img

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

প্রকাশিত :  ১৪:৫৭, ০৭ অক্টোবর ২০২৬

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর গাড়িচালক ওবায়দুরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আপসনামা পর্যালোচনা করে আদালত বলেছেন, ‘এ ধরনের অনাপসযোগ্য মামলায় একটা আপসনামার ওপরে ভিত্তি করে জামিন দিলে সমাজে ন্যায়বিচার নিয়ে বিরূপ ধারণা সৃষ্টি হবে।’

পরে আদালত জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন।

মরিয়মের পরিবারের সঙ্গে আপস হয়েছে এবং বাদীপক্ষের জামিনে কোনো আপত্তি নেই—আসামিপক্ষের এমন দাবি তুলে ধরার পর আদালতে জামিনের আবেদন করা হয়। তবে উভয় পক্ষের বক্তব্য শুনে শেষ পর্যন্ত নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নজরুলের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মাহাবুবুর রহমান।

শুনানিতে তিনি বলেন, মামলার বাদী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর সঙ্গে আসামিদের সমঝোতা হয়েছে। বাদীপক্ষেরও জামিনে আপত্তি নেই।

তবে শুনানি শেষে আদালত নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন। ফলে তাকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই মামলায় নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। সেদিন আদালত মাকছুদাকে জামিন দিলেও নজরুলের আবেদন নামঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলার পরদিন নজরুলের চার দিনের এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নজরুলের আরও এক দফা রিমান্ড মঞ্জুর হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


জাতীয় এর আরও খবর

আলজাজিরার বিশ্লেষণ

img

কেন হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে গ্রামীণ ব্যাংক?

প্রকাশিত :  ১৪:৪৯, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৫২, ২৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানীতে গত সপ্তাহে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় তিন দশকের পুরোনো নথিপত্র। হামলাকারীদের দাবি, ঋণের কাগজপত্র ধ্বংস করা হলে গ্রাহকদের আর ঋণ পরিশোধ করতে হবে না। তবে এ ঘটনা বিচ্ছিন্ন নয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় প্রতিষ্ঠানটির নিরাপত্তা, গ্রাহকদের আমানত এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

গত ১৮ নভেম্বর দুপুরে কাশিয়ানী শাখায় হামলার ঘটনা ঘটে। শাখাটির ব্যবস্থাপক সোলাইমান মোল্লা জানান, প্রায় এক ডজন ব্যক্তি দা, পেট্রল ও তালা ভাঙার সরঞ্জাম নিয়ে সেখানে আসে। তখন ব্যাংকের কর্মীরা ঋণ আদায় ও অন্যান্য কাজে মাঠপর্যায়ে ছিলেন।

হামলাকারীরা প্রথমে শাখায় লুটপাট চালায়। পরে গ্রাইন্ডার দিয়ে ভল্ট ভাঙার চেষ্টা করে। তারা প্রায় ৪০ বস্তা ভাউচার ও অন্যান্য নথিপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। এছাড়া স্টিলের আলমারি, ফাইল রাখার ক্যাবিনেট, চেয়ার, টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে। এমনকি এক কর্মীর ভাত রান্নার কুকারও নিয়ে যায়।

সোলাইমান মোল্লা বলেন, ‘তারা বলেছিল, নথিপত্র পুড়িয়ে দিলে কাউকে আর ঋণ পরিশোধ করতে হবে না।’

হামলার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যবস্থাপকের দাবি, হামলাকারীদের মুখে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা গেছে। এগুলো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। এ সময় হামলাকারীরা প্রতিষ্ঠানটিকে ‘ইউনূসের আস্তানা’ আখ্যা দিয়ে সেটি পুড়িয়ে দেওয়ারও স্লোগান দেয়।

হামলার পর শাখাটির স্বাভাবিক কার্যক্রম এখনো পুরোপুরি শুরু করা যায়নি। কর্মীরা হুমকি পাচ্ছেন, আর গ্রাহকদের মধ্যে নিজেদের আমানত ও ঋণের নথিপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সোলাইমান মোল্লা বলেন, ‘একটি ব্যাংক আস্থার ওপর নির্ভর করে। এই ঘটনা গ্রাহকদের সেই আস্থায় প্রভাব ফেলছে। আমাদের কাছে যাদের আমানত রয়েছে, তারা আতঙ্কিত হয়ে পড়ছেন।’

দেশজুড়ে গ্রামীণ ব্যাংকে ৯৭টি হামলার অভিযোগ

গ্রামীণ ব্যাংকের ২৩ নভেম্বর তারিখের সর্বশেষ অভ্যন্তরীণ স্মারকে বলা হয়েছে, ১০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখা ও কার্যালয়ে মোট ৯৭টি হামলার ঘটনা ঘটেছে।

নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত ব্যাংকটি বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে চলে এসেছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন ইউনূস। পরে তিনি সেই দায়িত্ব ছাড়েন।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে ইউনূস গ্রামীণ ব্যাংকের ওপর ‘পরিকল্পিত হামলার’ ঘটনায় গভীর বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতা সদস্যরা অল্পের জন্য প্রাণঘাতী আঘাত থেকে রক্ষা পেয়েছেন।

বাংলাদেশের অন্যতম পরিচিত আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণ কার্যক্রমের পথিকৃৎ। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ঋণ পাওয়ার সুযোগ সীমিত এমন দরিদ্র জনগোষ্ঠীকে ছোট অঙ্কের ঋণ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

