img

শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সোনালি হনুমানের মৃত্যু

প্রকাশিত :  ০৬:০২, ০৪ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে  বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সোনালি হনুমানের মৃত্যু

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি সোনালি হনুমানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমরইলছড়া চা-বাগানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানটি মাটিতে পড়ে যায়। পরে চা-বাগানের লোকজন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে আহত হনুমানটিকে উদ্ধার করেন।

পরে তাঁরা গুরুতর আহত সোনালি হনুমানটিকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসা দেওয়ার আগেই হনুমানটি মারা যায়।

পরে মৃত হনুমানটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মারা যাওয়া সোনালি হনুমানটি মূলত লাউয়াছড়া জাতীয় উদ্যানে বসবাস করত। খাবার ও বিচরণের জন্য এটি বনাঞ্চল থেকে আশপাশের চা-বাগান এলাকায় এসেছিল বলে জানা গেছে।

শ্রীমঙ্গলের চা-বাগানগুলো বনাঞ্চলের কাছাকাছি হওয়ায় এসব এলাকায় বিভিন্ন বন্যপ্রাণীর নিয়মিত বিচরণ রয়েছে। সোনালি হনুমানও এ অঞ্চলের অন্যতম পরিচিত বন্যপ্রাণী। তবে বৈদ্যুতিক তারসহ মানুষের তৈরি বিভিন্ন অবকাঠামো এসব প্রাণীর জন্য ঝুঁকি তৈরি করছে।

দেশের ‘চায়ের রাজধানী’ ও পর্যটননগরী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের চা-বাগানগুলোতে সোনালি হনুমানসহ বিভিন্ন বন্যপ্রাণীর বিচরণ রয়েছে। আমরইলছড়া চা-বাগানে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনালি হনুমানটির মৃত্যুর ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণে বৈদ্যুতিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আবারও সামনে এসেছে।


সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত :  ০৮:৩৮, ২৩ নভেম্বর ২০২৬

সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানা ও টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অন্যদিকে অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও আমিরের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাতে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে জানা গেছে।

মাকে আঘাত করার ঘটনার জেরে আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশের এসআই গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেটের খবর এর আরও খবর