img

ক্ষুব্ধ সাদিয়া আয়মান বললেন, ‘দেশটা অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে’

প্রকাশিত :  ০৮:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৫২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ক্ষুব্ধ সাদিয়া আয়মান বললেন, ‘দেশটা অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে’

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করে সাদিয়া লিখেছেন, ‌‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’

পুরো ঘটনাকে চরম লজ্জাজনক ও ধিক্কারজনক বলে অভিহিত করেছেন এই অভিনেত্রী।

এদিকে নিজের করা ওই পোস্টের কমেন্ট বক্সে নানা সমালোচনার মুখে পড়েন সাদিয়া। পরে নেতিবাচক মন্তব্যকারীদের কড়া ভাষায় জবাব দেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে সাদিয়া আয়মান কমেন্টে লেখেন, ‘কী পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলা যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদেরকে উদ্দেশ্য করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলাই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে! আহারে!!! তোদের জন্য অনেক খারাপ লাগছে । তোদের প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে। তোদের বাবা,মা সন্তানরা দেখবে যে তুই কত বড় নোংরা মানুষ, তোরা সুযোগ পেলে তোদের মা, মেয়ে, বোনদের ও ছাড়বি না! তোর তোদের স্বাক্ষর আজীবনের জন্য রেখে গেলি। আহারে!’

এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার জামায়াতে ইসলামীর আমির, তাসনিম জারাসহ অনেকেই নিন্দা জানিয়ে এর দ্রুত বিচার দাবি করেছেন।

পুলিশ বলছে, কোনো চাঁদাবাজির ঘটনা নয়, বরং জমি নিয়ে ঝামেলার জেরে এই অনাকাঙ্ক্ষিত হামলা হয়।

এক স্ট্যাটমেন্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেখ খাঁন বলেছেন, নাজিম উদ্দীন নামে এক ব্যক্তির সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করেছে অপরপক্ষ।


img

স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর

প্রকাশিত :  ০৫:১৬, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৫২, ১০ নভেম্বর ২০২৬

আলোচিত ব্লগার আসাদ নূর সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন । ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন আসাদ।

বিয়ের খবর এত দিন গোপন রাখার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। আসাদ নূরের দাবি, সমাজে প্রচলিত নানা ট্যাবু ভাঙার ইতিবাচক উদ্দেশ্য থেকেই পরিকল্পিতভাবে বিষয়টি সামনে আনা হয়েছিল।

আসাদ জানান, মানুষ যেন তাদের সম্পর্কের বিষয়টি আঁচ করতে পারে, সে জন্য ইচ্ছা করেই কিছু সূত্র রেখে দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল পাঞ্জাবি, শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার বিষয়টি। পরে ছবি আড়াল করা ও কিছুটা পেছনে সরে যাওয়ার মাধ্যমে মানুষের কৌতূহল এবং প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করেছেন তারা।

তার ভাষ্য, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে যারা অতিরিক্ত আগ্রহ দেখান, বিশেষ করে ধর্মান্ধ ও উগ্র জাতীয়তাবাদী মনোভাবের মানুষ, তাদের প্রচলিত চিন্তায় নাড়া দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল।

যে আইনে বিয়ে করেছেন আসাদ-পারশা: বিয়ের আইনি প্রক্রিয়া সম্পর্কে আসাদ নূর জানান, ভারতে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণ করতে হয়নি বলে জানান তিনি।

পারশার পরিবার ও বেড়ে ওঠা নিয়েও কথা বলেন আসাদ। তার ভাষ্য, পারশা বাবা-মায়ের একমাত্র সন্তান এবং পরিবারের অত্যন্ত আদরের। তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। আসাদের মতে, তিনি একজন ভালো মানুষ। ছোটবেলা থেকেই গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে উঠেছেন পারশা। তার পেশাগত অর্জন ও যোগ্যতার প্রতি সম্মান রেখেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর

রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নাকচ: কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন আসাদ নূর। তিনি দাবি করেন, তিনি কিংবা পারশা কেউই কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকেও তারা অর্থ বা অনুদান নেননি।

জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও তুলে ধরেন আসাদ। তিনি বলেন, আন্দোলনের সময় পারশা ‘পোস্টার গার্ল’ ছিলেন। ‘চলো ভুলে যাই’ গানটির সঙ্গেও তার গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা ছিল। ৫ আগস্টের পর ক্ষমতার প্রতি আকৃষ্ট না হয়ে পারশা জুলাইপন্থীদের সঙ্গেই যুক্ত ছিলেন বলে দাবি করেন তিনি।

স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর

ধর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ে বক্তব্য: ধর্ম নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আসাদ নূর বলেন, গত দেড় বছর ধরে তিনি কোনো ধর্মের সমালোচনা করেন না। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করাও তার পছন্দ নয়। তার মতে, সমাজে ভালো মানুষের পাশাপাশি ভালো নাস্তিক ও ধার্মিক দুই ধরনের মানুষই রয়েছেন।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পারশাকে নিয়ে অশালীন ট্রল ও অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন আসাদ। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে নারীদের প্রতি শালীনতা ও সম্মান বজায় রাখার আহ্বান জানান তিনি।

বিনোদন এর আরও খবর