img

হবিগঞ্জে এবার আরেক পুলিশ সদস্যের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, প্রত্যাহার

প্রকাশিত :  ০৮:২৩, ০৭ অক্টোবর ২০২৬

 হবিগঞ্জে এবার আরেক পুলিশ সদস্যের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, প্রত্যাহার

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের বিরুদ্ধে এক ব্যক্তিকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে এএসআই অতনু বণিকের বিরুদ্ধে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, মামলা–সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন এএসআই অতনু বণিক। একপর্যায়ে ওই ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার দৃশ্য দেখা যায়। ভিডিওতে টাকা চাওয়া ও হস্তান্তরের পুরো ঘটনাটি ধারণ করা হয়েছে বলে দাবি করা হয়।

বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে মঙ্গলবার বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এর আগে সোমবার একই থানার এএসআই ইয়াসিন হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকেও থানা থেকে প্রত্যাহার করা হয়। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এএসআই অতনুর বিরুদ্ধে ভাইরাল হওয়া ভিডিওটি গত মার্চ মাসের। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত :  ০৮:৩৮, ২৩ নভেম্বর ২০২৬

সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানা ও টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অন্যদিকে অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও আমিরের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাতে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে জানা গেছে।

মাকে আঘাত করার ঘটনার জেরে আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশের এসআই গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেটের খবর এর আরও খবর