শ্রীমঙ্গলে চা শ্রমিক কলোনির বসতঘরে ঢুকে পড়া পদ্ম গোখরা উদ্ধার
সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরে ঢুকে পড়া প্রাণঘাতী বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা-বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সুসেন মুন্ডার বসতঘরে সাপটি ঢুকে পড়লে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। পরে বিষয়টি গণমাধ্যম কর্মী রাজেশ ভৌমিককে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। তাঁরা সাপটি উদ্ধারের কাজ শুরু করেন। একপর্যায়ে একটি বস্তার নিচ থেকে শব্দ শুনতে পান তাঁরা। বস্তাটি সরিয়ে দেখা যায়, সেখানে একটি পদ্ম গোখরা অবস্থান করছে।
পরে সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা পদ্ম গোখরাটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন জানিয়েছে, কোনো এলাকায় পশুপাখি ধরা পড়লে কিংবা কোনো বন্যপ্রাণীকে আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে স্থানীয় বাসিন্দাদের নিজেরা সেটি ধরার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগে খবর দেওয়া উচিত। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকেও বিষয়টি জানানো যেতে পারে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, শ্রীমঙ্গলে সাম্প্রতিক সময়ে বিষধর সাপের পাশাপাশি বড় আকৃতির অজগরও প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
তবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সাপ বা অন্য কোনো বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়লে আতঙ্কিত না হয়ে দ্রুত তাঁদের খবর দিতে হবে। খবর পাওয়ার পর তাঁরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বন্যপ্রাণীটি নিরাপদে উদ্ধারের চেষ্টা করবেন।



















