img

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১২:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি জানান, জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ লক্ষ্যগুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরার বিষয়টি সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সফরের বিভিন্ন তথ্য ও সরকারের নীতিগত অবস্থান তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন মিটিং অনুষ্ঠিত হবে। বিশ্বমঞ্চে বাংলাদেশের ভিশন তুলে ধরার পাশাপাশি দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় ঢাকা।’ সীমান্ত হত্যার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ ও এ-সংক্রান্ত জটিলতার সুরাহা কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, ‘ওই পদে দায়িত্ব পালন করার মতো প্রয়োজনীয় যোগ্যতা তার ছিল না। নিয়োগ প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ এবং সেখান থেকে দুর্নীতির দুর্গন্ধ বের হয়ে এসেছে।’ তিনি আরও জানান, সংস্থাটির পরবর্তী নতুন নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ সাইডলাইন মিটিং আয়োজনের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি বড় গুরুত্ব পাবে।

এ ছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা টাকা ফেরত আনতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতা নেয়ার প্রক্রিয়া চলছে।

জাতীয় এর আরও খবর

img

মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ

প্রকাশিত :  ০৭:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাস্থ ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ার পর চালক নিখোঁজ রয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিখোঁজ চালক প্রিতম এরিক (২৫) কে উদ্ধারে ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে। প্রিতম উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাত্রী নামিয়ে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর তীরে ব্যাটারি চালিত অটো টমটম ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় অটোরিক্সাটি নদীতে পড়ে গেলে চালকও পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা চালালেও স্রোতের টানে তিনি তলিয়ে যান।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে তাঁরা নদী থেকে দুর্ঘটনাকবলিত অটোরিক্সাটি উদ্ধার করেন। তবে নিখোঁজ চালকের সন্ধান না পাওয়ায় সিলেট থেকে একটি বিশেষ ডুবুরি দল এনে তল্লাশি চালানো হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৫টায় চালকের সন্ধান পাওয়া যায়নি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার ফারুক আহমদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করা হয়। অটোরিক্সাটি উদ্ধার করা সম্ভব হলেও চালককে উদ্ধারে ডুবুরি দলের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়াস সার্ভিসের সঙ্গে সমন্বয় রেখে পুলিশ কাজ করছে।

জাতীয় এর আরও খবর