img

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

প্রকাশিত :  ০৬:৫৫, ২৪ অক্টোবর ২০২৬

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরবেলায় মগবাজারে শিল্পীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

কী কারণে বা কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এই হামলার পেছনে তাঁর ব্যক্তিগত, পেশাগত বা অন্য কোনো ধরনের পূর্বশত্রুতা রয়েছে কি না, সে বিষয়েও এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। নেপথ্য কারণ উদঘাটনসহ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, দেশের সংগীতাঙ্গনের শীর্ষস্থানীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ক্রীড়াঙ্গনেও সমানভাবে পরিচিত। তিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


img

দেবীবরণে অংশ নিয়ে বিতর্কে নুসরাত জাহান, দিলেন কড়া জবাব

প্রকাশিত :  ১১:২২, ২৪ অক্টোবর ২০২৬

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান বিজয়া দশমীতে দেবীবরণে অংশ নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন । লালপাড় সাদা শাড়িতে মণ্ডপে তার এই আচার পালনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা।

বিজয়া দশমীর দিনে এক পূজামণ্ডপে লালপাড় সাদা শাড়িতে সেজে দেবীবরণ সম্পন্ন করেন নুসরাত। তার সেই বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন অভিনেতা যশ দাশগুপ্ত। পরে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

পোস্টটি সামনে আসার পর থেকেই নেটিজেনদের একাংশ তাকে কটাক্ষ করতে শুরু করে। তাদের বক্তব্য, অন্য ধর্মের মানুষ হয়ে কেন তিনি হিন্দু ধর্মের রীতিনীতি পালন করছেন? নুসরাতের ধর্মীয় নিষ্ঠা নিয়েও নানা প্রশ্ন তোলেন সমালোচকরা। এর আগেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

তবে এই সমালোচনার মুখে চুপ থাকেননি অভিনেত্রী। নিজের ব্যক্তিগত বিশ্বাস ও পছন্দের কথা স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি। নুসরাতের মতে, উৎসবের আনন্দ কোনো একটি নির্দিষ্ট পরিচয়ের মধ্যে আটকে রাখা যায় না। নিজের পছন্দমতো ধর্মীয় রীতিনীতি নিষ্ঠার সঙ্গে পালনের অধিকার সবারই রয়েছে এবং অন্যের মন্তব্যের কারণে নিজের বিশ্বাস বদলে ফেলতে তিনি রাজি নন।

দেবীবরণ কেন্দ্র করে তৈরি হওয়া এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় পরিচয়, ব্যক্তিগত বিশ্বাস এবং উৎসব পালনের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: দ্য ওয়াল