img

হবিগঞ্জে ইয়াবা দিয়ে বাবা-মেয়েসহ ৩ জনকে ফাঁসানো সেই দুই পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশিত :  ০৭:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:১১, ২৭ সেপ্টেম্বর ২০২৬

 হবিগঞ্জে ইয়াবা দিয়ে বাবা-মেয়েসহ ৩ জনকে ফাঁসানো সেই দুই পুলিশ সদস্য প্রত্যাহার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রতিবেশীর সঙ্গে রাস্তা নিয়ে বিরোধের জেরে বাবা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ তাঁদের চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেন।

উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবী রেললাইনের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যাহার হওয়া ওই দুই পুলিশ সদস্য হলেন– চুনারুঘাট থানার এসআই মাসুম আল মামুন ও কনস্টেবল রুহুল আমিন। তারা বাবা-মেয়েসহ একটি পরিবারের তিন সদস্যকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার, চুনারঘাট-মাধবপুর সার্কেল মোহাম্মদ রাফিউর রহমান।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার কালিশিরী গ্রামের ছায়েদ মিয়া, তাঁর মেয়ে জাসমিন আক্তার ও ছোট ভাই ইউনুস মিয়া প্রতিবেশীর সঙ্গে রাস্তা নিয়ে বিরোধের একটি মামলার হাজিরা দিতে হবিগঞ্জ আদালতে যাওয়ার উদ্দেশে ইজিবাইকে রওনা দেন। পথিমধ্যে বগাডুবী রেললাইনের মোড়ে পৌঁছালে এসআই মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের ইজিবাইকের গতিরোধ করে। এ সময় তাদের তল্লাশির কথা বলে ছায়েদ মিয়ার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেন এসআই মাসুম আল মামুন ও কনস্টেবল রুহুল আমিন। পরে তাদের আটক করে চুনারুঘাট থানায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে প্রায় সাত ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।

ছায়েদ মিয়া ও তাঁর মেয়ে জাসমিন আক্তার বলেন, বগাডুবী রেললাইনের মোড়ে পৌঁছালে এসআই মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের গতিরোধ করে। এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তিও পুলিশের সঙ্গে ছিলেন। পরে তাদের তল্লাশি করে পকেটে ইয়াবা ঢুকিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দেখানোর চেষ্টা করা হয়। এক পর্যায়ে তাদের পুলিশের গাড়িতে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য আবদুস সাত্তার মোল্লা বলেন, ছায়েদ মিয়ার সঙ্গে তাঁর প্রতিবেশীর রাস্তা নিয়ে দীর্ঘদিন মামলা-মোকদ্দমা চলছে। শুক্রবার এ মামলায় তারা হাজিরা দিতে হবিগঞ্জ যাচ্ছিলেন। পরে জানতে পারেন রাস্তায় তাদের পুলিশ ইয়াবাসহ আটক করেছে। আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন বলে জানেন তিনি। ঘটনার কথা শুনে থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছেন।

অভিযোগ ও প্রত্যাহারের ব্যাপারে জানতে এসআই মাসুম আল মামুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি।

চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম জানান, ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না থাকায় ছায়েদ আলীসহ তাঁর পরিবারের লোকজনকে শুক্রবার বিকেলে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিষয়েও তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবস্থা নিয়েছেন।

সহকারী পুলিশ সুপার চুনারঘাট-মাধবপুর সার্কেল মোহাম্মদ রাফিউর রহমান বলেন, একটি নিরীহ পরিবারকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে তাদের প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত :  ০৮:৩৮, ২৩ নভেম্বর ২০২৬

সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানা ও টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অন্যদিকে অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও আমিরের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাতে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে জানা গেছে।

মাকে আঘাত করার ঘটনার জেরে আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশের এসআই গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেটের খবর এর আরও খবর