img

অন্তঃসত্ত্বা অবস্থায় লালগালিচায় হাঁটলেন মাহিরা

প্রকাশিত :  ১২:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অন্তঃসত্ত্বা অবস্থায় লালগালিচায় হাঁটলেন মাহিরা

৪১ বছর বয়সি পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান সোশ্যাল মিডিয়া থেকে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট—সর্বত্রই আলোচনায় । কারণ, এ বয়সে দ্বিতীয়বার মা হচ্ছেন তিনি।

১৭ বছর পর আবারও মাতৃত্বের স্বাদ নিতে যাচ্ছেন তিনি। সম্প্রতি কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনার পাশাপাশি এই নতুন জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

মাহিরা প্রথমবার মা হয়েছিলেন ২৪ বছর বয়সে। তৎকালীন স্বামী আলি আসকারির সঙ্গে তার ঘরে জন্ম নেয় ছেলে আজলান। ২০০৭ সালে বিয়ে করেছিলেন তারা। তবে ২০১৫ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। এরপর ২০২৩ সালে ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিরা। দ্বিতীয় বিয়ের প্রায় তিন বছর পর এবার তাদের সংসারে আসতে যাচ্ছে নতুন অতিথি।

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে মাহিরা শুধু সিনেমা নিয়েই কথা বলেননি, সেখানে প্রকাশ্যে আসে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও। উৎসবের এক আলোচনায় তিনি বিশ্ব চলচ্চিত্রে দক্ষিণ এশিয়ার গল্প ও শিল্পীদের আরও বেশি সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তবে নিজের ব্যক্তিগত জীবনের এই খবর প্রকাশ্যে আনার সিদ্ধান্ত মাহিরার জন্য সহজ ছিল না। তিনি জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে সাধারণত প্রকাশ্যে খুব বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাই অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি প্রকাশ করার বিষয়েও তার মধ্যে কিছুটা দ্বিধা ছিল।

পোশাক নিয়েও তাকে ভাবতে হয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় লালগালিচায় হাঁটার অভিজ্ঞতা তার জন্য প্রথম। শেষ পর্যন্ত শরীরের পরিবর্তন আড়াল না করে সেটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করার পথই বেছে নেন তিনি।

উৎসবে মাহিরার পরনে ছিল গাঢ় রঙের শাড়ি। এতে ছিল সূক্ষ্ম কারুকাজ। এর সঙ্গে তিনি পরেছিলেন কাজ করা ওড়না। বড় কানের দুল, সাজসজ্জা এবং খোলা বেণিতে তাকে দেখা যায়।

দুইবারের মাতৃত্বের অভিজ্ঞতার পার্থক্য তুলে ধরে মাহিরা বলেন, এবারের সময়টা তার কাছে অনেকটাই আলাদা। ২৪ বছর বয়সে যখন প্রথমবার মা হয়েছিলেন, তখন তার মধ্যে এক ধরনের সরলতা কাজ করত। তখন স্বাস্থ্যও ভালো ছিল। ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়েও খুব বেশি চিন্তা করতেন না।

এবার তার বয়স ৪১ বছর। তাই শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই এই অভিজ্ঞতা তার কাছে বেশি কঠিন মনে হচ্ছে।

মাহিরার ভাষ্য, এখন অনেক সময় এমন দিন আসে, যখন তার শরীর মন যেভাবে চায়, সেভাবে সাড়া দেয় না। অথচ নিয়মিত কাজ করা, ভ্রমণ এবং ব্যস্ত জীবনযাপনের সঙ্গে তিনি অভ্যস্ত।

শরীরের পরিবর্তনের পাশাপাশি মানসিক দিক থেকেও এবারের অভিজ্ঞতা ভিন্ন বলে জানান মাহিরা। বয়স বাড়ার সঙ্গে জীবনের মূল্য এবং এর ভঙ্গুরতা সম্পর্কে তার উপলব্ধি আরও গভীর হয়েছে। ফলে আনন্দের পাশাপাশি ভয়, ক্লান্তি ও দুর্বলতার অনুভূতিও তাকে ঘিরে থাকে।

মাহিরা জানান, দ্বিতীয়বার মা হওয়ার এই পর্যায়ে পৌঁছানোর আগে তার জীবন অনেকটাই গুছিয়ে নিয়েছিলেন। বড় হয়ে যাওয়া ছেলে, নিজের পেশা, দৈনন্দিন জীবন ও স্বাধীনতার সঙ্গে তিনি অভ্যস্ত হয়ে উঠেছিলেন। জীবনের এই সময়টা কীভাবে কাটাবেন, সে সম্পর্কেও তার নিজস্ব একটি পরিকল্পনা ছিল।

কিন্তু এত বছর পর আবার মাতৃত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে, এমনটা তিনি আগে কল্পনাও করেননি।

তবে এই অপ্রত্যাশিত পরিবর্তনকেই এখন জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে দেখছেন মাহিরা। তার উপলব্ধি, জীবনের প্রতিটি বিষয় আগে থেকে পরিকল্পনা করে রাখা যায় না। মানুষ অনেক সময় একভাবে ভবিষ্যৎ সাজালেও জীবন তাকে ভিন্ন পথে নিয়ে যেতে পারে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মাহিরা বলেন, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা না করে জীবন যেদিকে নিয়ে যায়, সেটিকেও গ্রহণ করতে হয়।

