারত চেয়েছিল জম্মু, কাশ্মীর ও লাদাখ অঞ্চলকে যেন তাদের নিজস্ব সরকারি মানচিত্র অনুযায়ী দেখানো হয়। 

ভারতের এই দাবির জবাব দিতে গিয়েই সোমবার (৭ সেপ্টেম্বর) কড়া বার্তা দেয় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। 

দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান জানান, ভারত জোর করে দখল করে রেখে বা একা একা সিদ্ধান্ত নিয়ে কাশ্মীরের আইনি পরিচয় বদলে দিতে পারে না।

পাকিস্তানের মতে, জাতিসংঘ যে অফিশিয়াল মানচিত্র প্রকাশ করেছে, সেটাই কাশ্মীরের আসল আইনি অবস্থান তুলে ধরে। ভারতের বানানো নিজস্ব মানচিত্র বা তাদের একক দাবির কোনো দাম এই বিতর্কিত এলাকায় নেই।

মুখপাত্র সাজ্জাদ হায়দার খান আরও বলেন, জাতিসংঘের টেবিলে ঝুলে থাকা সবচেয়ে পুরনো বিবাদগুলোর একটি হলো এই কাশ্মীর সমস্যা। 

নিয়ম অনুযায়ী, জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ গণভোটের মাধ্যমেই এর আসল সমাধান হওয়া উচিত, যাতে কাশ্মীরের মানুষ নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে। একই সঙ্গে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে বিশ্ববাসীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।

ঠিক একই সময়ে জাতিসংঘেও মানচিত্র নিয়ে এক নতুন হাওয়া বইছে। গত ৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ‘ইকুয়াল আর্থ’ নামের এক নতুন বিশ্ব মানচিত্র গৃহীত হয়েছে, যেখানে আফ্রিকার আয়তন একটু বড় এবং উত্তর আমেরিকা ও ইউরোপের আকার কিছুটা ছোট করে দেখানো হয়েছে। 

বিশ্বের ১৬৪টি দেশ এর পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করেছে। বিশ্বজুড়ে নতুন মানচিত্র নিয়ে এই আলোচনার মধ্যেই কাশ্মীর ইস্যু নিয়ে আবার সোচ্চার হলো পাকিস্তান।


আন্তর্জাতিক এর আরও খবর

img

কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের

প্রকাশিত :  ০৫:২২, ১৮ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের শুরুতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন । গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে তিনি সেখানে পৌঁছান। এই সফরের অংশ হিসেবে ট্রাম্প দুই দিনের জন্য আজ বুধবার চীনে যাবেন। সেখানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। এ ছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

গতকাল ম্যানিলায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানকে নিয়ে গঠিত কোয়াড নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন ট্রাম্প। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এবারই প্রথম কোয়াড নেতাদের সম্মেলন হলো। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন ট্রাম্প। একই সঙ্গে থাইল্যান্ডের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। আজ ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনে যাবেন। 

যা বললেন কোয়াড নেতারা

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় গঠিত চার দেশের জোট কোয়াডের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। ম্যানিলার সোলায়ার রিসোর্টে এই বৈঠকে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতারা অংশ নেন।

বৈঠকে অংশ নেওয়ার আগে ট্রাম্প বলেন, বিভিন্ন দিক থেকে কোয়াডভুক্ত চারটি দেশ বিশ্বের সবচেয়ে সফল ও শক্তিশালী দেশের মধ্যে অন্যতম। দেশগুলো একটি স্বাধীন, উন্মুক্ত, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারটি স্তম্ভ। নিরাপত্তা ও কূটনীতির বিভিন্ন বিষয়ে দেশগুলো ঘনিষ্ঠভাবে সমন্বয় করে।

এ সময় কোয়াডের উদ্যোগে একটি সামরিক মহড়া আয়োজনের ঘোষণা দেন ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক টহল বিমান অংশ নেবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে কোয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জোটের কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখায় অন্য তিন নেতাকে ধন্যবাদ জানান তিনি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ গঠনে কোয়াড ভূমিকা রাখবে। আমরা এই অঞ্চলের দেশগুলোর সক্ষমতা ও সহনশীলতা বাড়িয়ে একটি স্বাধীন ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে চাই।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, রুদ্ধদ্বার বৈঠকে নেতারা গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা উপাদানের উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব নিয়ে আলোচনা করবেন। সামুদ্রিক নিরাপত্তাও আলোচ্যসূচিতে বিশেষ গুরুত্ব পাবে।

ইরানকে চড়া মূল্য দিতে হবে: ট্রাম্প

বৈঠকে কোয়াডের অন্য নেতারা বক্তব্য দেওয়ার আগে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের উত্তর দেন ট্রাম্প। সেখানে চীনে অনুষ্ঠেয় এপেক সম্মেলনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যোগ দিতে চান বলে মন্তব্য করেন তিনি। এর কয়েক ঘণ্টা আগে বেইজিং জানিয়েছিল, ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

আগামীকাল বৃহস্পতিবার ত্রিপক্ষীয় বৈঠকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে উদ্যোগ নিতে শি জিনপিং ও পুতিনের প্রতি আহ্বান জানাবেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ‘তাদের সম্পৃক্ত হতে এবং যুদ্ধের অবসান ঘটাতে বলব।’

ওয়াশিংটনে তথাকথিত ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের ইরানি পরিকল্পনার খবর খতিয়ে দেখবেন বলেও জানান ট্রাম্প। এ বিষয়ে তিনি বলেন, ওয়াশিংটনে হামলা চালালে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে।জ্বালানি খাতের খবর

চীন নীতি নিয়ে নিজের মন্ত্রিসভার দুই সদস্যের মতবিরোধ ভালোভাবেই সামাল দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের বিরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা বিষয়টি খুব ভালোভাবেই সামলেছেন।’

রুশ সামরিক বিমানের তৎপরতা

রাশিয়ার দুটি সামরিক বিমান গতকাল মঙ্গলবার তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে উড়তে দেখেছে তাইপে। একই দিন জাপানের ওকিনোশিমা দ্বীপের কাছে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে মস্কোর কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে টোকিও। ধারণা করা হচ্ছে, দুটি ঘটনাতেই একই রুশ সামরিক বিমান জড়িত ছিল। খবর সিএনএন, দ্য গার্ডিয়ান ও রয়টার্সের।

আন্তর্জাতিক এর আরও খবর