ব্যাংকটির প্রায় ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের হাতে। বাকি ১০ শতাংশ সরকারের। ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামেদের দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাংকটির সদস্যসংখ্যা প্রায় ১ কোটি ৬ লাখ। তাদের অধিকাংশই গ্রামীণ নারী। প্রায় ৫৫ লাখ ঋণগ্রহীতার কাছে ব্যাংকটির বকেয়া ঋণের পরিমাণ ১৯ হাজার কোটি টাকার বেশি। সদস্যদের আমানত রয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা।

হামেদ বলেন, ‘আমাদের সেবার আওতায় এমন অনেক মানুষ রয়েছেন, যাদের ঋণ দিতে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আগ্রহী নয়। আমরা তাদের পাশে দাঁড়িয়ে ঋণ পাওয়ার সুযোগ করে দিই।’

প্রতিষ্ঠানটির প্রায় ২১ হাজার কর্মীর ওপরও হামলার প্রভাব পড়েছে। হামেদের মতে, কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং তারা মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আওয়ামী লীগ কেন গ্রামীণ ব্যাংককে লক্ষ্যবস্তু করছে?

হামলার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে দায়ী করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ আলজাজিরাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

হাসিনার সমর্থকদের নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু হওয়ার মধ্যে এসব হামলার ঘটনা ঘটছে। তার নিজ জেলা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় এ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার সমর্থকরা থানায় ও স্থানীয় সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিয়েছেন। ফরিদপুর ও নড়াইলে বিএনপির তিন সদস্যকে হত্যার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনূসের প্রতি ক্ষোভ প্রকাশের একটি প্রতীকী লক্ষ্য হয়ে উঠেছে গ্রামীণ ব্যাংক। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগকে নির্বাচনি রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। ২০২৪ সালের আন্দোলন দমনে বিক্ষোভকারীদের ওপর হত্যাযজ্ঞের ঘটনায় একটি ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে। তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটালেও সম্প্রতি তিনি বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও উন্নয়ন গবেষণা উদ্যোগের গবেষক মোবাশ্বের হাসান বলেন, হামলার সময়টি তাৎপর্যপূর্ণ। তার মতে, আওয়ামী লীগ সমর্থকরা একদিকে হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে তৎপরতা চালাচ্ছেন, অন্যদিকে ইউনূসের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট প্রতীকী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংককে আঘাত করার সুযোগ পাচ্ছেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কট্টরপন্থিদের কাছে ইউনূস তাদের পতনের প্রতীক। তাই তার ব্যাংকে আগুন দেওয়া তার ওপর পাল্টা আঘাত করার একটি উপায়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহানও হামলাগুলোকে বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করেন। তার মতে, ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সামনে ভুল স্বীকার করে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করা অথবা শক্তি প্রয়োগ করে রাজনীতিতে ফেরার দুটি পথ ছিল। দলটি দ্বিতীয় পথ বেছে নিয়েছে।

শাহান বলেন, গ্রামীণ ব্যাংকে হামলার মধ্য দিয়ে মূলত প্রতিশোধের রাজনীতির বার্তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারকে কঠোর দমন-পীড়নের দিকে ঠেলে দিয়ে নিজেদের রাজনৈতিকভাবে নিপীড়িত হিসেবে তুলে ধরার চেষ্টাও থাকতে পারে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র গ্রাহকরা

গ্রামীণ ব্যাংকের মালিকানার কাঠামোর কারণে এসব হামলার প্রভাব সরাসরি পড়ছে দরিদ্র ঋণগ্রহীতা ও আমানতকারীদের ওপর। ব্যাংকটির অধিকাংশ মালিকই এমন নারী, যারা ঋণ, সঞ্চয় ও অন্যান্য আর্থিক সেবার জন্য প্রতিষ্ঠানটির ওপর নির্ভরশীল।

মোবাশ্বের হাসানের মতে, কোনো শাখা পুড়ে গেলে শুধু ভবন বা আসবাবপত্র নষ্ট হয় না; পুড়ে যায় দরিদ্র গ্রাহকদের ঋণের নথি, সঞ্চয়ের হিসাব এবং কিস্তি পরিশোধের সময়সূচিও। এতে ঋণগ্রহীতারা অনানুষ্ঠানিক ঋণদাতাদের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। তাদের নিয়মিত কিস্তি পরিশোধও কঠিন হয়ে উঠতে পারে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হামেদ জানিয়েছেন, হামলার কারণে যেসব শাখা কার্যক্রম চালাতে পারছে না, সেসব শাখার বকেয়া ঋণের ওপর সুদ হিসাব করা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্মী ও সম্পদের নিরাপত্তায় কিছু শাখায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার কয়েকটি শাখা থেকে কর্মীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

হামলা ঠেকাতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

ধারাবাহিক হামলার ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ মনে করেন, সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে, এমন দাবি সঠিক নয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় আটটি মামলা হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। জনবলের সংকটের কারণে পুলিশের কার্যক্রমে সীমাবদ্ধতা রয়েছে বলেও জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক হামেদ বলেন, ব্যাংক কর্তৃপক্ষ সহায়তা চাইলে পুলিশ সাড়া দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সম্ভাব্য হামলার বিষয়ে আগাম সতর্কতাও দেওয়া হয়েছে। তবে অধিকাংশ সময় নিজেদের সতর্ক থেকে নিজেদেরই নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে।

হামেদের মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে গ্রামীণ ব্যাংকের প্রতিও গ্রাহকদের আস্থা ও বিশ্বাস স্বাভাবিকভাবেই ফিরে আসবে।

সূত্র : আলজাজিরা

জাতীয় এর আরও খবর