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে মাহিরার উপস্থিতি তাই তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে একসঙ্গে সামনে এনেছে। একদিকে বিশ্বমঞ্চে পাকিস্তানি ও দক্ষিণ এশীয় চলচ্চিত্রের প্রতিনিধিত্ব, অন্যদিকে ১৭ বছর পর আবারও মাতৃত্বের পথে যাত্রা।


img

ফিলিস্তিনের পক্ষে সোচ্চার মার্কিন র‌্যাপার, দান করবেন ১০ লাখ ডলার

প্রকাশিত :  ০৮:৫২, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:২৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা ছয়টি সংগঠনকে ১০ লাখ ডলার দান করার ঘোষণা দিয়েছেন মার্কিন র‌্যাপার ম্যাকলমোর। তিনি জানিয়েছেন, এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে পাওয়া পুরো অর্থই এই ছয়টি সংগঠনের মধ্যে দেওয়া হবে।

মঞ্চে ফিলিস্তিনের পক্ষে কথা বলার কয়েক দিন পর ওই সফর থেকে তাকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই বুধবার (১৬ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ম্যাকলমোর যার আসল নাম বেন হ্যাগার্টি, বলেন, এড শিরানের লুপ ট্যুর থেকে পাওয়া আমার পুরো ১০ লাখ ডলার নিট আয় ফিলিস্তিনি জনগণকে সরাসরি সহায়তা করা ছয়টি সংগঠনকে দান করব।

তিনি নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের ধনকুবের মালিক রবার্ট ক্র্যাফটকেও একই পরিমাণ অর্থ দানের আহ্বান জানান।

ম্যাকলমোর বলেন, আমাদের মতপার্থক্য যাই হোক না কেন, অন্তত এ বিষয়ে আমরা একমত হতে পারি যে ফিলিস্তিনিদের জীবন রক্ষা করা মূল্যবান।

ক্র্যাফট নিশ্চিত করেন, ম্যাকলমোরকে সফর থেকে বাদ দিতে তিনি শিরানের ওপর চাপ দিয়েছিলেন। তার অভিযোগ, ম্যাকলমোরের ‘ইহুদিবিদ্বেষী বক্তব্য ও প্রতীকের দীর্ঘ ইতিহাস’ রয়েছে। এ কারণে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিকানাধীন গিলেট স্টেডিয়ামে তাকে অনুষ্ঠান করার সুযোগ না দেওয়ার কথাও জানান তিনি।

তবে ম্যাকলমোর বলেন, তার এই অর্থ দান নিজের বা চলমান বিতর্ককে কেন্দ্র করে নয়। তিনি বলেন, তিনি তাদের কথা সামনে আনতে চান, যারা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছাড়াই সন্তানদের কোলে নিয়ে হাসপাতালে ছুটছেন। পাশাপাশি চিকিৎসক, প্যারামেডিক, সাংবাদিক ও ত্রাণকর্মীদের কথাও উল্লেখ করেন, যারা বারবার ঝুঁকি নিয়ে সেখানে ফিরে যাচ্ছেন।

এক দিন আগে ইসরাইলি হামলায় আহত এক ব্যক্তিকে সহায়তা করতে গিয়ে নিহত ফিলিস্তিনি কিশোর মুহাম্মদ আল-জিনাতির কথাও উল্লেখ করেন ম্যাকলমোর। তিনি বলেন, সে একজন শিশু ছিল। দুজনকেই হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু ত্রাণ দিয়ে এমন পরিস্থিতির সমাধান সম্ভব নয়। এটি মানুষের তৈরি অবিচার এবং এর জন্য দ্রুত রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন। ফিলিস্তিনিদের আর এক দিনও স্বাধীনতার জন্য অপেক্ষা করতে হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

চলতি মাসের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরানের সঙ্গে কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ম্যাকলমোর। পাশাপাশি তার প্রতিবাদী গান ‘হিন্দস হল’ পরিবেশন করেন। এরপর শিরানের যুক্তরাষ্ট্র সফর থেকে তাকে বাদ দেওয়া হয়।

ম্যাকলমোর দাবি করেন, ১৩ বছরের বন্ধু শিরান তাকে জানিয়েছিলেন, তাকে সফর থেকে বাদ না দিলে অন্য স্টেডিয়াম মালিকদের বয়কট সংগঠিত করার উদ্যোগ নিয়েছিলেন ক্র্যাফট। তবে শিরান বলেন, তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সফরের আয়োজক ও ভেন্যুগুলো, তিনি নন।

শিরান ইনস্টাগ্রামে বলেন, আমি এর সঙ্গে জড়িত নই। এই ভয়াবহ সংঘাত নিয়ে আমার ব্যক্তিগত মতামত রয়েছে। আমি প্রকাশ্যে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি বলেই যে আমার মতামত নেই, তা নয়।

তিনি আরও বলেন, নিজের মঞ্চকে তিনি রাজনৈতিক ফোরাম নয়, বরং নিরাপদ ও আশ্রয়ের জায়গা হিসেবে রাখতে চান।

সূত্র: আনাদোলু এজেন্সি


বিনোদন এর আরও খবর