img

মধ্যপ্রাচ্যে উত্তেজনা সত্ত্বেও কমল তেলের দাম

প্রকাশিত :  ০৫:০৯, ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা সত্ত্বেও কমল তেলের দাম

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিনেই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।  সৌদি আরবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা অব্যাহত থাকলেও দেশটি থেকে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারস এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১০ সেপ্টেম্বরের পর সবচেয়ে কম রেকর্ড করা হয়। ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়।

একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলে ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ হ্রাস পেয়ে ৯৮ দশমিক ১৫ ডলারে নেমে আসে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ প্রশমনে চলতি সপ্তাহে একটি কূটনৈতিক পথ উন্মোচনের আশায় তেলের বাজার থেকে ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্যের একটি অংশ হ্রাস পাচ্ছে। তবে এই আশা বাস্তবায়িত হবে কি না তা সময়ের ওপর নির্ভর করছে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: রয়টার্স 


জাতীয় এর আরও খবর

img

সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

প্রকাশিত :  ০৫:১৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকাল ৭টা থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।